ইউনাইটেডের জন্য পিএসজির সতর্কবার্তা

দুর্দান্তভাবে মৌসুম শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। মাত্র কদিন আগেই বার্সেলোনাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল ‘রেড ডেভিল’রা। কিন্তু উড়তে থাকা ইউনাইটেডকে মাটিতে নামিয়ে আনল প্যারিস সেন্ট জার্মেইঁ। আজ বৃহস্পতিবার ভোরে শিকাগোতে লুই ফন গালের দলকে ২-০ গোলে হারিয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ ট্রফি জিতে নিল প্যারিস সেন্ট জার্মেইঁ (পিএসজি)।
রক্ষণ দুর্বলতা আজ বড় প্রকট হয়েই দেখা দিয়েছিল ইউনাইটেড-শিবিরে। ডাচম্যান ফন গাল কেন সার্জিও রামোসকে দলে টানতে মরিয়া সেটা হয়তো আজ বেশ ভালোই বোঝা গেছে। পিএসজির দুটি গোলই ছিল ইউনাইটেড রক্ষণের উপহার।
খেলার শুরুর আগেই দলবদলের বাজারের নতুন গুঞ্জন নিয়ে অস্বস্তিতে ছিল দুই দল। ওল্ড ট্রাফোর্ড থেকে অ্যাঙ্গেল ডি মারিয়ার সম্ভাব্য প্যারিস যাত্রা নিয়ে দলবদলের বাজার সরগরম হয়ে আছে গত কয়েক দিন। অবশ্য এই উত্তেজনা ম্যাচ শুরুর পর মিইয়ে গিয়েছে ধীরে ধীরে। পিএসজির প্রথম গোল আসে ২৫ মিনিটের মাথায়। ফিল জোনস এবং লুক শ’কে বোকা বানিয়ে ফ্রেঞ্চ স্ট্রাইকার ব্লেই মাতুইদি প্রথম গোল এনে দেয় ফরাসি চ্যাম্পিয়নদের। তার ৯ মিনিটের মাথায় সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ আরেকটি গোল করে ম্যাচ থেকে ছিটকে দেন ডেভিলদের। ম্যাচের প্রথম গোলটি ইউনাইটেড করলেও অফসাইডের অজুহাতে তা বাতিল হয়ে যায়।
ম্যাচের দ্বিতীয় ভাগেও খেলার ধারায় কোনো পরিবর্তন আসে নি। ইউনাইটেড রক্ষণের ফাঁক গলে আরও একবার গোলের কাছাকাছি চলে গিয়েছিল পিএসজি। কিন্তু সেই সুযোগটি হাতছাড়া হয়। ইউনাইটেডও বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করেছিল। কিন্তু সঙ্গীর অভাবে ওয়েইন রুনি সুযোগগুলোকে কাজে লাগাতে পারেননি। বিপক্ষের আক্রমণভাগে একা একা ঘুরে বেরিয়েই কাটান এই তারকা স্ট্রাইকার। আগামী ৮ তারিখ প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। আজকের খেলার ফল ইউনাইটেড ম্যানেজার ফন গালের জন্য কিন্তু সতর্কবার্তা হয়েই থাকছে। সূত্র: এএফপি।