৯-০ গোলের হারে জীবনের সেরা মুহূর্ত উপহার পেলেন খেলোয়াড়
এ মৌসুমে আয়াক্স ভয়ংকর সুন্দর ফুটবল খেলছে। মৌসুমে এখন পর্যন্ত ২৮ ম্যাচ খেলেছে ডাচ দলটি। এর মধ্যেই ৯২ গোল করেছে আয়াক্স। খেয়েছে মাত্র ১৩ গোল। আয়াক্সের দাপট গতকাল টের পেয়েছে এক্সেলসিয়র মাসলুইস ক্লাব। ডাচ কাপে এক্সেলসিয়রকে ৯-০ গোলে উড়িয়েছে মূল একাদশের কাউকে না নামানো আয়াক্স।
৯ গোলে উড়ে যাওয়ার পর প্রতিপক্ষ দলের মন খারাপ হওয়ার কথা। কিন্তু সে ম্যাচের একটি মুহূর্তকেই আজীবন মনে রাখবেন এক্সেলসিয়রের ডেভিন প্লাঙ্ক। ২০ বছরের জীবনে এমন দিন যে এর আগে কখনো আসেনি তাঁর।
এ মৌসুমে আয়াক্স প্রথম বিভাগের ক্লাব কামবুরকেই লিগে ৯-০ গোলে হারিয়েছে। সাতবার প্রতিপক্ষকে লিগে ৫-০ গোলে হারিয়েছে। এর মধ্যে লিগের শীর্ষে থাকা পিএসভি আইন্দহোফেনও আছে! চ্যাম্পিয়নস লিগে এফসি পোর্তো আর বরুসিয়া ডর্টমুন্ডকেও ৪/৫ গোল দিয়েছে দলটি। ওদিকে এক্সেলসিয়র ডাচ ফুটবলের তৃতীয় স্তরের ক্লাব। দুর্দান্ত আয়াক্সের বিপক্ষে তাই গোলবন্যায় ভেসে যাওয়াটাই স্বাভাবিক।
মূলত দ্বিতীয় একাদশই নামিয়েছিল আয়াক্স। তাতেই ৮৩ মিনিটের মধ্যে ৯ গোল দিয়ে বসে আয়াক্স। কিন্তু ম্যাচের সেরা মুহূর্তটি ৮৯ মিনিটের। ২০২০ সালের অক্টোবরে সর্বশেষ মাঠে নেমেছিলেন ডেভিন প্লাঙ্ক। এরপর বেশ কিছুদিন অসুস্থতার কারণে মাঠে দেখা যায়নি এই স্ট্রাইকারকে। পায়ে ব্যথা অনুভব করায় হাসপাতালে গিয়েছিলেন, আর তখনই পেয়েছিলেন ভয়ংকর দুঃসংবাদ। তাঁর পায়ে টিউমার, যেটা ধীরে ধীরে ক্যানসারে রূপ নিচ্ছে। ১৯ বছর বয়সেই জীবনটা থেমে যাওয়ার দশা তাঁর।
এরপর দীর্ঘ কষ্টকর পথ পাড়ি দিয়েছেন। কেমোথেরাপি নিয়েছেন নিয়মিত। এখনো পুরোপুরি সেরে ওঠেননি। তবে তাঁর চিকিৎসকেরা অবশেষে তাঁকে মাঠে নামার অনুমতি দিয়েছেন। তবে সময়ও বেঁধে দিয়েছেন তাঁরা। বলে দিয়েছেন, পুনর্বাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত না করতে চাইলে দুই মিনিটের বেশি খেলা যাবে না। কাল তাই ৯ গোলে পিছিয়ে থাকা অবস্থায় ৮৯ মিনিটে প্লাঙ্ককে নামানোর সিদ্ধান্ত নেয় দলটি।
৮৯ মিনিটে প্লাঙ্ক মাঠের সাইডলাইনে দাঁড়ালেন। তাঁর মুখের হাসিই বলে দিচ্ছিল মুহূর্তটি কতটা উপভোগ করছেন। কিন্তু তখনো চমক বাকি ছিল। প্লাঙ্ককে দেখেই তাঁর দলের খেলোয়াড়েরা এগিয়ে আসতে লাগলেন। ধীরে ধীরে সবাই এক লাইনে দাঁড়ালেন। আয়াক্সের খেলোয়াড়েরাও বাদ যাননি। ধীরে ধীরে সবাই দাঁড়ালেন অন্য পাশে। অর্থাৎ প্লাঙ্কের জন্য ‘গার্ড অব অনার’ সৃষ্টি করেছেন ২২ খেলোয়াড়। সে সঙ্গে করতালি তো ছিলই।
সবার সামনে ছিলেন লুলু স্তাতিয়া। তাঁর বদলি হিসেবেই নেমেছেন প্লাঙ্ক। তাঁকে আলিঙ্গন করে মাঠে ঢুকলেন প্লাঙ্ক। একে একে দলের সবাইকে আলিঙ্গন করলেন। ম্যাচ শেষে প্লাঙ্ক বলেছেন, তাঁর জীবনের সেরা মুহূর্ত এটি। ইএসপিএনকে আরও বলেছেন, যত কম সময়ের জন্যই হোক না কেন, ‘মাঠে ফিরতে পেরে খুবই খুশি। এই মুহূর্ত কখনোই ভুলব না। আমাদের চারজন খেলোয়াড় বদল হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম, আজ আর নামা হবে না। সৌভাগ্যজনকভাবে কোচ আমার কথা ভুলে যাননি।’
তবে দুই মিনিটের জন্য নয়, পুরোপুরি সুস্থ হয়েই ফেরার ইচ্ছা তাঁর, ‘ফেরার জন্য প্রতিদিন কাজ করছি আমি। যত দ্রুত সম্ভব আরও বেশি মিনিট খেলার আশা করছি।’