'আমরা লড়াই করতে জানি'

আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়াড মিশন। এশিয়ান গেমসে বাংলাদেশের সাফল্য এখনো মরীচিকা। এশিয়াডে এ পর্যন্ত ২০ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে কেবল দুটিতে। হার বাকি ১৮ ম্যাচেই । এই ২০ ম্যাচে বাংলাদেশ গোল করেছে ৭টি, খেয়েছে ৫৯টি!
এশিয়াডে ধারাবাহিক ব্যর্থতার ভিড়ে সাফল্যের গল্প সামান্যই। ‘সাফল্য’ বলতে ১৯৮২ দিল্লি এশিয়াডে মালয়েশিয়াকে ২-১ গোলে আর ১৯৮৬ সিউল এশিয়াডে নেপালকে ১-০ গোলে হারানো। এবারের আসরে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, হংকং ও আফগানিস্তান। উজবেকিস্তান নিয়ে কোনো কথা নেই। যেকোনো বিচারেই বাংলাদেশের কাছে উত্তর এশিয়ার দেশটি মহা প্রতিপক্ষ। হংকংকে ২০০৭ সালে একবার হারানোর অভিজ্ঞতা থাকলেও গত এশিয়াডে এই দলটির কাছেই বাংলাদেশ হেরেছিল ৪-১ গোলে। ধারে-কাছের প্রতিপক্ষ কেবল আফগানিস্তান। কিন্তু তার পরও কথা থেকে যায়। সাম্প্রতিক কালে আফগানিস্তান দেখিয়েছে নিজেদের উন্নতি। গত সাফের চ্যাম্পিয়ন আফগানরাও এখন বাংলাদেশের প্রবল প্রতিপক্ষ। তবুও ভালো কিছুর স্বপ্ন দেখতে তো আর বাধা নেই। নিজেদের প্রথম ম্যাচের আগে প্রথম আলোর সঙ্গে এই স্বপ্ন নিয়েই কথা বললেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক মামুনুল ইসলাম।
লক্ষ্য
এশিয়ান গেমস অনেক বড় একটা প্রতিযোগিতা। এশিয়ার শীর্ষ পর্যায়ের দলগুলো খেলবে এই প্রতিযোগিতায়। আমরা তো তাদের ধারে-কাছেও নেই। আমাদের গ্রুপটা দেখেন, আমাদের গ্রুপে রয়েছে উজবেকিস্তান, হংকং ও আফগানিস্তান। উজবেকিস্তান তো বিশ্বকাপ খেলার মতো দল। তাদের বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ খেলার অভিজ্ঞতা রয়েছে। হংকং বিত্তশালী একটি দেশ। সাম্প্রতিক কালে হংকং ভালো করছে। উজবেক-হংকংয়ের লিগগুলোর যে মান বা তাদের যে পেশাদারি, তার ধারে-কাছেও আমরা নেই! এ দুই দলের তুলনায় আফগানিস্তান কিছুটা পিছিয়ে। তাও তারা সাফ চ্যাম্পিয়ন। আমাদের গ্রুপে প্রতিটি দলই শক্তিশালী। ভালো কিছু করার চিন্তা করলে আমাদের আফগানিস্তানকে টার্গেট করতে হবে। চেষ্টা করব ভালো কিছু করার।
দলের সমন্বয়
টিম স্পিরিট অনেক বেশি। তবে অধিকাংশই তরুণ খেলোয়াড়। কয়েকজন বাদে অনেকেরই পরিপক্বতা এখনো সেভাবে আসেনি। সময় আছে এসব ঘাটতি পূরণের, ভালো পারফর্ম কিংবা কামব্যাক করার। দেশের মানুষের প্রত্যাশা সব সময়ই থাকে। এখন পর্যন্ত সে প্রত্যাশা পূরণ করতে পারিনি। তবে চেষ্টা থাকবে এবার ভালো কিছু করা।
ফুটবলে মানুষের অবাক ভালোবাসা

বাংলাদেশের ফুটবল কখনোই হারায়নি। পূর্বসূরিরা ফুটবলকে যেখানে রেখে গিয়েছিলেন, এখনো সেখানেই আছে। তবে এখান থেকে উন্নতি করতে হলে দেশের মাটিতে অনেক বেশি পরিমাণে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন জরুরি। মানুষ ক্লাব ফুটবলের ম্যাচ দেখতে যায় না। তবে আন্তর্জাতিক ম্যাচ দেখতে ঠিকই যায়। সিলেটে যে জনজোয়ার হয়েছে, সেটা ছিল একটা রেকর্ড। সত্তরের দশকের পর এমনটা আর হয়েছে কি না, মনে পড়ে না। এটা একটা ইতিহাসও বলতে হবে। এ ইতিহাসটা কেন হলো? অবশ্যই আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচের জন্য। এ ধরনের ম্যাচ হলে দেশকে সমর্থন করতে মানুষ স্বতঃস্ফূর্তভাবেই মাঠে চলে আসে। ফুটবলের উন্নয়নে এ ধরনের ম্যাচের বিকল্প নেই। প্রতিবছর এ ধরনের ম্যাচ আরও বেশি আয়োজন করলে দেশের ফুটবল অনেক এগিয়ে যাবে। দর্শকও মাঠে আসবে।
তবুও আশা
আমরা যা-ই করি সব দেশের জন্য। আমরা খেলি দেশের জন্য। সফল হই কি হই না, সেটা পরের ব্যাপার, কিন্তু মাঠে নেমে সব সময় দেশের কথাই চিন্তা করি। দেশকে ভালো কিছু দিতে চাই। দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। তবুও আমরা লড়াই করতে জানি। কোনো খেলোয়াড়ই হারতে চায় না। আমি দেশবাসীকে এতটুকু বলতে পারি, এশিয়ান গেমসের প্রতিটি ম্যাচেই আমরা লড়াই করব। ভাগ্য সহায় থাকলে ভালো কিছু হয়েও যেতে পারে।