'অচেনা' এক প্রতিপক্ষ জর্ডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্ডানও কঠিন পরীক্ষা বাংলাদেশের জন্য। ছবি: এএফপি
জর্ডানও কঠিন পরীক্ষা বাংলাদেশের জন্য। ছবি: এএফপি

অস্ট্রেলিয়া মিশন শেষে দেশের মাটিতে পা রেখেছেন মামুনুল-এমিলি-জামাল ভূঁইয়ারা। কঠিন এক ম্যাচের ধকলে নিশ্চয়ই লম্বা একটা বিশ্রাম চাইছে তাঁদের শরীর-মন। কিন্তু সেই বিশ্রামের ফুরসত তাঁরা পাচ্ছেন কই! এশীয় ফুটবলের আরেক জায়ান্ট জর্ডান যে ঘরের দরজায় কড়া নাড়ছে তাদের। সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলতে আজ শনিবার বিকেলেই ঢাকা বিমানবন্দরে পা রাখার কথা তাদের।
জর্ডানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি আগামী মঙ্গলবার ৮ সেপ্টেম্বর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের চেনা আঙিনায় এই দলটির বিপক্ষে বাংলাদেশ কী করবে সেই প্রশ্ন এখন ফুটবলপ্রেমী মাত্রেরই। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে ৫-০ গোলে হেরে নিজেদের অবস্থানটা এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলারদের সামনে অনেকটাই পরিষ্কার। অস্ট্রেলিয়ার বিপক্ষে কুড়িয়ে পাওয়া অভিজ্ঞতা জর্ডানের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে কতটা কাজে আসে—এখন দেখার বিষয় এটিই। ফিফা র‍্যাঙ্কিংয়ের ৯১ তম স্থানে থাকা জর্ডান যেকোনো বিচারেই বাংলাদেশের ফুটবলারদের এক কঠিন পরীক্ষা।
এই প্রথমবারের মতো জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়ান ফুটবলে এখনো পর্যন্ত যে চারটি দেশের বিপক্ষে বাংলাদেশ কখনো মাঠে নামেনি, তাদের একটি হচ্ছে এই জর্ডান (অপর তিনটি দেশ ইরাক, ওমান ও তিমুর লেসথে)। ‘অচেনা’ এই প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠের এই চ্যালেঞ্জ রোমাঞ্চই ছড়াচ্ছে বাংলাদেশের ফুটবলারদের মনে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের অভিজ্ঞতা জর্ডানের বিপক্ষে কাজে লাগবে বলেই মনে করেন বাংলাদেশের সহকারী কোচ সাইফুল বারী টিটো। প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফের বহিষ্কারাদেশের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ডাগ আউটে ছিলেন তিনিই। টিটোর মতে, জর্ডানের বিপক্ষে ঘরের মাঠের পুরো সুবিধাটুকুই আমাদের আদায় করতে হবে। শক্তিমত্তায় দেশটি অস্ট্রেলিয়ার সমপর্যায়ের না হলেও যথেষ্ট শক্তিশালী। তবে এই ম্যাচটিতে বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচের মতো এতটা রক্ষণাত্মক ভূমিকায় থাকবে না।’
টিটো বলেন, জর্ডানের বিপক্ষে আমরা আক্রমণ করেই খেলতে চাইব। বলের দখল বেশিক্ষণ পায়ে রাখা। বলের দখল পেয়ে গেলে প্রতিপক্ষের সীমানায় হানা দেওয়ার পরিকল্পনা থাকবে আমাদের। কিরগিজস্তানের বিপক্ষে জর্ডানের সর্বশেষ ম্যাচটি আমরা দেখেছি। এই ম্যাচে নিচে নেমে ওদেরকে ঠেকিয়ে যাওয়ার কিছু নেই বলেই মনে করি আমি।’
জর্ডান জাতীয় ফুটবল দলকে অভিহিত করা হয় ‘নাশামা’ নামে। বেলজিয়ান কোচ পল পটের অধীনে এই দলটি সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বে কিরগিজস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। প্রথম ম্যাচে অবশ্য তাজিকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছিল তারা। কোচ সংক্রান্ত কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে এই মুহূর্তে জর্ডানিয়ান ফুটবল। পল পট খুব বেশি দিন হয়নি জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন। সহকারী কোচ নিয়োগ নিয়েও নাকি বেশ বিতর্কিত পরিস্থিতি সামলাতে হচ্ছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনকে। দেশটির একটি ইংরেজি পত্রিকা দ্য জর্ডান টাইমস জানিয়েছে, কোচ সংক্রান্ত সমস্যার কারণে কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচটির মাত্র কয়েক দিন আগে ক্যাম্প শুরু হয় তাদের। তবে বাংলাদেশের বিপক্ষে এই সমস্যা-সঙ্কুলতা কোনো প্রভাব রাখবে কিনা, সেটা সময়ই বলে দেবে।
জর্ডান বিশ্বকাপ বাছাইপর্বের দুটো ম্যাচ বাদে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে আরও চারটি। এই ম্যাচগুলোর মধ্যে কুয়েত ও লেবাননের বিপক্ষে তারা ড্র করেছে যথাক্রমে ২-২ ও গোলশূন্যভাবে। হেরেছে সৌদি আরব (২-১) ও সিরিয়ার বিপক্ষে (১-০)। তবে এই ফলে খুব একটা উল্লসিত হওয়ার কিছু নেই। সৌদি আরব, সিরিয়া, কিংবা কুয়েত, লেবানন শক্তিমত্তায় এই দেশগুলো বাংলাদেশের চেয়ে অনেক অনেক এগিয়ে।