'অল স্টারস ক্রিকেট ব্যবসা নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেন্ডুলকার
টেন্ডুলকার

অল স্টারস টি-টোয়েন্টি ক্রিকেট লিগের ভাবনা নিয়ে শচীন টেন্ডুলকার ও শেন ওয়ার্ন যখন প্রথম প্রকাশ্যে এলেন, কেউ কেউ এই উদ্যোগের পেছনে তাঁদের বাণিজ্যিক উদ্দেশ্যও দেখেছেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল তো জানিয়েও দিয়েছেন—বুড়োদের নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি। তবে আসছে নভেম্বরে শুরু টুর্নামেন্ট নিয়ে তাঁদের যে ব্যবসায়িক অভিলাষ নেই, সেটি সাফ জানিয়ে দিলেন শচীন টেন্ডুলকার, ‘শেন ও আমার কাছে অল স্টারস কোনো ব্যবসা নয়।’
ভারতের টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিকেটের সাবেকদের নিয়ে টি-টোয়েন্টি লিগ আয়োজনের উদ্দেশ্যটাও জানিয়ে দিলেন ব্যাটিং কিংবদন্তি, ‘অল স্টারসের মধ্যে দিয়ে ক্রিকেটের সঙ্গে বন্ধনটাকে আরও জোরালো করতে চাই আমরা। খেলা ছাড়লেও আমাদের দুজনেরই ক্রিকেটের প্রতি ভালোবাসা আগের মতোই অটুট। আমরা খেলাটাকে বিশ্বে ছড়িয়ে দিতে চাই। অল স্টারস সাবেক ক্রিকেটারদের একত্র হওয়ার, একত্রে বেড়ানোর সুযোগ করে দেবে। আমাদের বন্ধনটা আরও দৃঢ় হবে। বন্ধুত্ব নবায়নের একটা প্ল্যাটফর্ম হবে এটা।’
সবকিছু ঠিক থাকলে ৭, ১১ ও ১৪ নভেম্বর নিউইয়র্ক, হিউস্টন ও লস অ্যাঞ্জেলেসে হবে তিনটি ম্যাচ। টেন্ডুলকার ও ওয়ার্নের দলে ভাগে হয়ে ম্যাচ খেলবেন খেলোয়াড়েরা। ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে সাবেক তারকারা অংশ নেবেন এতে। কারা খেলবেন সেটি বিভিন্ন সময় সংবাদমাধ্যমে এলেও কোন দলে কারা থাকবেন, সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে আগামী সপ্তাহে কিংবা তার পরের সপ্তাহে দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন টেন্ডুলকার।
উদ্দেশ্য যখন ক্রিকেটের বিশ্বায়ন, তখন ক্রিকেট জনপ্রিয় নয় এমন দেশগুলোতেই ভবিষ্যতে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের বাইরেও ভবিষ্যতে সিঙ্গাপুর, হংকং কিংবা চীনেও হতে পারে অল স্টারস টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আর বছরে একবার নয়, প্রতি তিন মাস অন্তর হতে তিন ম্যাচের অল স্টারস ক্রিকেট সিরিজ।
এই টুর্নামেন্টের ধারণাটি এল কীভাবে? মেরিলিবোন ক্রিকেট ক্লাবের দ্বিশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এমসিসি বনাম বাকি বিশ্ব একাদশের ম্যাচটি খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন টেন্ডুলকার। লর্ডসে ওই ম্যাচ শেষেই অল স্টারস টুর্নামেন্টের ধারণাটা মাথায় আসে ভারতীয় কিংবদন্তির। শেন ওয়ার্নের মাথায়ও চিন্তাটা ঘুরছিল। বাকিটা শুনুন টেন্ডুলকারের মুখেই, ‘দুজনের ভাবনাটা যখন মিলে গেল; তখন সাবেক খেলোয়াড়দের নিয়ে কেন একটা বিশেষ টুর্নামেন্টের আয়োজন নয়? এর পরই টুর্নামেন্ট নিয়ে সামনে এগোনোর শুরু।’ দ্য টেলিগ্রাফ।