শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্টে এবার আসিয়ান অঞ্চলের থাইল্যান্ড ও মালয়েশিয়ার দল আনার উদ্যোগ নিয়েছেন আয়োজকেরা। প্রথম টুর্নামেন্টে অবশ্য দক্ষিণ এশিয়ার বাইরের কোনো দল ছিল না।
গত বছর অক্টোবরে চট্টগ্রামে হওয়া প্রথম শেখ কামাল টুর্নামেন্টে খেলেছিল কলকাতা মোহনবাগান ও মোহামেডান, শ্রীলঙ্কার সলিড এফসি, আফগানিস্তানের স্প্রিংঘার, করাচির ইলেকট্রিক এফসির সঙ্গে ঢাকা আবাহনী, মোহামেডান ও আয়োজক চট্টগ্রাম আবাহনী। দারুণ জমজমাট ওই আয়োজনে চ্যাম্পিয়ন হয় স্বাগতিকেরাই, রানার্সআপ কলকাতার ইস্টবেঙ্গল।
এবার টুর্নামেন্টটিকে আরও আকর্ষণীয় করার আশাবাদ নিয়ে চট্টগ্রাম আবাহনীর মহাসচিব শামসুল হক চৌধুরী কাল বললেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হবে দ্বিতীয় শেখ কামাল টুর্নামেন্ট। প্রথমে শোনা যাচ্ছিল, টুর্নামেন্টটির জন্য সময় দিতে আগ্রহী নয় বাফুফে। তবে শেষ পর্যন্ত বাফুফের বর্ষপঞ্জিতে জায়গা পেয়েই এটি হতে যাচ্ছে ফেব্রুয়ারিতেই।
কাল বাফুফের সঙ্গে আলোচনার পর চট্টগ্রাম আবাহনীর ফুটবল চেয়ারম্যান তরফদার রুহুল আমিন জানালেন, টুর্নামেন্টের সময়সূচি বাফুফে ঠিক করবে। বাংলাদেশ থেকে দুটি বা তিনটি দল রাখা হতে পারে। লিগ চ্যাম্পিয়ন ও স্বাগতিক চট্টগ্রাম আবাহনী থাকবেই। ‘আসিয়ান থেকে দুটি, ভারতের দুটি, আফগানিস্তান ও নেপাল থেকে একটি করে দল আনতে চাই’—বলেছেন রুহুল আমিন। সংশ্লিষ্ট দেশের লিগ চ্যাম্পিয়ন দলকে আনারই উদ্যোগ চলছে।
অর্থ পুরস্কার থাকছে গতবারের মতোই। চ্যাম্পিয়ন ২৫ হাজার ডলার, রানার্সআপ ১৫ হাজার ডলার। প্রতি ম্যাচের জয়ী দল পাবে ১ হাজার ডলার।