জাতীয় দলের জালে আবাহনীর এক হালি!

• প্রস্তুতি ম্যাচে আবাহনীর বিপক্ষে ৪-০ গোলে হেরেছে জাতীয় ফুটবল দল
• ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিতে
• ২০১৬ সালের অক্টোবরে জাতীয় দল সর্বশেষ কোনো ম্যাচ খেলেছে
প্রস্তুতি ম্যাচের লক্ষ্যই থাকে দলটাকে একটু দেখে নেওয়া। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ অ্যান্ড্রু ওর্ড আজ কী দেখলেন? নিশ্চিত ভয়াবহ বিপর্যয় ছাড়া আর কিছু নয়। তাঁর দল যে আজ প্রস্তুতি ম্যাচে আবাহনীর বিপক্ষে গোল হজম করেছে এক হালি। চার গোল খেলে ভয়াবহ বিপর্যয়ের আর কিছু বাকি থাকে নাকি! আবাহনীর জার্সিতে জোড়া গোল করেছেন এমেকা ডার্লিংটন এবং একটি করে গোল করেছেন সানডে ও জীবন।
হাল আমলে প্রস্তুতি ম্যাচের ফলাফল নিয়ে খুব বেশি চিন্তা করতে চান না ফুটবল কোচরা। কিন্তু জাতীয় দলের ডাগআউটে অভিষেকটা মোটেই সুখকর হলো না এই অস্ট্রেলিয়ানের। রক্ষণভাগের অবস্থা ছিল যাচ্ছে তাই। যদিও দুই অর্ধ মিলিয়ে ক্যাম্পে থাকা সব খেলোয়াড়কেই মাঠে নামিয়ে পরখ করে দেখেছেন ওর্ড। আবাহনী কোচ সাইফুল বারি টিটুও খেলিয়েছেন দলের সবাইকে। জাতীয় দলের বেহাল দশায় একটি বিষয় স্পষ্ট, এএফসি কাপের জন্য এবার আবাহনীর প্রস্তুতিটা হয়েছে ভালোই। ৭ মার্চ মালদ্বীপের ক্লাব নিউ রেডিয়ান্টের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে আকাশি-নীল জার্সিধারীরা।
আগামী পরশু কাতারের উদ্দেশে রওনা হবে জাতীয় দল। সেখানে দুই সপ্তাহ অনুশীলনের সঙ্গে কয়েকটি অনুশীলন ম্যাচ খেলারও কথা আছে। মধ্যপ্রাচ্য থেকে ফিরে থাইল্যান্ডে যাবে জাতীয় দল। সেখানে লাল-সবুজরা প্রস্তুতি ম্যাচ খেলবে দুটি। এর পরে প্রায় ১৬ মাস পরে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। স্বাগতিক লাওসের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ মার্চ।