'অক্সিজেন' নিয়ে এলেন তাঁরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় এসে বাফুফে ভবনের সামনে বিক্ষোভ দেখবেন, এটা হয়তো ভাবতে পারেননি ফিফা ও এএফসির তিন কর্মকর্তা!
কিন্তু কাল সকালে তাঁদের এমন অভিজ্ঞতাই হলো। বাফুফে ভবনে তাঁরা ঢুকলেন, ভবনের প্রধান ফটকে জনা পঞ্চাশেক সমর্থকের মুখে তখন নানা উত্তেজক স্লোগান। ‘সেভ আওয়ার ফুটবল’, ‘সেভ দ্য ফুটবল ফ্রম লাইফ সাপোর্ট’, ‘ইউজলেস বিএফএফ কমিটি মাস্ট রিজাইন’—লেখা ব্যানার এনে বিক্ষোভকারীরা দৃষ্টি আকর্ষণ করলেন ফিফার কর্মকর্তাদের। তাঁরা দেখা করার চেষ্টা করেছেন প্রতিনিধিদলটির সঙ্গে।
ভুটানের কাছে লজ্জাজনক হারের প্রতিবাদ জানাতে ভবনের সামনে এ পর্যন্ত চারবার বিক্ষোভ হলো। বিক্ষোভকারীরা বলছেন, ফুটবল শেষ হয়ে গেছে। সেই মৃত ফুটবলকে জাগিয়ে তোলার লক্ষ্যেই এই প্রতিনিধিদলটি যেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসেছে। বাফুফের আগামী চার বছরের কর্মপরিকল্পনা নিয়েই কাল আলোচনা শুরু করেছেন, ফিফার উন্নয়ন কর্মকর্তা সাজি প্রভাকরণ, টেকনিক্যাল অফিসার ভাইথিলিংগাম সুব্রামনিয়াম ও এএফসি টেকনিক্যাল অফিসার নুরাইয়াম আয়ামকুলোভা। দলটির প্রধান ফিফার সিনিয়র ডেভেলপমেন্ট ম্যানেজার মাইক ফিস্টার আজ আলোচনায় যোগ দেবেন। ইনি বাংলাদেশের সাবেক কোচ অটো ফিস্টারের ছেলে।
আজ মাইক ফিস্টারের নেতৃত্বে প্রতিনিধিদলটির ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সঙ্গে বসার কথা। স্পনসর, ডিএফএ কর্মকর্তাদের সঙ্গেও তাঁরা বসবেন। এত আলোচনার কারণ, বাফুফের আর্থিক জবাবদিহি চায় ফিফা। আগে ফিফা বছরে আড়াই লাখ ডলার দিত বাংলাদেশকে। এখন তা ৫ লাখ ডলার। ফিফার নতুন সভাপতি ইনফান্তিনোর ঘোষণা অনুযায়ী, এখন থেকে ফিফা বছরে অন্তত ৫ লাখ ডলার বাড়তি অনুদান দেবে প্রকল্পভিত্তিক। আগামী চার বছরে শুধু প্রকল্পভিত্তিক অনুদানই পাওয়া যাবে অন্তত ২০ লাখ ডলার।
প্রতিনিধিদলটি তৃণমূলে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১২ বা আরও বয়সভিত্তিক আয়োজনের তাগিদ দিয়েছে। ভুটানের কাছে হারের পর এটা এখন সময়ের দাবি। সভায় উপস্থিত বাফুফের সহসভাপতি বাদল রায় বললেন, ‘ফিফার টাকা কোথায় খরচ হবে, কীভাবে হবে, এটাই মূলত তারা নিশ্চিত করতে চাইছে। তারা এটাও বলছে, জেলার ফুটবলসহ সব উন্নয়ন কর্মকাণ্ড চালাতে হবে।’
বাদল রায়ের ভাষ্য অনুযায়ী, ‘জেলায় খেলা চালানো যাচ্ছে না, মাঠ নেই। এটা আমরা ফিফাকে বলেছি।’ তাই জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে ডিএফএর সমন্বয় করতে বাফুফে চায়, ডিএসএর সাধারণ সম্পাদককে ডিএফএর সভাপতি করতে যাতে ফুটবলের মাঠ নিয়ে সমস্যা না হয়। ফিফা এ ব্যাপারে নাকি আপত্তি তোলেনি, বরং প্রস্তাব দিতে বলেছে।
বাফুফে ফিফার কাছে চাইছে ফুটবল ভবনে ডরমিটরি, জিম, লিগ, মহিলা ফুটবল, জাতীয় দলের খরচ ইত্যাদি বাবদ প্রকল্পভিত্তিক অনুদান। একাডেমি বা টার্ফ কিন্তু এখন আর চাওয়া হচ্ছে না!