'অভিজ্ঞতা'র তৃপ্তি

শীতের হিম হিম সন্ধ্যায়ও বঙ্গবন্ধু স্টেডিয়ামে ছিল বেশ উত্তাপ। ঢাকার মাঠে ফুটবল-দর্শকের এমন ঢল সর্বশেষ দেখা গিয়েছিল বছর তিনেক আগে, আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচে। কালও আঁচটা টের পাওয়া যাচ্ছিল দুপুর থেকেই। জিরো পয়েন্ট থেকে বলাকা চত্বর। বায়তুল মোকাররম থেকে বঙ্গভবনের মোড়। মাথায় লাল-সবুজের ব্যান্ড, টুপি। মুখে আঁকা বাংলাদেশের মানচিত্র। ভুভুজেলা, ঢোল, ড্রাম, বাঁশির শব্দে ছিল সমুদ্রের গর্জন। তরুণ-তরুণী, বৃদ্ধ, স্কুলছাত্র—টুকরো টুকরো মিছিলের গন্তব্য জাপান অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের প্রীতি ম্যাচ।
এশিয়ান চ্যাম্পিয়নদের যুবদলের সঙ্গে জাতীয় দলের লড়াইটা উপভোগ করতেই মাঠে এত দর্শক-উপস্থিতি। ৬০ মিনিট পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। কিন্তু দিন শেষে স্কোরলাইন জাপান যুবদল ৩: ০ বাংলাদেশ।
তবে এভাবে হেরে মোটেও খুশি নন কোচ সাইফুল বারী টিটু, ‘দিন শেষে ৩-০ স্কোরে আমি সন্তুষ্ট না। প্রথমার্ধে যেভাবে খেলেছি, যদি বাকি সময় সেভাবে খেলে যেতাম, তাহলে ওরা একটু হলেও হতাশ হয়ে পড়ত। প্রতি-আক্রমণে গিয়ে হয়তো আরও সুযোগ পেতাম।’ সাইফুলের মতে প্রথম গোলটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, ‘প্রথম গোলই এই ম্যাচের টার্নিং পয়েন্ট। আরও কিছু সময় ওদের আটকে রাখতে পারলে ফলটা অন্য রকমও হতে পারত।’
হারলেও অভিজ্ঞতাটাই বড় অর্জন দেখছেন বাংলাদেশের কোচ, ‘এটা আমাদের জন্য বিশাল অভিজ্ঞতা। আগে ছেলেরা এমন দলের সঙ্গে খেলার আগে ৬-৭ গোল খাওয়ার ভয়ে থাকত। কিন্তু এখন ওরা লড়াই করতে চায়।’ আগামী জানুয়ারিতে দেশের মাটিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল। এর আগে এমন প্রস্তুতি ম্যাচ আরও খেলতে চান অন্তর্বর্তীকালীন কোচ।
জয় নিয়ে মাঠ ছেড়ে খুবই খুশি জাপানি কোচ তেগুরামোরি মাকোতো, ‘প্রথমার্ধ গোলশূন্য গেল। কিন্তু বিদেশের মাটিতে এমন কন্ডিশনে বিচলিত না হয়ে নিজেদের খেলাটা খেলার চেষ্টা করেছে ছেলেরা। দিন শেষে এই জয়ে তাই আনন্দই হচ্ছে।’ প্রথম গোলটা খাওয়ার পর দর্শক মাঠ ছাড়তে শুরু করে। এটাও নাকি প্রেরণা জুগিয়েছে জাপানের, ‘একটি গোল দেওয়ার পর দেখলাম মানসিকভাবে বাংলাদেশ দুর্বল হয়ে পড়েছে। দর্শকও তখন কমে যাচ্ছিল। এটা দেখে ছেলেরা বেশি উজ্জীবিত হয়েছে।’
গোল পাচ্ছিলেন না বলে এতটুকু দুশ্চিন্তায় ছিলেন না জাপান যুবদলের কোচ, ‘ওদের বলেছিলাম, আমাদের খেলাটাই আমরা খেলে যাব। তাহলে গোল আসবেই এবং সেটাই হয়েছে।’ তবে খেলোয়াড়দের উজ্জীবিত করতে আসল মন্ত্রটা দেন একটু পরই, ‘বিরতির সময় ছেলেদের বললাম বাকি ৪৫ মিনিট দিয়ে তোমাদের এ বছরের ফুটবল শেষ হচ্ছে। বছরটা জয়, ড্র না হার দিয়ে শেষ করবে সেটা নির্ভর করছে তোমাদের ওপর।’ ব্যস, দিন শেষে টনিকটা ভালোই কাজে লেগেছে।