'আত্মত্যাগের' জন্য মরিনহোর ধন্যবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির ঢং ঢং ঘণ্টা বেজে গেছে ইউরোপিয়ান ফুটবলে। বড়দিনের ছুটিতে নেইমার-মেসিরা ফিরে গেছেন ব্রাজিল-আর্জেন্টিনায়, উচ্ছল সময় কাটাচ্ছেন স্বজনদের সঙ্গে। কিন্তু ইংলিশ লিগে কোনো বিরতি নেই। এই তো, বড়দিনের এক দিন পরেই আজ মাঠে নেমে যাচ্ছে সব দল। উৎসবের আমেজে এত বড় ‘আত্মত্যাগের’ জন্য ইংলিশ লিগের ফুটবলারদের আলাদা ধন্যবাদ প্রাপ্য বলেই মনে করেন হোসে মরিনহো।
ওয়েস্ট হামের সঙ্গে ম্যাচের আগে মরিনহো কাল বললেন, ‘এ মুহূর্তে জার্মানরা সমুদ্রসৈকতে, স্প্যানিশরা মালদ্বীপে রোদ পোহাচ্ছে, বাকিরাও এ রকমই করছে। কিন্তু এই দেশে আপনাকে ২২ তারিখ খেলতে হচ্ছে, বক্সিং ডেতে (আজ) খেলতে হচ্ছে, ২৮ তারিখ, এমনকি বছরের প্রথম দিনেও খেলতে হবে। এখানে বড়দিন-টিন নেই, শুধু ফুটবল। এ জন্যই আমি মনে করি খেলোয়াড়দের একটা সম্মান প্রাপ্য। গোটা দেশের সমর্থকেরাই ওদের সম্মান দিচ্ছে, সব স্টেডিয়ামের টিকিটই তো বিক্রি হয়ে গেছে।’
মরিনহো না হয় ইংল্যান্ডের এই রীতির সঙ্গে অনেক আগে থেকেই অভ্যস্ত। লুই ফন গালের জন্য এটি নতুন এক অভিজ্ঞতা। ইংল্যান্ডের ক্লাব ফুটবলে যে এবারই প্রথম তিনি। ইউনাইটেড কোচ প্রথমবারেই ব্যতিক্রমী একটা কাজ করে ফেলেছেন। বড়দিনে সাধারণত ইংল্যান্ডে সকালবেলা ফুটবলারদের ছুটি দেওয়া হয়। সময়টা তাঁরা কাটান পরিবারের সঙ্গে। পরে বিকেল থেকে শুরু হয় অনুশীলন। ফন গাল নিউক্যাসলের সঙ্গে ম্যাচের আগে কাল পুরো দিনটাই ছুটি দিয়ে দিয়েছেন খেলোয়াড়দের। ইউনাইটেড কোচের ব্যাখ্যা, ‘স্ত্রী-সন্তানের সঙ্গে বাসায় সময় কাটিয়ে তারা বেশি খুশি হচ্ছে। আমি আশা করব, এর পর তারা প্রতিপক্ষকে হারাতে নিজেদের সেরাটা উজাড় করে দেবে।’ এএফপি।