'অবিচারের শিকার বার্সা'!

আন্তর্জাতিক ক্রীড়া আদালতের সিদ্ধান্তে হতাশ বার্সেলোনা। সিএএসের রায় মেনে নিতে কষ্টই হচ্ছে কাতালান জায়ান্টদের। ক্লাবের সভাপতি মনে করেন, বিরাট অবিচার হয়েছে বার্সার সঙ্গে!
স্পেনের বাইরে থেকে অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় (অনূর্ধ্ব-১৮) কেনার ক্ষেত্রে গুরুতর আইন লঙ্ঘনের অভিযোগে গত এপ্রিলে বার্সার খেলোয়াড় কেনা-বেচায় নিষেধাজ্ঞা দেয় ফিফা। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থার এ সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়া বার্সা আগস্টে আপিল করে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস)। গতকাল সিএএস খারিজ করে দিয়েছেন বার্সার সে আপিল। এতে করে ২০১৫ সালে নতুন করে খেলোয়াড় কিনতে বা বেচতে পারবে না বার্সা।
সিএএসের এ সিদ্ধান্তের পরপর বার্সা সভাপতি জোসেপ বার্তোমেউ বললেন, ‘বিরাট এক অবিচার হলো। সে অবিচারের শিকার বার্সা। এতে ক্ষতিগ্রস্ত হবে শিশুরা (‘লা মেসিয়া’র খেলোয়াড়) ও তাদের পরিবার। ক্লাব সদস্য তো বটেই, বিশ্ব ফুটবলের জন্যও এ সিদ্ধান্ত ইতিবাচক নয়।’
বার্তোমেউ আরও জানালেন, ‘সব সময় পরিষ্কার বলেছি, ফিফার নিষেধাজ্ঞাকে আমরা অহেতুক বলে মনে করি। সিএএসের রায়ও ফিফার সিদ্ধান্তকে সমর্থন করেছে, যেটি আমাদের জন্য ভালো হয়নি। কোনো যুক্তিতেই এটা মানা যায় না।’ তবে এখনো আশাবাদী বার্সা সভাপতি। বললেন, ‘এ বিধি পরিবর্তনে লড়াই চালিয়ে যাব। আশা করি, এ নিয়ম সংশোধনে ফিফার বোধোদয় হবে। যাতে অন্য ক্লাব এ অবিচারের শিকার না হয়। সবকিছুর পরও বলব, এ নিষেধাজ্ঞার পর লা মেসিয়ার কর্মকাণ্ডে কোনো প্রভাব পড়বে না। এ ছাড়া এসবের কোনো প্রভাব মূল দলের খেলায়ও পড়বে না।’
লা মেসিয়া একাডেমি ও খেলোয়াড় কেনা নিয়ে ফিফার সঙ্গে বার্সার দ্বন্দ্ব চলে আসছিল বেশ আগে থেকেই। এপ্রিলে ফিফা বার্সার ওপর নতুন কোনো খেলোয়াড় কেনার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তার বিরুদ্ধে আপিল করেও কোনো লাভ না হয়নি। তথ্যসূত্র: এএফপি ও গোলডটকম।