'অবশেষে এই বছরে ভালো খবর' - রিয়ালকে রোহিত শর্মার শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে রোহিত শর্মা। ছবি : টুইটার।
রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে রোহিত শর্মা। ছবি : টুইটার।

রোহিত শর্মাকে সবাই মারকুটে ব্যাটসম্যান হিসেবেই চেনে। কিন্তু ভারতীয় এই ক্রিকেটারের আরেকটা পরিচয়-- তিনি রিয়াল মাদ্রিদের পাড় সমর্থক। ভারতে স্প্যানিশ লিগের শুভেচ্ছাদূত হয়েছেন রোহিত। বছরের শুরুর দিকে স্ত্রী রীতিকা সাজদেহকে নিয়ে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ঘুরে এসেছেন। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্টও করেছিলেন। সেখানকার আতিথেয়তায় ভীষণ মুগ্ধ হয়েছিলেন রোহিত।

সেই রিয়াল কাল মেতেছে শিরোপা উৎসবে, সেটি থেকে রোহিত আর দূরে থাকেন কীভাবে! নিজেদের মাঠে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে ৩৪তম বারের মতো স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। টুইটারে জিনেদিন জিদানের দলকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের সহ অধিনায়ক রোহিত।

কী দারুণ খেলেই না লিগ জিতল রিয়াল! করোনাভাইরাস এসে সব থামিয়ে দেওয়ার আগে বার্সেলোনার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে রিয়াল ছিল পয়েন্ট তালিকায় দ্বিতীয়। সেই রিয়ালই করোনা-বিরতি থেকে ফিরে টানা একের পর এক ম্যাচ জিতে গেল। ভিয়ারিয়ালের বিপক্ষে কালকের জয়টি করোনা-বিরতির পর ১০ ম্যাচে জিদানের দলের দশম। অন্যদিকে কাল বার্সেলোনা নিজেদের মাঠে পুঁচকে ওসাসুনার কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় এখন বার্সার চেয়ে রিয়াল এগিয়ে আছে ৭ পয়েন্টে!

অন্য যেকোনো রিয়াল ভক্তের মতো রোহিতেরও খুশি তো হবেই। রিয়ালের লা লিগা জেতায় সারা বিশ্বের কোটি কোটি সমর্থকেরা এই মুহূর্তে মেতে উঠেছেন উল্লাসে। সামাজিক যোগাযোগমাধ্যমে জিনেদিন জিদানের দলকে অভিনন্দন জানাচ্ছেন সমর্থকেরা। রোহিতও যোগ দিয়েছেন সেই উৎসবে। রিয়ালের শিরোপা জেতার আনন্দে প্রিয় দলের জার্সি পরে টুইট করেছেন ৩৩ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান। টুইটে লিখেছেন, ‘আরও একটা ট্রফি এল। (করোনাভাইরাসের) এই কঠিন সময়ে রিয়াল মাদ্রিদ সত্যিই এক হয়ে, একটা দল হিসেবে খেলেছে। অভিনন্দন! অবশেষে এই বছরে ভালো কিছু খবর এল। ভালো খবরের তো এই বছর মারাত্মক অভাব!’