৯৪ সেকেন্ডেই 'মন জয়' লাকাজেতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয় পেল আর্সেনাল। ছবি: এএফপি
জয় পেল আর্সেনাল। ছবি: এএফপি

ম্যাচ শেষে স্বস্তির চওড়া হাসি আর্সেন ওয়েঙ্গারের মুখে। দলবদলের ক্লাব রেকর্ড গড়ে দলে এনেছিলেন ফরাসি ফরোয়ার্ড আলেসান্দ্রে লাকাজেতকে। সাড়ে ৪৬ মিলিয়ন পাউন্ডে এই ফুটবলারকে দলে টেনে আর্সেনাল যে ভুল করেনি, সেটি প্রমাণ হতে লাগল মাত্র ৯৪ সেকেন্ড। প্রথম একাদশে খেলা অভিষিক্ত খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্রুততম গোলের রেকর্ড গড়ে দলকে এগিয়ে দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত লিগ শুরুর দিনে লেস্টার সিটির বিপক্ষে ৪-৩ গোলের শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে আর্সেনাল।

কেবল অভিষিক্ত হিসেবে দ্রুততম গোলের রেকর্ডটা অবশ্য ছোঁয়া হয়নি লাকাজেতের। সেটি আরেক ফরাসি ফুটবলার থিয়েভি বিফুমার। ২০০৭ সালে ওয়েস্ট ব্রমের বিফুমা মাঠে নামার ৩৬ সেকেন্ডের মাথায় গোল পেয়েছিলেন। তিনি মাঠে নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে দ্বিতীয়ার্ধে।

প্রিমিয়ার লিগের দ্রুততম গোলের রেকর্ডটা টটেনহামের লেডলি কিংয়ের দখলে। ২০০০ সালে ব্রাডফোর্ড সিটির বিপক্ষে তাঁর ৯.৭ সেকেন্ডের গোলটিকে ছাড়িয়ে যেতে পারেনি কেউই।

লাকাজেতের গোলেই এগিয়ে যায় ওয়েঙ্গারের দল। ছবি: এএফপি
লাকাজেতের গোলেই এগিয়ে যায় ওয়েঙ্গারের দল। ছবি: এএফপি

লাকাজেত নিজেকে আলাদা করেছেন একটি জায়গায়। অভিষিক্তদের মধ্যে দ্রুততম সময়ে গোল করা ১০ জন ফুটবলারের নয়জনই রেকর্ড গড়েছেন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে। লাকাজেত নেমেছিলেন প্রথম একাদশেই। তাও আবার বলে নিজের দ্বিতীয় শটে। প্রথমটি ছিল ‘কিক-অফ’।

এমিরেটস স্টেডিয়ামে লাকাজেতের গোলে আর্সেনাল এগিয়ে যাওয়ার পর মিনিট দুয়েক পরই সমতা ফেরান শিনজি ওকাজাকি। দুই মৌসুম আগের ‘লেস্টার-রূপকথা’র নায়ক জেমি ভার্ডি এগিয়ে দেন ‘ফক্স’দের। বিরতির কয়েক সেকেন্ড আগে আবারও সমতা, গোলটি ড্যানি ওয়েলবেকের।

দ্বিতীয়ার্ধে রিয়াদ মাহরেজের কর্নার থেকে লেস্টারকে আবারও এগিয়ে দেন ভার্ডি। ওয়েঙ্গার ভেলকি দেখিয়েছেন এরপর। জোড়া বদলি নামান অ্যারন রামজে ও অলিভিয়ের জিরুকে। রামজে সমতা ফেরান ৮৩ মিনিটে। আর ৮৫ মিনিটে এমিরেটস স্টেডিয়ামে নিজের ৫০তম গোল করে আর্সেনালকে নাটকীয় জয় এনে দেন জিরু। সর্বশেষ ৫ মৌসুমে এই প্রথমবার নিজেদের প্রথম ম্যাচে জয় পেল আর্সেনাল।