'অবৈধ' প্রেমিক হিসেবে রদ্রিগেজই সেরা!

বালকসুলভ চেহারার মধ্যে কেমন এক নিষ্পাপ চাহনি হামেস রদ্রিগেজের! তাঁর করা গোলগুলো যেমন সুন্দর, তেমনি চেহারাটাও! গেল আগস্টে স্প্যানিশ ম্যাগাজিন পিপল এন এসপানোল–এর জরিপের ফল জানিয়েছিল, চলন-বলন, ফিটনেস, ফ্যাশন—সব মিলিয়ে ২৩ বছর বয়সী ফরোয়ার্ডই সবচেয়ে আবেদনময় পুরুষ! তবে নতুন জরিপটা একটু ভিন্ন। কলম্বিয়ার নির্দিষ্ট সংখ্যক নারীদের মধ্যে জরিপ চালিয়ে দেখা গেছে, বিবাহবহির্ভূত অবৈধ সম্পর্কের ক্ষেত্রে অধিকাংশের পছন্দ রদ্রিগেজ!
জরিপটি চালিয়েছে অ্যাশলেম্যাডিসনডটকম। কলম্বিয়ার ৩ হাজার ১০০ নারীর মধ্যে জরিপ চালিয়ে দেখা গেছে, ৪১ শতাংশ নারী রদ্রিগেজকেই উপযুক্ত প্রেমিক হিসেবে বিবেচনা করেছেন। পরকীয়ার ক্ষেত্রে গত বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ীকেই পছন্দ তাঁদের।
জরিপকারী সংস্থাটি নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘৪১ শতাংশ—দারুণ স্কোর! আকর্ষণীয়, সুঠাম ও চাপা স্বভাবের কারণেই নারীরা রদ্রিগেজকেই তাঁদের আদর্শ প্রেমিক ভাবছেন।’ ১১ শতাংশ ভোট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রাদামেল ফ্যালকাও। তথ্যসূত্র: এএফপি।