'অবশেষে' বালোতেল্লি

‘অবশেষে!’ অ্যানফিল্ডের ম্যাচটা শেষে টুইটারে এই একটাই শব্দ লিখলেন মারিও বালোতেল্লি। আসলে এর বেশি লেখার দরকারও ছিল না। বুক থেকে পাথরভার নেমে যাওয়ার স্বস্তিটা বোঝাতে ওই একটা শব্দই যথেষ্ট। যে স্বস্তি লিভারপুল স্ট্রাইকার পাচ্ছেন পরশু অ্যানফিল্ডে একটা গোল করে।
২০ মিলিয়ন ইউরোতে মৌসুমের শুরুতে এসি মিলান থেকে লিভারপুলে যোগ দিয়েছেন। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তাঁকে এনেছিল অল রেডরা, সেটা পূরণের ধারেকাছেও যেতে পারেননি বালোতেল্লি। পরশুর আগে ক্লাবের হয়ে ১১ ম্যাচে মাত্র একটা গোল, সেটাও চ্যাম্পিয়নস লিগে দুর্বল প্রতিপক্ষ লুদোগোরেৎসের সঙ্গে। উল্টো মাঠের বাইরে নানা বিতর্কিত কর্মকাণ্ড করে দলকে বিব্রত করেছেন। পুরো ব্যাপারটা তাঁর নিজের জন্য তো বটেই, লিভারপুলের জন্যও এতই হতাশাজনক হয়ে উঠেছিল যে, তাঁর গোল পাওয়াটাই ছিল গতকাল ইংলিশ গণমাধ্যমের সবচেয়ে আলোচিত বিষয়!
ম্যাচের ৭৯ মিনিটে বদলি হিসেবে যখন বালোতেল্লি মাঠে নামেন, লিভারপুল সোয়ানসির বিপক্ষে ১ গোলে পিছিয়ে। লিগ কাপের শেষ আটে যাওয়া রীতিমতো শঙ্কার মধ্যে। সেটি কিছুটা দূর হয় ৮৬ মিনিটে বালোতেল্লির দারুণ এক গোলে। আর যোগ হওয়া সময়ে দেয়ান লোভরেনের গোলে লিভারপুল ম্যাচ জিতে যায়। লোভরেনও কিন্তু নিজের গোলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন বালোতেল্লির গোলটাকেই, ‘এটা আমাদের সবার জন্যই বিশাল স্বস্তি। আমি অবশ্য নিশ্চিত ছিলাম, আজ হোক, কাল হোক মারিও গোল করবেই।’ এএফপি, গোলডটকম।