'...আমার তো টাকার দরকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামাল ভূঁইয়া।
জামাল ভূঁইয়া।

অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছেন। আন্তরিকতা আর চেষ্টায় প্রশ্নাতীতভাবে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন জামাল ভূঁইয়া। ডেনমার্কপ্রবাসী এই ফুটবলার কাল বাংলাদেশ দলের অনুশীলনের পর পড়ন্ত বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কথা বললেন ভুটান ম্যাচের প্রস্তুতি নিয়ে
l মামুনুলের নাকি বিদায়ী কোচ ডি ক্রুইফের সঙ্গে মানিয়ে নিতে ছয় মাস লেগেছে। নতুন কোচকে অনেকে বন্ধুভাবাপন্ন ভাবছেন। আপনি নিজে কী মনে করেন?

জামাল ভূঁইয়া: মাত্র তো দুই দিন কাজ করলাম টম সেন্টফিটের সঙ্গে। তাঁকে ভালোই লেগেছে। অবশ্যই তিনি বন্ধুভাবাপন্ন। অনেক আইডিয়া নিয়ে এসেছেন।
lকোচরা বাংলাদেশে নতুন ধারণা নিয়ে আসেন। কিন্তু মাঠে এর প্রতিফলন সেভাবে দেখাতে পারেন না ফুটবলাররা। তাহলে কোচের এই নতুন ধারণা কতটা কাজে আসে?
জামাল: খেলোয়াড়েরা চেষ্টা তো করে। অনেক সময় হয়ে ওঠে না। তবে আমাদের চেষ্টা করে যেতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে এ মুহূর্তে খেলোয়াড়েরা ফিট নেই।

lভুটানের সঙ্গে ঘরের মাঠে বেশি গোল পেতে দুই স্ট্রাইকার নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কোচকে। কোচ দেখছেন সবকিছু। আপনার কাছে কোচের পরিকল্পনাটা কী মনে হলো?

জামাল: সিদ্ধান্ত পুরোটাই কোচের। তবে তিনটি অনুশীলন সেশনে বুঝলাম, সেন্টফিট ‘ডাইরেক্ট প্লে’øচান। অর্থাৎ ওয়ান-টু টাচ, এরপর আক্রমণ। যেমনটা জুভেন্টাস খেলে থাকে। ডি ক্রুইফ আবার অন্য ধরনের ছিলেন। তিনি একটু নিচ থেকে পাস খেলে খেলে ওঠার পক্ষে ছিলেন।

lতাহলে কি নতুন ধরনের ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হতে পারে?

জামাল: সমস্যা হবে না। আমরা পেশাদার ফুটবলার হিসেবে যখন যে কোচ আসবেন, তাঁর চাওয়া অনুযায়ীই খেলব।

l খেলোয়াড়দের ফিটনেস সমস্যা দেখেও ভালো করার প্রতিশ্রুতি দিচ্ছেন কোচ। সব কোচই এমনটা করে গেছেন। কিন্তু মাঠের ফল বলে অন্য কথা। এ ব্যাপারটা কীভাবে দেখছেন?

জামাল: আমি এক শ ভাগ দিই। সামনেও দেব। আশা করছি, নতুন কোচ ভালো একটা দল গড়বেন। তিনি এখন সবাইকে দেখছেন। তাঁর অধীনে সবার চেষ্টায় ভবিষ্যতে ফল ভালো হবে, এই বিশ্বাস আমারও আছে।

lভুটানের সঙ্গে প্রথম ম্যাচটা ঢাকায় ৬ সেপ্টেম্বর। দ্বিতীয়টি ১০ অক্টোবর থিম্পুতে। বাংলাদেশ দল জিততে পারবে? প্রশ্নটা বড় হয়ে উঠেছে, কারণ এই দুটি ম্যাচের ওপর নির্ভর করছে এশিয়া কাপের বাছাইয়ে খেলা।

জামাল: (হাসি) সালাউদ্দিন ভাই এরই মধ্যে বলে দিয়েছেন, ভুটান ম্যাচ না জিতলে সবই শেষ। লিগ শেষ। আর টাকা পাবে না কেউ। আমি বলেছি, আমার তো টাকার দরকার (আবার হাসি)। কাজেই আমি আমার এক শ ভাগ দেব।

lকথাটা মজা করে হয়তো বললেন। কিন্তু বাস্তবতা তো অনেকটাই সে রকম। ভুটান ম্যাচের ওপর অনেক কিছু নির্ভর করছে।

জামাল: আমার আত্মবিশ্বাস আছে ভালো করার। ঢাকায় প্রথম ম্যাচে তিন-চার গোলে জিততে হবে। ভুটানকে গত সাফে আমরা ৩-০ গোলে হারিয়েছি। কাজেই সমস্যা হওয়ার কথা নয়।

l মামুনুল বলেছেন, সব কোচের মতো এই কোচের অধীনেও নাকি ভিন্নতা পাওয়া যাচ্ছে। আপনার নিজের কী মনে হয়। ঘন ঘন কোচ বদলকেই বা কীভাবে দেখেন?

জামাল: নতুন নতুন কোচের অধীনে ভিন্নতা অবশ্যই থাকে। আর কোচ বদল হওয়াটাও খেলারই অংশ।