'... তাহলে পাঁচ মিনিটেই লাল কার্ড দেখতাম!'

মাঠ ছেড়ে যখন ডাগআউটের দিকে এসেছেন, সার্জিও রামোসকে কি জিনেদিন জিদান দু কথা শুনিয়ে দিয়েছিলেন? দিলেও সেটির রেশ বেশিক্ষণ থাকেনি, মিনিটখানেক পরেই যে রোনালদোর গোলে আনন্দে ভেসে গেছে রিয়াল। অতিরিক্ত সময়সহ শেষ আট মিনিট দশজন নিয়ে খেলেও রোনালদোর ওই গোলেই জয় নিয়ে ফিরেছে রিয়াল। লাল কার্ড নিয়ে রামোস
তো আফসোস করছেনই না, উল্টো বলছেন লাল কার্ড দেখায় নাকি ভালোই হয়েছে!
১০ মিনিটে হলুদ কার্ড দেখার পর দ্বিতীয় হলুদ কার্ডটাও ২৬ মিনিটেই দেখতে পারতেন রামোস। পরে সুয়ারেজকে ফাউল করেও আরেকবার রেফারির বদান্যতায় লাল কার্ড দেখা থেকে বেঁচে গেছেন। শেষ পর্যন্ত ৮৪ মিনিটে গিয়ে সেটি ঠিকই দেখতে হয়েছে।
এই রিয়ালের রামোসই সবচেয়ে অভিজ্ঞ সেনানী, বয়স হয়ে গেছে ৩০। অথচ টানা দুই ম্যাচে লাল কার্ড দেখলেন। সাবেক রিয়াল মিডফিল্ডার মাইকেল লাউড্রাপ তো বলেই দিয়েছেন, এই অভিজ্ঞতা নিয়ে রামোসের কাছ থেকে এটা একদমই অপ্রত্যাশিত। ক্যারিয়ারে এখন পর্যন্ত রামোস লাল কার্ড দেখেছেন ২১টি। রিয়ালের জার্সি গায়ে দেখা হয়ে গেছে ১২টি, এটি রিয়ালের হয়ে লাল কার্ড দেখার রেকর্ডও!
তবে শেষ পর্যন্ত জয় পাওয়ায় রামোসও এখন লাল কার্ড নিয়ে রসিকতা করছেন, ‘আমি যদি জানতাম একজন কম নিয়ে খেলার পরেই আমরা গোল পাব, তাহলে পাঁচ মিনিটের সময়ই আমি লাল কার্ড দেখতাম।’ এ যাত্রা পার পেয়ে যাওয়ায় এখন বার্সেলোনাকে একটু খোঁচাও দিয়েছেন, ‘ফুটবলের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আপনার প্রতিশোধের নেওয়ার সুযোগ থাকেই। আমাদের সমর্থকেরা অনেক দিন ধরেই যন্ত্রণার মধ্য দিয়ে গেছে। আমাদের জন্য এখানে নিজেদের সেরাটা ঢেলে দেওয়া গুরুত্বপূর্ণ ছিল।’ সামনের দিকেও এখন তাকাতে পারছেন, ‘আমরা এই মৌসুমে কিছু একটা পাওয়ার চেষ্টা করে যাচ্ছি। ঠিক পথেই আছি আমরা।’