৯ গোলের ম্যাচে শেখ জামালের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মানুষ প্রাণভরেই উপভোগ করল ম্যাচটি। এমনিতেই শেখ জামাল ধানমন্ডি ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটির গায়ে বড় ম্যাচের তকমাটা ছিলই, গোল-উৎসব ম্যাচটিকে করে তুলল আরও আকর্ষণীয়। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচের নিষ্পত্তি ৫-৪ গোলে। ব্রাদার্সের দুর্ভাগ্য, প্রতিদ্বন্দ্বিতা গড়েও শেখ জামালকে জয়-বঞ্চিত করতে পারেনি তারা।

ম্যাচের ২৮ মিনিটে ওয়েডসনের গোলে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল শেখ জামাল। পরের মিনিটেই ল্যান্ডিং স্কোর লাইন ২-০ করে ফেলেন। দুই গোলে পিছিয়ে পড়া ব্রাদার্সকে খেলায় ফেরান মান্নাফ রাব্বি। ৩১ মিনিটে রাব্বি ব্যবধান কমালেও জামালকে ৩-১ গোলে এগিয়ে দেন এমেকা ডার্লিংটন। প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে প্রাপ্ত পেনাল্টি কাজে লাগিয়ে ব্যবধান ৩-২ করেন ব্রাদার্সের আগাস্টিন ওয়েলসন।

দ্বিতীয়ার্ধে ব্রাদার্স পেয়েছে আরও দুটি পেনাল্টি। দুটি পেনাল্টি কাজে লাগাতে পারলে অবশ্য শেখ জামালের পয়েন্ট কেড়েই মাঠ ছাড়তে পারত ব্রাদার্স। তবে দুর্ভাগ্য কিংসলে ৭৮ মিনিটে প্রাপ্ত পেনাল্টি কাজে লাগালেও পারেননি ওয়ালসন।

ম্যাচের ৬২ মিনিটে দারুণ গোলে ম্যাচে সমতা ফেরান কিংসলে। ৭১ মিনিটে শেখ জামালকে ৪-৩ গোলে এগিয়ে দেন সারোয়ার জামান নিপু। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের এই প্রতিভাবান ফুটবলার আজই প্রথম খেলতে নেমেছিলেন শেখ জামালের জার্সি গায়ে। মাঠে নেমেই গোল পেলেন। গত বছর এই সিলেট জেলা স্টেডিয়ামেই সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ঝড় তুলেছিলেন নিপু। বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে রেখেছিলেন দারুণ ভূমিকা।

শেখ জামালের পক্ষে পঞ্চম গোলটি করেন ওয়েডসন, ম্যাচের ৭২ মিনিটে। ছয় মিনিট পরেই পেনাল্টি পেয়ে ব্যবধান ৫-৪ করেন কিংসলে।


খেলার যোগ করা সময়ে পেনাল্টি পেয়েছিল ব্রাদার্স। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি আগাস্টিন। গোলটি করলে অন্তত ১ পয়েন্ট ঘরে তুলতে পারত গোপীবাগের ঐতিহ্যবাহী ক্লাবটি।