'অলৌকিক' কিছুর খোঁজে ফন গাল

পাঁচ বছর আগে বুন্দেসলিগার স্মৃতি খুব করে মনে হচ্ছে লুই ফন গালের। ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়ে তিনি শক্তি খুঁজতে চান ২০০৯ সালে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের অভিজ্ঞতা থেকে। সেবার ভারসাম্যহীন একটি দলকে কীভাবে যেন এনে দিতে পেরেছিলেন লিগের শিরোপা। পুরো ব্যাপারটাই নাকি ফন গালের কাছে ‘অলৌকিক’ একটা কিছু। এবার ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে তেমনই ‘অলৌকিক’ কিছুর সন্ধান করছেন তিনি।
সন্ধান করবেনই বা না কেন? ম্যানচেস্টার ইউনাইটেডের যা অবস্থা! খুব ঢাকঢোল পিটিয়ে মৌসুম শুরুর পর লিগের প্রথম ম্যাচেই সোয়ানসি সিটির বিপক্ষে হার, কাল দ্বিতীয় ম্যাচে কোথায় ঘুরে দাঁড়ানো যাবে, উল্টো সান্ডারল্যান্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগিই করে বসল তারা। ১-১ গোলে অমীমাংসিত এই ম্যাচের পর ফন গাল যেন রীতিমতো আত্মসমর্পণে উদ্যত, ‘এই দল মোটেও চ্যাম্পিয়ন হওয়ার মতো কিছু নয়। এই দল নিয়ে শিরোপা জিততে হলে “অলৌকিক” কিছু ঘটতে হবে।’
রবিন ফন পার্সির ফেরার ম্যাচটিতে কিছুটা উজ্জীবিতই ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। একদা নায়ক কাল হতাশই করেছেন সমর্থকদের। হতাশ করেছেন স্বদেশি কোচ ফন গালকেও। ম্যাচের ৬৩ মিনিটেই তুলে নেওয়া হয় তাঁকে। ওয়েইন রুনিও খুব একটা প্রভাব বিস্তার করতে পারেননি। অগোছালো ফুটবল খেলে পুরো ম্যাচে সমর্থকদের হা-হুতাশই কেবল বাড়িয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়েরা।
খেলার ১৭ মিনিটে হুয়ান মাতার গোলে এগিয়ে যায় ইউনাইটেড। গোলটি আসে ভ্যালেন্সিয়ার পাস থেকে মাতার আলত টোকায়। কিন্তু ৩০ মিনিটেই গোলটি শোধ করে দেন সান্ডারল্যান্ডের জ্যাক রডওয়েল।
এদিকে, দ্বিতীয় ম্যাচেও প্রিয় দলের পয়েন্ট হারানোটা কিছুতেই মেনে নিতে পারছেন না ইউনাইটেড-ভক্তরা। তবে কী আবারও ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতে যাচ্ছে ডেভিড ময়েসের সময়কার দুঃস্বপ্ন, নতুন করে! প্রশ্নটির উত্তর হয়তো এখনই দেওয়া সম্ভব নয়, মৌসুমের শুরুটা কিন্তু তেমন কিছুরই ইঙ্গিত দিচ্ছে।
কোচ লুই ফন গাল আবারও ক্লাব কর্তাদের তাগাদা দিয়েছেন দুর্বল জায়গাগুলো ভালো, নামকরা তারকাদের দিয়ে পূরণ করতে। অ্যাঙ্গেল ডি মারিয়া আসছেন, কিন্তু তাঁর পাশাপাশি এই মুহূর্তেই দলে নাকি আরও কিছু ভালো খেলোয়াড়ের দরকার, ‘নতুন কিছু ফুটবলার নিতে হবে। নতুনেরা প্রতিষ্ঠিত তারকা হলে খুব ভালো হয়। দলটি খুব করেই আত্মবিশ্বাস আর ভরসার জায়গা খুঁজে ফিরছে। দলের মনোবলের জন্যই তারকা খেলোয়াড়ের সমারোহ খুব করেই প্রয়োজন।’ বিশ্বের সেরা ট্যাকটিশিয়ান আশ্রয় খুঁজছেন প্রতিষ্ঠিত তারকায়! হাল কি তবে ছেড়েই দিচ্ছেন এই ডাচ কোচ? সূত্র: এএফপি, রয়টার্স।