
কোচ হিসেবে গল্প করার মতো অনেক কিছুই আছে তাঁর ঝুলিতে। তবে সব ছাপিয়ে আইরিশ কিংবদন্তি জর্জ বেস্টের সঙ্গে একই ক্লাবে খেলার গল্পটাই হয়ে উঠছে বড়। শেখ জামালের নতুন সুইডিশ কোচ স্টেফান হ্যানসন সেসব বলতে বলতে স্মৃতিতে ডুব দেন। প্রথম আলোর সঙ্গে কাল তাঁর কথোপকথনে উঠে আসে আরও নানা প্রসঙ্গ
l বাংলাদেশের ফুটবলে এর আগে কখনো সুইডিশ কোচ আসেনি। আপনি কীভাবে এলেন?
স্টেফান হ্যানসন: গত মে পর্যন্ত কাজ করেছি ইন্দোনেশিয়ার পারসেলা ক্লাবে। তারপর আমার ইন্দোনেশিয়ান এজেন্টের মাধ্যমে যোগাযোগ হয়েছে শেখ জামাল ক্লাবের সভাপতির সঙ্গে।
l শুনেছি, ইন্দোনেশিয়াকে আপনি নিজের ঘরবাড়ি বানিয়ে ফেলেছেন। বিয়েও নাকি করেছেন?
হ্যানসন: (হাসি) হুম...ঠিকই শুনেছেন। ইন্দোনেশিয়ায় আমার ফ্ল্যাট আছে। ওখানে সংসার পেতেছি স্থানীয় এক মহিলার সঙ্গে, তিন বছরের একটি মেয়ে আছে আমাদের। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে বেশ আগেই। ওই ঘরের দুটি মেয়ে সুইডেনে থাকে।
l সুইডেন নামটা আসায় জানতে চাইছি, ইব্রাহিমোভিচকে কোচিং করানোর সুযোগ হয়েছে?
হ্যানসন: ইব্রাকে ওর ১৭ বছর বয়সে একবার কোচিং করিয়েছি। আর যদি সুইডেনের আরেক তারকা হেনরিক লারসনের কথা জানতে চান, ওর বয়স যখন ২৬, আমার ৩৬। সুইডিশ লিগে তখন আমরা ভিন্ন দলে খেলি।
l ৩৬ বছর বয়সে আপনি কোচ হয়েছেন। ২০১৪ সালে ইন্দোনেশিয়ার অলস্টার ইলেভেনের কোচ ছিলেন দেখলাম। সেই অভিজ্ঞতা কেমন?
হ্যানসন: দারুণ অভিজ্ঞতা। ওই বছর অলস্টার দলের প্রতিপক্ষ ছিল পুরো শক্তির জুভেন্টাস। ৫-২ গোলে আমরা হারলেও ওটা দারুণ ফল। মজাটা হলো, জাকার্তায় ৯২ হাজার স্থানীয় দর্শকের সবাই সমর্থন করল জুভেন্টাসকে! জুভেন্টাসের ক্লাব সংগীত গাইল গলা ছেড়ে। জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি আর পল পগবার সঙ্গে ছবি তুলে মজা করেছিলাম অনেক।
l আপনি পেশাদার ফুটবল খেলেছেন। সেটা আসলে কেমন ছিল?
হ্যানসন: ফুটবল খেলেছি সুইডেন, ডেনমার্ক, নরওয়েতে। ১১ বছর কাটিয়েছি যুক্তরাষ্ট্রে। নর্থ আমেরিকান সকার লিগের স্যান হোসে আর্থকোয়েক দলে খেলেছি ১৯৮২ থেকে ’৮৮ পর্যন্ত। এই ক্লাবটি মেজর ইনডোর সকার লিগেও খেলত।
l ওই ক্লাবে জর্জ বেস্টের মতো কিংবদন্তি খেলেছেন...
হ্যানসন: হ্যাঁ, বেস্ট তাঁর ক্যারিয়ারের শেষ দিকে সানফ্রান্সিসকোর এই ক্লাবে ছিলেন ১৯৮০ থেকে ’৮২ পর্যন্ত। একসঙ্গে আমাদের খেলা হয়নি। তবে একসঙ্গে অনুশীলন করেছি। তাঁকে কাছ থেকে দেখেছি, অনেক স্মৃতি আছে।
l ইয়োহান ক্রুইফও তো খেলেছেন ওই লিগে...
হ্যানসন: হ্যাঁ, ইয়োহান ক্রুইফ। তিনি অবশ্য লস অ্যাঞ্জেলেস দলে ছিলেন।
l এখন নিশ্চয়ই ওসব স্মৃতি রোমন্থন করেন। ভাবেন সেসব দিনের কথা?
হ্যানসন: মাঝেমধ্যে এসব মনে পড়ে। তবে কোচিং পেশায় এসে এখন আর পেছনে তাকানোর সময়ই পাই না। গত কয়েক বছর ভীষণ ব্যস্ততায় কেটেছে। ২০০৯ ভিয়েতনামে আসি। ২০১০-১২ মিয়ানমারে এসে ওই দেশের অনূর্ধ্ব-২৩ দলকে সি গেমসে প্রথমবার ব্রোঞ্জ পদক এনে দিই।
l শেখ জামালও আপনাকে এনেছে সাফল্য পেতে। মুক্তিযোদ্ধার বিপক্ষে শেখ জামালের ম্যাচটা দেখেছেন। সব মিলিয়ে ঢাকায় দুই দিনের অভিজ্ঞতা কেমন?
হ্যানসন: শেখ জামালকে সংগঠিত মনে হচ্ছে। মুক্তিযোদ্ধার সঙ্গে ভালো খেললেও হার না হোক ড্রয়ের শঙ্কা ছিল। দলে কিছু কাজ করতে হবে। মনে হয় ভালোই হবে।
l কোচ হিসেবে কীভাবে গড়তে চান শেখ জামালকে?
হ্যানসন: মিয়ানমার-ইন্দোনেশিয়ায় আমি ৪-২-১-৩ ছকে খেলিয়েছি। চার ডিফেন্ডার। দুজন হোল্ডিং মিডফিল্ডার। একটু নিচে খেলা একজন ফরোয়ার্ড ও তিন স্ট্রাইকার। শেখ জামাল ৪-৩-৩ খেলছে। এটা চমকপ্রদ। ৪-৩-৩ ছকে ভালো মিডফিল্ডার লাগে। যেটা বার্সার আছে। বার্সা কখনো উইং থেকে ক্রস করে না। ওটা আমার পছন্দও নয়। লম্বা ডিফেন্ডাররা ক্রস সহজেই সামলে নেয়। তাই নিচু ক্রসই আমার পছন্দ। সেভাবেই শেষ জামালকে তৈরি করতে চাই।