৯০ মিনিটের জন্য ২০ হাজার কিলোমিটার!

একটি ম্যাচের জন্য কতটা কষ্ট করে কোনো দল? গতকাল লাস পালমাসের বিপক্ষে খেলতে রিয়ালকে বেশ বড় দূরত্ব পাড়ি দিতে হয়েছে। তিন ঘণ্টার দূরত্বে ক্যানারি দ্বীপপুঞ্জে খেলতে গিয়েছিল জিনেদিন জিদানের দল। দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে তাই সফরসঙ্গী করেননি জিদান। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের আগে বিশ্রাম পেয়েছেন রোনালদো। তবে বালতিকা দলের কোনো খেলোয়াড়ের সে সৌভাগ্য হয়নি।
রাশিয়ার দ্বিতীয় বিভাগে খেলে বালতিকা কালিনগ্রাদ। পোল্যান্ড ও লিথুনিয়ার পার্শ্ববর্তী অঞ্চলের ক্লাব এটি। ইউরোপীয় আবহে খেলতে অভ্যস্ত সে দল শনিবার এসেছিল প্রাচ্যের ছোঁয়া নিতে। লুচ ভ্লাদিভস্তক ক্লাবের বিপক্ষে ম্যাচ ছিল বালতিকার। চীন ও উত্তর কোরিয়ার প্রতিবেশী অঞ্চলের ক্লাব এই লুচ ভ্লাদিভস্তক। শুধু এই ম্যাচ খেলার ১০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে বালতিকাকে।
আকাশপথেই এ পথ যেতে ১২ ঘণ্টা সময় লাগে। আর যদি কোনো ভক্তের লং ড্রাইভে গিয়ে ম্যাচ দেখার ইচ্ছা জাগে, তবে তাকে ছয় দিন আগেই যাত্রা করতে হতো। সড়কপথে যে ১৩৪ ঘণ্টা লাগে ভ্লাদিভস্তকে যেতে। হ্যাঁ, শুধু যেতেই! ফিরতি পথে আরও ১০ হাজার কিলোমিটার যাওয়ার কথাটা না হয় ম্যাচ দেখে তারপর ভাবতেন সে ভক্ত।
এত বড় পথ পাড়ি দিয়ে কোনো দর্শক এসেও থাকেন, তাঁকে হতাশ হতে হয়েছে। পুরো এক মহাদেশ পার করে এসে মাঠে খুব একটা ভালো করেনি বালতিকা। প্রায় দর্শকশূন্য মাঠে গোল শূন্য ড্র মেনে মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে। হতাশার চূড়ান্ত রূপ!