'আমরা এখনো কিছুই জিতিনি'
সাত বছর ধরে বার্সেলোনায় আছেন, ক্লাবের হয়ে জিতেছেন সম্ভাব্য সবকিছুই। আরও একবার শিরোপাত্রয়ী হাতছানি দিচ্ছে জেরার্ড পিকেকে। বার্সেলোনা ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ডিফেন্ডার কথা বললেন অনেক কিছু নিয়েই।
এই মৌসুম নিয়ে
আমি নিজেকে আরও ভালো করার চেষ্টা করছি। দলকে কীভাবে আরও ভালো করা যায় সেদিকেই আমার মনোযোগ। আমরা যে তিনটি ট্রফি জেতার খুব কাছাকাছি চলে গেছি সেটাই বলে দিচ্ছে সবকিছু। তবে তিনটি ট্রফি জিততে পারলেই শুধু বলতে পারব আমরা একটা ভালো মৌসুম কাটিয়েছি। আমি খুব খুশি, এই মৌসুমটা উপভোগ করতে পারছি।

শিরোপাত্রয়ীর সম্ভাবনা
আমরা এখনো শিরোপাত্রয়ীর জন্য লড়ছি। তবে চারদিকে আবহটা এমন আমরা যেন এর মধ্যেই এটি জিতে গেছি। এবারের রাস্তাটা মোটামুটি শেষের দিকে, তবে সবচেয়ে কঠিন পথটাই এখনো বাকি। মজার ব্যাপার, আমরা জানুয়ারিতেও এমন কিছু ভাবিনি, মৌসুমের শুরুতে তো বটেই। আপাতত যত তাড়াতাড়ি সম্ভব আমরা লিগ জিততে চাই। আশা করি, ক্যালদেরনেই সেটা হয়ে যাবে। ওখান থেকে পূর্ণ পয়েন্ট পেলে আমরা ধরে নিতে পারব, সবকিছুই আমরা ঠিকঠাক করেছি। আমার মনে হয় সবাই আমাদের পাশেই আছে। সবাই আমাদের হাতে তিন শিরোপা দেখতে চায়।
পক্ষে আছে যেসব দিক...
বাকিদের চেয়ে আমরা যেদিকটাতে এগিয়ে—আমাদের অনেক খেলোয়াড় লম্বা সময় ধরে একসঙ্গে খেলছে। জাভি, আন্দ্রেস (ইনিয়েস্তা), লিও (মেসি), বুসি (বুসকেটস), পেদ্রো, মাচে (মাচেরানো)। আমরা অনেক বছর ধরে এই ক্লাবে আছি। এখনকার সময়ে এ ব্যাপারটা খুব একটা দেখা যায় না। শিরোপা জেতার জন্য এখন অনেক বেশি চাপ থাকে। আমাদের নিজেদের একটা দর্শন আছে, খেলার নিজস্ব একটা ধরন আছে। সবকিছু মিলিয়ে মানুষ আমাদের ওপর আস্থা রাখছে।
মেসি, নেইমার ও সুয়ারেজ
জয়ের জন্য কৃতিত্বটা যেমন আক্রমণভাগকে দিতে হয়, হারের জন্য দায় নিতে হয় রক্ষণকে। আমাদের সামনের তিনজনের মতো এমন ত্রয়ী আমি আগে কখনো দেখিনি। কিছুদিন ধরে আমাদের স্ট্রাইকাররা নিজেদের দারুণভাবে মেলে ধরতে পারছে। আমাদের খেলার ধরন, একে অন্যের সঙ্গে বোঝাপড়া, সবকিছু মিলেই ওরা আসলেই অনন্য।
চ্যাম্পিয়নস লিগ ফাইনাল
জুভেন্টাস অসাধারণ একটা মৌসুম কাটিয়েছে। তারা নিজেদের যোগ্যতা দিয়েই এত দূর এসেছে। আমরা নিজেদের ফেবারিট মনে করছি না। ফাইনালটা ৫০-৫০ হবে। গত মাসে যেমন খেলেছি আমাদের সেটা ধরে রাখতে হবে। ওদের জন্য আমাদের পুরোপুরি শ্রদ্ধা আছে। তবে অবসর নেওয়ার আগে আমি রিয়াল মাদ্রিদের সঙ্গে একবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলতে চাই। আমরা জানি, এখানে পৌঁছানো কতটা কঠিন। শুধু আমাদের জন্য নয়, ওদের জন্যও বটে।
লুইস এনরিকে
আমি জানি না তিনি থাকবেন কি না। তাঁর চুক্তির এখনো এক বছর বাকি। আমার মনে হয় এটাই তাঁর জায়গা, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাঁরই।