'অপরাজিত' ইউনাইটেড, দুর্দান্ত নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ হারটা ছিল চেলসির বিপক্ষে গত অক্টোবরে, ৪-০ গোলে। এরপর থেকে গত মঙ্গলবার এভারটনের বিপক্ষে ম্যাচটা পর্যন্ত প্রিমিয়ার লিগে টানা ২০ ম্যাচ হারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু টানা ২০ ম্যাচ অপরাজিত শুনলে একটা দলের যে দুর্দান্ত ফর্মের ছবি চোখে ভাসে, ইউনাইটেডের ফর্মটা কি আসলেই সে রকম? মনে হয় না। ১০টি জয়ের পাশাপাশি ১০টি ড্র! লিগে অবস্থান ছয় নম্বরে। শীর্ষে থাকা চেলসির সঙ্গে ব্যবধান ১৮, সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া নিয়ে টানাটানি। প্রিমিয়ার লিগ যুগে এক মৌসুমে টানা ২০ বা এর বেশি ম্যাচ অপরাজিত ছিল এ রকম আরও কিছু দলের সঙ্গে তুলনা করলেই বোঝা যাবে, আসলে কতটা ভালো হোসে মরিনহোর এই ইউনাইটেড।
১৯৯৮-৯৯ ও ২০০৪-০৫ মৌসুমেও লিগে টানা ২০টি করে ম্যাচ অপরাজিত ছিল ইউনাইটেড। এর মধ্যে ২০০৪-০৫ সালে তৃতীয় হলেও ১৯৯৮-৯৯ মৌসুমে কিন্তু প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ তিনটিই জিতেছিল স্যার অ্যালেক্স ফার্গুসনের দল। শুধু এটুকুই নয়, ট্রেবল জেতা ওই মৌসুমে নটিংহাম ফরেস্টকে ওদেরই মাঠে ৮-১ গোলে হারিয়েছিল ইউনাইটেড, যেটি এখনো প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বড় জয়ের রেকর্ড হয়ে আছে। ইউনাইটেডের দুর্দান্ত ফর্মের কারণে ওই মৌসুমেই টানা ২১ ম্যাচ অপরাজিত থেকেও লিগ জিততে পারেনি কোচ জিয়ানলুকা ভিয়াল্লির চেলসি! হয়েছে তৃতীয়।
ভিয়াল্লির ওই দলটা ছাড়া প্রিমিয়ার লিগে টানা ২১ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি আছে আরও তিন দলের। দলের বাজে পারফরম্যান্সের কারণে ২০০৭-০৮ মৌসুমের মাঝামাঝি স্ট্যামফোর্ড ব্রিজ থেকে বরখাস্ত হয়েছিলেন কোচ হোসে মরিনহো। কিন্তু অন্তর্বর্তীকালীন কোচ আভরাম গ্রান্টের অধীনে হঠাৎ করেই যেন ওই মৌসুমে বদলে গেল চেলসি। টানা ২১ ম্যাচ অপরাজিত থেকে শেষ পর্যন্ত মৌসুম শেষ করেছিল চ্যাম্পিয়ন ইউনাইটেডের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে থেকে। শিরোপার নিষ্পত্তিও হয়েছিল মৌসুমের শেষ দিনে। চেলসি না পারলেও আর্সেনাল কিন্তু ঠিকই ২০০১-০২ মৌসুমে টানা ২১ ম্যাচ অপরাজিত থেকে এবং শেষ ১৩টি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল। মুদ্রার উল্টো পিঠটাও দেখেছে আর্সেনাল। ২০০৮-০৯ মৌসুমে যেমন টানা ২১ ম্যাচ অপরাজিতও চতুর্থ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল আর্সেন ওয়েঙ্গারের দলকে। অবশ্য ওই মৌসুমেই একপর্যায়ে মনে হচ্ছিল আর্সেনাল চ্যাম্পিয়নস লিগেই জায়গা পাবে না। সেই বিবেচনায় শেষ পর্যন্ত চতুর্থ হয়ে ইউরোপ-সেরার লড়াইয়ে থাকতে পারাটা খারাপ নয় একেবারে।
টানা ২২টি বা এর বেশি ম্যাচ অপরাজিত থেকে কোনো দল প্রিমিয়ার লিগ জিততে পারেনি এমন কখনো হয়নি। চারবার দলগুলো এমন অপ্রতিরোধ্য ফর্মে থেকে চ্যাম্পিয়ন হয়েছে, এর মধ্যে দুবারই কীর্তিটা ম্যানচেস্টার ইউনাইটেডের। ১৯৯৩-৯৪ মৌসুমে ফার্গুসনের দল অপরাজিত ছিল টানা ২২ ম্যাচ, ২০১০-১১ মৌসুমে ২৪ ম্যাচ। ২০০৪-০৫ মৌসুমটা শুধু চেলসির ইতিহাসে নয়, হোসে মরিনহোর ক্যারিয়ারেও বোধ হয় সবচেয়ে স্মরণীয় মৌসুম। তর্কযোগ্যভাবে ইংল্যান্ডে এখন পর্যন্ত মরিনহোর সবচেয়ে সফল মৌসুমও হয়তো। নবম সপ্তাহে সিটির কাছে ১-০ গোলে হারার পর ওই মৌসুমে লিগে আর কোনো ম্যাচ হারেনি চেলসি। টানা ২৯ ম্যাচ অপরাজিত থেকে লিগ জিতেছিল এক মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ জেতার (২৯) ও সবচেয়ে বেশি পয়েন্টের (৯৫) রেকর্ড গড়ে। যে রেকর্ড অক্ষত আছে এখনো।
পুরো মৌসুম অপরাজিত থাকার কীর্তি এখন পর্যন্ত একটা দলেরই আছে প্রিমিয়ার লিগে। তবে ২০০৩-০৪ মৌসুমের চ্যাম্পিয়ন আর্সেনালের সেই কীর্তি কারও কারও চোখে যেমন ইংলিশ ফুটবল ইতিহাসে কোনো ক্লাবের সেরা সাফল্য, তেমনি কারও চোখে ওটা অতিমূল্যায়ন। ৩৮ ম্যাচেই অপরাজিত থাকলেও ওই মৌসুমে আর্সেনাল ড্র করেছিল ১২টি ম্যাচ!
বাস্তবতা বলছে, এই মৌসুমে চ্যাম্পিয়ন হওয়াটা প্রায় অসম্ভব মরিনহোর ইউনাইটেডের জন্য। তবে মৌসুম শেষে যদি ‘রেড ডেভিল’রা সেরা চারেও থাকতে পারে, সেটাই বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে অনেক ইউনাইটেড সমর্থকের কাছে। ২০ ম্যাচ অপরাজিত থাকা মৌসুমের সেটাই হয়তো বেশি মানানসই হবে। তার আগ পর্যন্ত এই ইউনাইটেডকে মনে হয় না কেউ ‘দুর্দান্ত’ বলবেন! ইএসপিএন।
ইংলিশ লিগে এক মৌসুমে টানা অপরাজিত
ম্যাচ মৌসুম ক্লাব মৌসুম শেষে অবস্থান
৩৮ ২০০৩-০৪ আর্সেনাল চ্যাম্পিয়ন
২৯ ২০০৪-০৫ চেলসি চ্যাম্পিয়ন
২৪ ২০১০-১১ ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন
২২ ১৯৯৩-৯৪ ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন
২১ ২০০১-০২ আর্সেনাল চ্যাম্পিয়ন
২১ ২০০৭-০৮ চেলসি রানার্সআপ
২১ ১৯৯৮-৯৯ চেলসি তৃতীয়
২১ ২০০৮-০৯ আর্সেনাল চতুর্থ