ডর্টমুন্ডের কোচ আর খেলোয়াড়দের মন ছেয়ে আছে একটা দুঃখ। একটা বিষয় তাঁরা মেনে নিতে পারছেন না। নাহ্, মোনাকোর কাছে ৩-২ গোলে হেরে যাওয়া নিয়ে একদম ভাবছেন না তাঁরা। এই ম্যাচের ফল নিয়ে ভাবার মতো মানসিক অবস্থাও তাঁদের নেই। ডর্টমুন্ড কোচ-খেলোয়াড়দের দুঃখটা তাহলে কী? মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পরের দিনই যে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে মাঠে নামতে হলো। আর উয়েফা নাকি সিদ্ধান্তটা নিয়েছে তাদের সঙ্গে আলোচনা না করেই।
চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগের ডর্টমুন্ড-মোনাকো ম্যাচটা হওয়ার কথা ছিল গত মঙ্গলবার। ডর্টমুন্ডের খেলোয়াড়েরা মোনাকোর বিপক্ষে খেলতে বাসে করে যাচ্ছিলেন নিজেদের স্টেডিয়ামে। কিন্তু রওনা দেওয়ার খানিক পরই বাসের কাছেই ঘটল বোমা বিস্ফোরণ! একটি নয়, পরপর তিনটি! এত কাছে বিস্ফোরণ যে সঙ্গে সঙ্গেই ভেঙে যায় কেঁপে ওঠা বাসের জানালার অনেক কাচ। ডর্টমুন্ড ডিফেন্ডার মার্ক বার্ত্রার হাতে আঘাতও লেগেছে। ম্যাচটি সেদিন আর হয়নি। হয়েছে পরশু।
ম্যাচ শেষে ফুটবল নিয়ে কথা না বলে উয়েফার সমালোচনা করেছেন ডর্টমুন্ডের ডিফেন্ডার সক্রাতিস পাপাস্থাথোপুলোস, ‘আমি খুশি যে বেঁচে আছি। এটা ছিল আমার জীবনের কঠিনতম দিন। তাদের (উয়েফা) বুঝতে হবে যে আমরা পশু নই, আমরা মানুষ। আমাদের পরিবার আছে। ছেলেমেয়ে আছে, ঘর আছে।’
এমন ভয়াবহ ঘটনার পরের দিনই ম্যাচটি খেলার জন্য মানসিকভাবে তৈরি থাকা যায় না। ডর্টমুন্ডের মিডফিল্ডার নুরি শাহিন জানালেন ফুটবল নিয়ে ভাবার সময়ই তাঁরা পাননি, ‘আমরা জানতাম যে ফুটবলে মনঃসংযোগ করাটা সহজ হবে না। ম্যাচ শুরুর আগ পর্যন্তও ওসবই আমার মাথায় ঘুরছিল। আমরা সবাই মানুষ। আমি যে কত ভাগ্যবান সেটা বুঝতে পেরেছি বাড়ি ফিরে স্ত্রী আর ছেলেকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে।’
ডর্টমুন্ডের কোচ টমাস টুখেল রীতিমতো ক্ষুব্ধ, ‘আমাদের কিছু জিজ্ঞেস করা হয়নি। মোবাইল বার্তায় আমাদের জানানো হয় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুইজারল্যান্ডে (উয়েফার কার্যালয়)।’ এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন মোনাকোর কোচ লিওনার্দো জারদিমও, ‘এই ম্যাচের প্রস্তুতি নেওয়া কঠিন ছিল। গত রাতে (মঙ্গলবার) খেলোয়াড়েরা তাদের পরিবারের সদস্য আর বন্ধুদের ফোন করেছে। খেলায় মনোযোগ ছিল খুব কম।’ তবে দুই দলের সঙ্গে কথা না বলে পরের দিন ম্যাচ আয়োজনের সিদ্ধান্তের কথা অস্বীকার করেছে উয়েফা। এএফপি, রয়টার্স।