'অনুতাপ? শুধু পেনাল্টি নিয়ে!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ শেষে সংবাদ সম্মেলন করে বেরিয়ে যাচ্ছেন ইতালির বিদায়ী কোচ আন্তোনিও কন্তে l এএফপি
ম্যাচ শেষে সংবাদ সম্মেলন করে বেরিয়ে যাচ্ছেন ইতালির বিদায়ী কোচ আন্তোনিও কন্তে l এএফপি

ভাগ্য একটু এদিক-ওদিক হলে আগামী সাত দিন হয়তো ব্যস্ত থাকতেন দলকে ইউরোর ফাইনালে ওঠানোর পরিকল্পনা নিয়ে। কিন্তু ভাগ্য পরশু আন্তোনিও কন্তের দিকে তাকিয়ে হাসল না। জার্মানির কাছে টাইব্রেকারে হেরে ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় হয়ে গেল কন্তের ‘সাহসী ইতালি’র। অনিচ্ছার সঙ্গেই একটু আগেভাগেই সাবেক হয়ে যাওয়া ইতালি কোচকে বাড়ি খুঁজতে হবে লন্ডনে। ইতালি অধ্যায় শেষ, শুরু হয়ে যাচ্ছে কন্তের চেলসি অধ্যায়!
জাতীয় দল থেকে বিদায়ের বেলায় কোনো অনুতাপ কি আছে? ইউরোর শেষ আটেই বিদায় হওয়ায় মন খারাপ হতে পারে, তবে পরশু ম্যাচের ইতালি কোচের কণ্ঠে গর্বই ঝরল, ‘অনুতাপ? শুধু পেনাল্টি নিয়ে। খেলোয়াড়েরা জার্সির জন্য যে ভালোবাসা দেখিয়েছে, যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তা নিয়ে কোনো অনুতাপ নেই। আমার কাছে মূল্যবান হলো, এই খেলোয়াড়দের সঙ্গে অসাধারণ কিছু সময় কেটেছে। ইতালিকে আবারও সবার সম্মান ও ভয়ের জায়গায় তুলে নিয়ে যেতে পেরেছি।’
কন্তের কথার সঙ্গে দ্বিমত করবে কে? ইউরোর আগে যে দলটিকে অনেক বছরের মধ্যে সবচেয়ে কম প্রতিভাধর বলা হচ্ছিল, তারাই টুর্নামেন্টে একের পর এক চমক দিয়েছে। যার মূলে অবশ্যই খেলোয়াড়দের পরিশ্রম, তবে কন্তের দুর্দান্ত মস্তিষ্কের প্রভাবও কি কম ছিল! আর ছিল আবেগও। দলের প্রতি, নিজের কাজের প্রতি ভালোবাসাটা পরশু ম্যাচ শেষেও কন্তের মুখে ফুটে উঠল, ‘আশা করছি, জাতীয় দলের জন্য, জার্সিটার জন্য যে ভালোবাসা, তার একটা স্থায়ী ছাপ আমরা রেখে যেতে পেরেছি। এই বার্তাটাই ছড়িয়ে দিতে চেয়েছিলাম। বিদায় সত্ত্বেও আশা করছি বার্তাটা সবার কাছে পৌঁছেছে।’
তবে ইতালিকে আরও শক্তিশালী করার কাজটা যে সব সময় মসৃণ ছিল, তা-ও নয়। ইউরোর আগেই খেলোয়াড়দের নিয়ে আরেকটু বেশি সময় কাজ করার জন্য ২১ মের কোপা ইতালিয়ার ফাইনাল এগিয়ে আনার অনুরোধ করেছিলেন কন্তে। কিন্তু সেই অনুরোধ রাখা হয়নি। এ নিয়ে বেশ ক্ষোভ ছিল ইতালি কোচের, ‘সত্যি বলতে কখনোই কাউকে পাশে পাইনি। ফেডারেশনের সভাপতি ছিলেন, কিন্তু তিনিই বা আর কত করবেন! মিডিয়া বা অন্য কেউ পাশে ছিল না। মনে হতো যেন লড়াইটা কন্তে বনাম পুরো বিশ্ব!’
সেই লড়াইয়ের গর্ব নিয়েই বিদায় হচ্ছে তাঁর। জুভেন্টাসকে টানা তিনটি ইতালিয়ান লিগ জেতানো কন্তের নতুন চ্যালেঞ্জ এখন চেলসি। গত নভেম্বরে যদিও শোনা যাচ্ছিল ইতালিতেই থেকে যাবেন, তবে পরে ক্লাব ফুটবলেই আবারও ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর নিজেরও আর তর সইছে না চ্যালেঞ্জটার জন্য, ‘ক্লাব ফুটবলের ঝাঁপাঝাঁপিটাই আমার পছন্দ। জানি চ্যালেঞ্জটা কঠিন হবে, তবে সেটাই তো আমি চাই।’
কঠিন চ্যালেঞ্জের প্রস্তুতিতে আগামী সাত দিন ‘ব্যাটারি চার্জ দেবেন’। প্রিমিয়ার লিগের ক্লাবগুলো সতর্ক হতেই পারে, ‘পুরো চার্জে’র কন্তে কতটা ক্ষুরধার, তা তো এই ইউরোই দেখাল! এএফপি।