'এই মুহূর্তে খেলার মতো ফিট নন রোনালদো'

৯৬ দিন পর মাঠে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ঠিক যেন ছন্দে নেই জুভেন্টাসের তারকা। ইতালিয়ান কাপের সেমিফাইনালে নিজেদের মাঠে এসি মিলানের বিপক্ষে তেমন ভালো খেলা উপহার দিতে পারেননি। ব্যর্থ হয়েছেন পেনাল্টি থেকে গোল করতে
কখনো ঘরে বসে জিম করার ছবি দিয়েছেন, কখনো দেখা গেছে নিজের শহরে মাঠে শুটিং অনুশীলন করছেন। করোনাভাইরাস মহামারিতে হোম কোয়ারেন্টিনে থাকার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এমন সব ছবি দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু বাড়িতে বসে ব্যায়াম বা কখনো কখনো বাড়ির পাশের মাঠে একটু-আধটু শুটিং অনুশীলন করলেই কি আর যথেষ্ট ফিট থাকা যায়?
সেটা যে যায় না তা স্পষ্ট হয়েছে ৯৬ দিন পর রোনালদো আবার মাঠে ফেরার পরই। ইতালিয়ান কাপের সেমিফাইনালে নিজেদের মাঠে এসি মিলানের বিপক্ষে তেমন ভালো খেলা উপহার দিতে পারেননি। ব্যর্থ হয়েছেন পেনাল্টি থেকে গোল করতে। জুভেন্টাস গোলশূন্য ড্র করেও কাপের ফাইনালে উঠেছিল প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে গোল করেছিল বলে।
ফাইনালেও নাপোলির বিপক্ষেও দেখা গেছে সাদামাটা রোনালদোকে। গত বুধবার সেই ম্যাচে ১২০ মিনিট গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ৪-২ গোলে হেরে শিরোপা বিসর্জন দিয়েছে জুভেন্টাস। এই ম্যাচের পর সমালোচনা চলছে কোচ মরিসিও সারির। কাটাছেড়া হচ্ছে রোনালদোর পারফরম্যান্স।
সেই বিষয়ে এক প্রশ্নের উত্তরে সারিও মেনে নিয়েছেন তাঁর দলের সেরা খেলোয়াড়টি এই মুহূর্তে সেরা ফর্মে নেই। জুভেন্টাস কোচের কথা, ‘আমি ক্রিস্টিয়ানোর সঙ্গে কথা বলেছি। শুধু রোনালদোই ছিল, আমি লম্বা সময় নিয়ে কথা বলেছি। আত্মবিশ্বাস হারালে চলবে না তার। আমার বিশ্বাস আগামীকাল (আজ বাংলাদেশ সময় রান পৌনে দুইটায় বোলোনিয়ার বিপক্ষে ম্যাচ থেকেই) সে সেরা ছন্দে ফিরবে। আসলে এই মুহূর্তে সে শারীরিকভাবে সেরা অবস্থায় নেই।’
ইতালিয়ান কাপের সেমিফাইনালে মিলানের বিপক্ষে কিছু সময় রোনালদোকে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলান সারি। যে পজিশনে খুব একটা স্বাচ্ছন্দ্য মনে হয়নি ৩৫ বছর বয়সী পর্তুগালের অধিনায়ককে। এটা নিয়েও সমালোচনার মুখে পড়েছেন সারি। এ ক্ষেত্রে জুভেন্টাস কোচের কথা, ‘সে সে সেন্টার ফরোয়ার্ড পজিশন থেকে একটু দূরে খেলে ৭০০ গোল করেছে। সে এই পজিশনে খেলতেই পছন্দ করে আর এটাই স্বাভাবিক।’