৯ নম্বরের অভিশাপে পুড়বেন না তো হিগুয়েইন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেলসির নতুন নয় নম্বর জার্সি এখন হিগুয়েইনের। ছবি: এএফপি
চেলসির নতুন নয় নম্বর জার্সি এখন হিগুয়েইনের। ছবি: এএফপি

একটি দলের নয় নম্বর বলতে বোঝায় দলের ‘টার্গেট ম্যান’ বা আক্রমণের মূল লক্ষ্য। যাকে ঘিরে দলের সকল আক্রমণ তৈরি হবে। প্রতিপক্ষকে ধ্বংস করে দেওয়ার জন্য একজন ‘নম্বর নাইন’ই যথেষ্ট। এই নয় নম্বর জার্সিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন রোনালদো নাজারিও ডি লিমা। এ জার্সিতে কী করা যায়, কিংবা কী করা উচিত তার অনন্য উদাহরণ ‘ফেনোমেনন’। নয় নম্বর জার্সি দেওয়াই হওয়া বেছে বেছে সেরা স্ট্রাইকারকে। অথচ এই নয় নম্বর জার্সি দিন দিন অপয়া হয়ে উঠছে কোনো দলে, যেমন ধরুন চেলসি।

ইংলিশ প্রিমিয়ার লিগে রাতারাতি সাফল্য পাওয়া দলের তালিকায় ওপরের দিকেই থাকবে চেলসির নাম। চেলসির জার্সিতে অনেক খেলোয়াড়ই ইতিহাসের পাতায় স্থান পেয়েছেন, তাঁদের জার্সিতেই দিদিয়ের দ্রগবা হয়ে আছেন কিংবদন্তি এক ফরোয়ার্ড। কিন্তু নয় নম্বর জার্সির সফলতা তাঁদের কাছে আসেনি। বরং ‘অল ব্লুজ’দের কাছে নয় নম্বর জার্সিকে ধরা হয় একরকম অপয়া হিসেবে। চেলসির নতুন মালিক রোমান আব্রামোভিচ দল কিনে নেওয়ার পর থেকে কম স্ট্রাইকার আসেননি চেলসিতে। কিন্তু তাদের গায়ে যখনই নয় নম্বর জার্সি চড়েছে, তখনই কিছু একটা ভর করেছে! সাফল্য যেন অরণ্যে রোদন।

চেলসির নয় নম্বর জার্সিতে সর্বশেষ সংযোজন গঞ্জালো হিগুয়েইন। আর্জেন্টাইন এই স্ট্রাইকারের শুরুটা অবশ্য হলো দুর্দান্ত। কাল হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে চেলসির ৫-০ গোলের জয়ে জোড়া গোল করেন হিগুয়েইন। ইংলিশ প্রিমিয়ার লিগে হিগুয়েইন কাল শুধু গোলের খাতাই খোলেননি বরং মনে করিয়ে দিয়েছেন ১৯ বছর আগের এক স্মৃতিকেও। ২০০০ সালে মারিও স্টানিচের পর চেলসির প্রথম খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে লিগের প্রথম ম্যাচেই জোড়া গোল করলেন হিগুয়েইন। এখন প্রশ্ন হলো, হিগুয়েইন পারবেন তো চেলসির নয় নম্বর জার্সির ‘অপয়া’ অপবাদ ঘুচিয়ে দিতে?

চেলসির এই অপয়া জার্সির সূচনা হয় রাশিয়ান বিলিয়নিয়ার রোমান আব্রামোভিচ চেলসি কিনে নেওয়ার পর থেকে। আগের প্রেসিডেন্ট কেইন বেটস লিডস ইউনাইটেড কেনার পর বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করেন। সেই সুযোগে দল কিনে নেন রাশিয়ান ব্যবসায়ী আব্রামোভিচ। তাঁর আগমনের পূর্বে অবশ্য চেলসিতে খেলা নয় নম্বরদের তেমন ভুগতে দেখা যায়নি। বরং ভালো অবস্থাই ছিল। ২০০৩ সালের জুন মাসের পর থেকে এ পর্যন্ত নয় নম্বর জার্সি পরা সকল তারকাকেই ভুগতে হয়েছে। এমনকি বাদ যাননি হার্নান ক্রেসপো, ফার্নান্দো তোরেস, রাদামেল ফ্যালকাওয়ের মতো বড় বড় নামও।

মাতেয়া কেজম্যান:
আব্রামোভিচ নিজের দ্বিতীয় মৌসুমেই কোচ হিসেবে আনেন হোসে মরিনহোকে। আগের মৌসুমে পোর্তোকে নিয়ে যিনি জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। সে মৌসুমেই দল ছেড়ে যান পুরোনো নম্বর নাইন জিমি হ্যাসেলব্যাঙ্ক। যে কারণে একসঙ্গে দুজন স্ট্রাইকার কিনে আনেন মরিনহো। একজন মাতেজা কেজম্যান অন্যজন দিদিয়ের দ্রগবা। কেজম্যানকে দেওয়া হয় ৯ নম্বর জার্সি। এক মৌসুম ‘অল ব্লুজ’দের হয়ে খেলা কেজম্যান ৪১ ম্যাচে করেন মাত্র ৭ গোল। পিএসভি থেকে আসা কেজম্যান এক মৌসুম শেষেই পাড়ি জমান অ্যাটলেটিকো মাদ্রিদে।

চেলসির হয়ে শিরোপা জিতলেও খেলায় সেই ধার ছিল না ক্রেসপোর। ছবি: টুইটার
চেলসির হয়ে শিরোপা জিতলেও খেলায় সেই ধার ছিল না ক্রেসপোর। ছবি: টুইটার

হার্নান ক্রেসপো:
আর্জেন্টাইন তারকা চেলসিতে থেকে ধারে ছিলেন এসি মিলানে। এর আগে যে মৌসুমে চেলসির জার্সি গায়ে চাপিয়েছিলেন, সেই মৌসুমে জার্সি নম্বর ছিল ২১। কিন্তু ধার থেকে ফিরে গায়ে চাপান ৯ নম্বর জার্সি। প্রথম মৌসুমে যেখানে করেছিলেন করেছিলেন ৩১ ম্যাচে ১৩ গোল, সেখানে নয় নম্বর জার্সি পড়ে খেলা মৌসুমে করেন ৪২ ম্যাচে ১৩ গোল। যদিও দ্রগবা-ক্রেসপো জুটি সাফল্য এনে দেয় চেলসিকে। ৫০ বছর পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা উঁচিয়ে ধরতে পারে ‘দ্যা প্যান্সিওনার্স’রা। এক মৌসুম খেলে তিনিও চেলসি ছাড়েন।

খালিদ বোউলারোজ:
এই খেলোয়াড়কে অবশ্য অন্যদের থেকে আলাদা করে রাখা যায়। কারণ অন্য সবার মতো তার কাজ গোল করা না। তার কাজ ছিল গোল রক্ষা করা। ২০০৬-০৭ মৌসুমে এক রক্ষণভাগের খেলোয়াড়ের গায়ে ৯ নম্বর জার্সি চাপিয়ে দেয় চেলসি। এক মৌসুমে ২০ ম্যাচে একবারও জালের দেখা পাননি।

স্টিভ সিডওয়েল:
রিডিং থেকে বিনে পয়সায় দলে আসা সিডওয়েলও ছিলেন না কোনো জাত স্ট্রাইকার। সেন্ট্রাল মিডফিল্ডারের কাঁধে জার্সি চাপিয়ে দিয়ে সফলতা আসেনি তাঁদের। ২৫ ম্যাচে একবার মাত্র গোলের দেখা পেয়েছেন সিডওয়েল। এক মৌসুম খেলে দল থেকে বিদায় নেন তিনিও।

ফ্রাঙ্কো ডি সান্তো:
আর্জেন্টাইন এই খেলোয়াড়েরও দলে জায়গা হয়েছিল মাত্র এক মৌসুম। ৯ নম্বর জার্সি এর থেকে ওর গায়ে তুলে দেওয়ার প্রতিযোগিতায় এক মৌসুমের জন্য সুযোগ পান এই আর্জেন্টাইন। ধারে ব্ল্যাকবার্ন রোভার্স থেকে ঘুরে আসা নিজেদের খেলোয়াড়ের ওপরেই ভরসা রাখতে চায় চেলসি। কিন্তু ১৬ ম্যাচ খেলে কোনো গোলের দেখা না পেয়েই চেলসি ছাড়েন সান্তো।

চেলসির জার্সিতে বাঁধাই করে রাখার মতো একটা ছবিই আছে তোরেসের। ছবি: সংগৃহীত
চেলসির জার্সিতে বাঁধাই করে রাখার মতো একটা ছবিই আছে তোরেসের। ছবি: সংগৃহীত

ফার্নান্দো তোরেস:
হার্নান ক্রেসপো চলে যাওয়ার ৫ মৌসুম পর শেষ পর্যন্ত কোনো ভালো স্ট্রাইকারের দেখা পেল চেলসি। তাও আবার লিভারপুলের ডেরা থেকে তাদের সেরা স্ট্রাইকারকে। যদিও ২০০৭ সালেই তাঁকে দলে আনতে চেয়েছিলেন রোমান আব্রামোভিচ। তখন তা সম্ভব হয়নি, বরং চোখের সামনে দিয়ে লিভারপুল দলে ভেড়ায় তোরেসকে। ২০১০-১১ মৌসুমের জানুয়ারিতে সকল রেকর্ড ভেঙে দলে টানে চেলসি। তোরেসের আগে কখনোই কোনো খেলোয়াড়ের জন্য ৫০ মিলিয়ন ইউরো খরচ করেনি ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো দল। তোরেসকে এনে শেষ পর্যন্ত ৯ নম্বর জার্সির অপয়া কাটানোর শেষ চেষ্টা ছিল চেলসির। কিন্তু তিনিই হয়ে উঠলেন অপয়া ৯ নম্বর জার্সি সবচেয়ে বড় উদাহরণ!

যে সোনালি চুলের তোরেস লিভারপুলের লাল জার্সিতে রাজ করে বেড়াতেন, সেই তোরেস চেলসির নীল জার্সিতে যেন বিষে নীল হয়ে গেলেন। প্রথম মৌসুমে ১৮ ম্যাচে মাত্র ১ গোল। পরের মৌসুমেও একই অবস্থা। গোলের হাহাকার ছিল বটে, কিন্তু শিরোপায় ভরিয়ে তুলেছিলেন ব্লুজদের। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে ভিক্টর ভালদেসকে কাটিয়ে যে গোল করেছিলেন তা এখনো চোখে লেগে আছে সকলের। আফসোস হলেও সত্যি হলো চেলসির জার্সিতে বাঁধিয়ে রাখার মতো একটিমাত্র দৃশ্যই আছে তাঁর। চেলসির জার্সিতে চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, ইউরোপা লিগ শিরোপা জিতেছেন বৈকি, শুধুমাত্র নিজেকে হারিয়ে খুঁজছিলেন পুরোটা সময়। লিভারপুলে ১৪২ ম্যাচে ৮১ গোল করা তোরেস, চেলসির জার্সিতে করেছেন ১৭২ ম্যাচে মাত্র ৪৫ গোল। নিজের চুলের রঙের মতো ক্যারিয়ারের স্বর্ণালি সময়টা ঢেকে গিয়েছে কালো অন্ধকারে। শেষ পর্যন্ত ২০১৪ সালে চেলসি ছাড়েন তোরেস, এক বছর ধারে থাকার পর পাকাপাকিভাবে এসি মিলানের কাছে বিক্রি করে দেয় চেলসি।

রাদামেল ফ্যালকাও:
তোরেসকে বিক্রি করে রাদামেল ফ্যালকাওকে দলে ভেড়ানো হয়েছে মোনাকো থেকে ধারে। ‘এল তাইগ্রে’ খ্যাত তারকাকে এক মৌসুমের জন্য ধারে নিয়ে আসেন মরিনহো। কিন্তু চোটের কারণে বেশির ভাগ সময় বাইরেই থাকতে হয়েছে তাঁকে। চোটের কারণে নিজের ক্যারিয়ার দীর্ঘায়িতও করতে পারেননি তিনিও। ১২ ম্যাচে ১ গোল করেই শেষ হয় চেলসি ক্যারিয়ার। অথচ সেখান থেকে মোনাকোতে ফেরত গিয়েই নিজেকে নতুন করে খুঁজে পান ফ্যালকাও।

রিয়াল ছেড়ে চেলসিতে এসে কিছুই করতে পারেননি মোরাতা। ছবি: টুইটার
রিয়াল ছেড়ে চেলসিতে এসে কিছুই করতে পারেননি মোরাতা। ছবি: টুইটার

আলভারো মোরাতা:
এক মৌসুম জার্সি খালি রাখার পর আলভারো মোরাতাকে গায়ে দেওয়া হয় এই জার্সি। রিয়াল মাদ্রিদে পর্যাপ্ত সময় না পাওয়ার অজুহাত দিয়ে চেলসিতে পাড়ি জমান মোরাতা। নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে মোরাতাকে দলে ভেড়ায় চেলসি। ৭০ মিলিয়ন ইউরো দিয়ে ভেড়ানো তারকার শুরুটা হয়েছিল দুর্দান্ত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পড়তে শুরু করেন মোরাতা। মৌসুমে ৪৮ ম্যাচে করেন ১৫ গোল। কিন্তু পরের মৌসুমে ৯ নম্বর জার্সি ছেড়ে দিয়ে ২৪ ম্যাচেই করেছেন ৯ গোল। অ্যাটলেটিকো মাদ্রিদে পাড়ি না জমালে হয়তো গোল সংখ্যা বাড়তে পারত।

ব্যাপারটা অনেকটা এ রকম, পুরো বিশ্ব জয় করা আসা স্ট্রাইকারকেও যদি চেলসির নয় নম্বর জার্সি জড়াতে দেওয়া হয়, তবে সে নিজের ছায়ায় বন্দী হয়ে পড়বে। মোরাতা-তোরেসরাই তাঁর জ্বলন্ত উদাহরণ। আবার ৯ নম্বর জার্সি বাদে অন্য জার্সি গায়ে দিলেই আবার সব ঠিকঠাক। হার্নান ক্রেসপো ২১ নম্বর জার্সি গায়ে দিয়ে কাটিয়েছেন ভালো মৌসুম, মোরাতাও ৯ ছেড়ে ২৯ নিয়ে ফিরেছিলেন চিরচেনা ফর্মে। এমনকি ৯ নম্বর জার্সি বাদে অন্য জার্সিধারী স্ট্রাইকাররা ঠিকই নিজেদের মেলে ধরতে পারছেন ব্লুজদের হয়ে। দিদিয়ের দ্রগবা যার প্রমাণ। ১১ নম্বর জার্সি পড়ে পুরো বিশ্ব শাসন করেছেন চেলসির নীল জার্সি গায়ে দিয়ে। ডিয়েগো কস্তা চেলসির জার্সিতে ১২০ ম্যাচে করেছেন ৫৯ গোল, নিকোলাস আনেলকা করেছেন ১৮৪ ম্যাচে ৬০ গোল। আন্দ্রেই শেভচেঙ্কোর ৭৬ ম্যাচে ২৩ আর সামুয়েল ইতোর ৩৫ ম্যাচে ১২ গোলের পরিসংখ্যানই বুঝিয়ে দেয় চেলসিতে কতটা ভয়ংকর ছিলেন তারা।

রোমান আব্রামোভিচ মালিক হওয়ার পর থেকে চেলসির নম্বর নাইনদের অবস্থা অনেকটা খাঁচায় বন্দী পাখির মতো। মনে উড়ার প্রবল ইচ্ছে, উড়ার সামর্থ্যও আছে বটে, কিন্তু উড়তে পাছে না। নতুন নম্বর নাইন হিসেবে হিগুয়েইন পারবেন ফর্মের ডানায় উড়াল দিতে? এমনিতে সহজ সুযোগ হাতছাড়া করার বেশ ভালোই উদাহরণ আছে তার। চেলসির নম্বর নাইন হিসেবে কী করতে পারেন তা সময়ই বলতে পারে। আপাতত গোলের খাতা তো খুললেন সৌরভ ছড়িয়েই।