৯ হ্যাটট্রিক, ৪৫ দেশ, ১৪ পেনাল্টি—রোনালদোর অনন্য ১১১

রেকর্ডের রাতে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন রোনালদোছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ড গড়তে দরকার ছিল এক গোল, সেটি ৮৯ মিনিটে দারুণ হেডে পেয়ে গেছেন। কিন্তু সে গোলে রেকর্ড হলেও দল তো জেতেনি, সমতায় ফিরেছে মাত্র। ক্রিস্টিয়ানো রোনালদোর তা সইবে কেন! রেকর্ড গড়ার রাতে দলকে না জিতিয়ে মাঠ ছাড়লে যে রাতটা পূর্ণতা পায় না।

যোগ করা সময়ের ছয় মিনিটে আবারও হেড রোনালদোর, আরেক গোল। ২০২২ কাতার বিশ্বকাপের ইউরো অঞ্চলের বাছাইপর্বে নিজেদের মাটিতে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারাল পর্তুগাল। রেকর্ড গড়ার পাশাপাশি আরও অনেকবারের মতো এবারও দলের জয়ের নায়ক রোনালদো।

কিন্তু দেশের প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠার এমন কীর্তি রোনালদোর ভূরি ভূরি থাকলেও রেকর্ডটা তো অনন্য। স্বাভাবিকভাবেই ম্যাচের সব শিরোনামে থাকছে রেকর্ডটাই—ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে এখন রোনালদোই অবিসংবাদিত রাজা!

ইরানের আলী দাইয়ির ১০৯ গোলের রেকর্ড ছুঁয়েছিলেন ইউরোতেই, কাল আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৫ মিনিটে পিছিয়ে পড়া পর্তুগালকে ৮৯ মিনিটে সমতায় ফিরিয়েই রেকর্ড গড়া হয়ে যায় রোনালদোর। ৯৬ মিনিটের গোলটি নিয়ে পর্তুগালের জার্সিতে এখন রোনালদোর গোলসংখ্যা ১১১। অবশ্য ১৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ না হলে তখনই রেকর্ডটা হয়ে যেত রোনালদোর!

দলকে জেতানো দ্বিতীয় গোলের উদ্‌যাপনে জার্সিই খুলে ফেললেন রোনালদো
ছবিঃ রয়টার্স

অবিশ্বাস্য, অনন্য, চোখধাঁধানো রেকর্ডটার পেছনেও তো আরও কিছু সংখ্যা আছে। রোনালদোর রাত শেষে সেসব সংখ্যা তুলে এনেছে ফুটবলবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন। উয়েফার ওয়েবসাইটেও পাওয়া গেল রেকর্ডের পেছনের আরও কিছু দারুণ সংখ্যার গল্প।

১৮০
১১১ গোল করতে পর্তুগালের জার্সিতে রোনালদোকে খেলতে হয়েছে ১৮০ ম্যাচ। আগের রেকর্ডধারী দাইয়ি ১০৯ গোল করতে ইরানের জার্সিতে খেলেছেন ১৪৯ ম্যাচ।

১৪
১১১ গোলের মধ্যে ১৪টি রোনালদো করেছেন পেনাল্টি থেকে। এত লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারে পেনাল্টি থেকে গোল করতে রোনালদো ব্যর্থ হয়েছেন সাতবার (এর একটি গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষেই)!

০.৪৪ বনাম ০.৯৫
এই রেকর্ড বলবে, কীভাবে বয়সের সঙ্গে সঙ্গে প্রতিপক্ষ গোলপোস্টের সামনে আরও ক্ষুরধার হয়েছেন রোনালদো। বয়স ৩০ হওয়ার আগে পর্তুগালের জার্সিতে ম্যাচপ্রতি গড়ে রোনালদোর গোল ছিল ০.৪৪টি (১১৮ ম্যাচে ৫২টি)। আর ৩০ পেরোনোর পর? ৬২ ম্যাচে ৫৯টি, ম্যাচপ্রতি গড়ে ০.৯৫টি।

অবশ্য এর ফুটবলীয় ব্যাখ্যাও আছে। রোনালদোর বয়স ৩০ হওয়ার আশপাশের সময়ে পর্তুগালে প্রতিভাবান খেলোয়াড়দের বান ডেকেছে। বের্নার্দো সিলভা, গনসালো গেদেস, দিয়োগো জোতা, রুবেন নেভেস, রেনাতো সানচেস, উইলিয়াম কারভালিও, জোয়াও কানসেলো, রাফায়েল গেরেইরোর মতো প্রতিভাবান তরুণেরা একে একে রোনালদোর সতীর্থ হয়েছেন। রোনালদোও বাঁ পাশের উইং ছেড়ে সে সময়ে মূলত স্ট্রাইকার হিসেবে খেলতে শুরু করেন। কিন্তু স্ট্রাইকার হিসেবে তো অনেকেই খেলেন, সবাই তো আর রোনালদো নন!

এখনো খেলছেন এমন খেলোয়াড়দের  মধ্যে সবচেয়ে বেশি গোল

৩৩
গতকালের দুই গোল নিয়ে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে রোনালদোর গোল হলো ৩৩টি (৪২ ম্যাচে), যা ইউরোপে সর্বোচ্চ। সব মহাদেশ মিলিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে গোলের রেকর্ডে রোনালদো অবশ্য আছেন ৩ নম্বরে, তাঁর ওপরে আছেন গুয়াতেমালার কার্লোস রুইজ (৩৯ গোল) ও ইরানের আলী দাইয়ি (৩৫)। এই রেকর্ড ভাঙতেও যে রোনালদোর খুব একটা সময় লাগবে না, এ নিয়ে বাজি ধরার লোকের অভাব হবে না।

৩১
ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের রেকর্ডে তো বটেই, ইউরোর বাছাইপর্বেও গোলের রেকর্ডে সবার ওপরে রোনালদো। সেখানে ৩৫ ম্যাচে তাঁর গোল ৩১টি।

১৪
শুধু কি বাছাইপর্ব! ইউরোর মূল পর্বে রোনালদোর গোল ২৫ ম্যাচে ১৪টি, গত জুনে ইউরোতেই মিশেল প্লাতিনির ৯ গোলের রেকর্ড ভেঙে নতুন এই রেকর্ড গড়েছেন রোনালদো।

ম্যাচ শেষে সতীর্থদের আলিঙ্গনে বাঁধা রোনালদো
ছবি: রয়টার্স

৯
পর্তুগালের জার্সিতে রোনালদোর হ্যাটট্রিকের সংখ্যা, ইউরোপে আর কোনো খেলোয়াড়ের জাতীয় দলে এত হ্যাটট্রিক নেই। এই ৯ হ্যাটট্রিকের মধ্যে দুই ম্যাচে রোনালদো গোল করেছেন ৪টি করে!

২৭
৯টি হ্যাটট্রিকের বাইরে আরও ১৮ বার পর্তুগালের জার্সিতে ম্যাচে একাধিক গোল করেছেন রোনালদো। অর্থাৎ সব মিলিয়ে ২৭ বার ম্যাচে দুই বা তার বেশি গোল করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

১
পর্তুগালের জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে এই প্রথম ম্যাচের ৮৯ মিনিটের পর একাধিক গোল করেছেন রোনালদো। এর আগেও একবার ৮৯ মিনিটের পর পর্তুগালের হয়ে দুই বা তার বেশি গোল করেছিলেন রোনালদো, তবে সেটি ২০১৮ সালে মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে। সেবার দুই গোলই রোনালদো করেছিলেন যোগ করা সময়ে।

৯৬
আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল পর্তুগালকে জেতানো গোলটা রোনালদো করেছেন যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে (৯০+৬)। পর্তুগালের জার্সিতে কোনো ম্যাচে এর চেয়ে দেরিতে কখনো গোল করেননি রোনালদো।

কোচ ফার্নান্দো সান্তোসও আলিঙ্গণে জড়ালেন রোনালদোকে
ছবি: রয়টার্স

৪৫
আয়ারল্যান্ডকে নিয়ে পর্তুগালের জার্সিতে ৪৫টি ভিন্ন দেশের বিপক্ষে গোল করলেন রোনালদো। গতকালের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে গোল করতে পারেননি পর্তুগাল অধিনায়ক। তিন বা তার বেশি ম্যাচ খেলে এখনো গোল করতে পারেননি রোনালদো, এমন দেশ আছে শুধু তিনটি—আলবেনিয়া (৪ ম্যাচ), ব্রাজিল (৩) ও ইংল্যান্ড (৩)।

৪৪ বনাম ৬৭
পর্তুগালের জার্সিতে ম্যাচের প্রথমার্ধে রোনালদোর গোল ৪৪টি। প্রথমার্ধে সবচেয়ে বেশি গোল এসেছে ২১ থেকে ৩০ মিনিট সময়ের মধ্যে (১৪টি)। ম্যাচের দ্বিতীয়ার্ধে রোনালদোর গোল ৬৭টি। দ্বিতীয়ার্ধে সবচেয়ে বেশি গোল এসেছে ৭৬ থেকে ৮৫ মিনিটের মধ্যে (১৯টি)।

৩৩
ম্যাচের শেষ ১৫ মিনিট, অর্থাৎ ৭৫ মিনিট থেকে এর পরের সময়ে রোনালদো গোল করেছেন ৩৩টি!

৫৯-২৫-২৭
রোনালদোর ১১১ গোলের ৫৯টি করেছেন ডান পায়ে, ২৫টি বাঁ পায়ে, ২৭টি এসেছে হেডে। আর ম্যাচের পরিস্থিতি বিবেচনায় গেলে এই ১১১ গোলের ৮৭টি এসেছে দলের আক্রমণের শেষ আঁচড় হয়ে (ওপেন প্লে), ১০টি গোল এসেছে ফ্রি-কিকে, ১৪টি পেনাল্টিতে।

৮
সতীর্থদের মধ্যে রোনালদোর গোলে সবচেয়ে বেশি সহায়তা করেছে জোয়াও মুতিনিও (৮টি) ও রিকার্দো কারেসমা (৮টি)।

রোনালদোর ৫ বা তার বেশি গোলে সহায়তা