'আমার মানের আর দুই-একজন যদি থাকত!'

মাদ্রিদ-ডার্বি জিতে শিরোপার আশাটা বাঁচিয়ে রাখার প্রত্যাশা ছিল রিয়াল সমর্থকদের। কিন্তু ‘ব্লাঙ্কোস’রা নয়, এই দ্বৈরথ জিতে নিল ‘রোজিব্লাঙ্কো’রাই। শনিবার অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে লা লিগার শিরোপার আশা প্রায় জলাঞ্জলিই দিয়েছে রিয়াল মাদ্রিদ।
কিন্তু কেন এমন হলো? উত্তরটা জানেন দলের তুরুপের তাস ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়ালের এই চেহারার কারণটা বিশ্লেষণ করলেন এভাবে, তাঁর মানের আর দুই-একজন খেলোয়াড় থাকলেই শিরোপার লড়াইয়ে রিয়াল সবার ওপরেই থাকত!
কিন্তু সত্যিই কি তাই? অ্যাটলেটিকোর বিপক্ষে কালকের ম্যাচটা রোনালদোকে ভুলে যেতেই পরামর্শ দেবেন সমর্থকেরা। কিন্তু নিজের পারফরম্যান্স ভুলে দলের ব্যর্থতার জন্য দলীয় সমম্বয়কেই দায়ী করছেন পর্তুগিজ তারকা। তাঁর চোখে, এই রিয়াল মাদ্রিদ মিলিয়ন ডলারে তৈরি হলেও দলে অনেক খেলোয়াড়ই আছে, যাঁরা এই পর্যায়ে শিরোপা লড়াইয়ের জন্য উপযুক্ত নন! রোনালদোর মুখেই শুনুন, ‘সতীর্থদের কাউকে আমি খাটো করছি না। তবে আমার কাছে মনে হয়েছে, ওরা ভালো খেলোয়াড় হলেও ওদের পুরোপুরি সেরা বলা যায় না।
কোনো রাখঢাক না রেখেই নির্দিষ্ট করে খেলোয়াড়দের নামও বলেছেন রোনালদো, ‘দেখুন আমি বেনজেমা, পেপে, মার্সেলো, বেলদের সঙ্গে খেলতে পছন্দ করি। কিন্তু হেসে রদ্রিগেজ, লুকাস ভাসকুয়েজ, মাতেও কোভাভিচরা দারুণ খেলোয়াড় হলেও তাদের ঠিক সেরা বলা যাবে না।’
রোনালদো যা-ই বলুন, রিয়াল সমর্থকেরা কিন্তু ভাবছেন অন্য কিছু। খেলোয়াড় নয়, তাদের লক্ষ্যবস্তু ক্লাবের পরিচালনা পর্ষদ। গতকালের ম্যাচ শেষেই স্লোগান উঠেছিল, ‘ফ্লোরেন্তিনো পেরেজ, রিয়ালের সভাপতি হিসেবে তোমার দিন শেষ।’
এই মৌসুমটা নানা দিক দিয়েই রিয়ালের জন্য ‘পয়া’ হয়ে উঠতে পারেনি। মাঠের পারফরম্যান্স তো ছিলই, মাঠের বাইরেও গোটা মৌসুমজুড়ে দলটাকে কেমন যেন ছন্নছাড়া দেখিয়েছে।
অযোগ্য-বিবেচিত খেলোয়াড় খেলানোর দায়ে কোপা ডেল রে থেকে বহিষ্কৃত হতে হয়েছে রিয়ালকে। বছরের শুরুতে রাফায়েল বেনিতেজকে সরিয়ে জিনেদিন জিদানকে মূল কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা গুরুত্বপূর্ণ সময়ে যেভাবে তাদের সব তারকাকে একসঙ্গে জ্বলে উঠতে দেখেছে, রিয়াল তা দেখেনি। খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। চোটের মিছিলও বেশ কয়েকজন তারকাকে সেরাটা খেলতে দেয়নি।
অ্যাটলেটিকোর বিপক্ষে হার হতাশায় ডুবিয়েছে জিদানকেও, ‘আমাদের লিগ শিরোপার আশা ত্যাগ করাই ভালো। আজ (পড়ুন গতকাল) দল যা খেলল, সেটা সত্যিই আমি আশা করিনি। ঘরের মাঠে অ্যাটলেটিকোর বিপক্ষে হারটা ঠিক হজম করা যায় না।’ সূত্র: এএফপি