'আমার সঙ্গে শেখ জামালের চুক্তিটাই ভুয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েডসন আনসালমে l প্রথম আলো
ওয়েডসন আনসালমে l প্রথম আলো

তাঁর জন্য ব্যাকুল হয়ে উঠেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দেড় মাস পর শেষ হলো অপেক্ষার। অবশেষে ফিরলেন ওয়েডসন আনসালমে। পরশু ভোরে হাইতি থেকে ২০ ঘণ্টার ভ্রমণ শেষে ঢাকায় নেমেই তিন ঘণ্টা পর চট্টগ্রামে। বিকেলেই নেমে পড়লেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচে। দল ড্র করলেও গোল এনে দিয়ে নিজের কাজটা ঠিকই করেছেন ওয়েডসন।
ওই ম্যাচের আগে চট্টগ্রামের হোটেলকক্ষে বসে হাইতিয়ান স্ট্রাইকার উগরে দিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ওপর তাঁর যত ক্ষোভ। তাঁকে নাকি ইচ্ছার বিরুদ্ধে আনা হয়েছে। এই দলে আর খেলবেন না বলে জার্সি-শটসসহ সবই বিলিয়ে দিয়েছেন পরিচিতজনদের।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে আসা অন্যতম সেরা বিদেশি ওয়েডসন। স্বদেশি সনি নর্দের মতো তারকাখ্যাতি না পেলেও গত দুই মৌসুমে শেখ জামালকে সাফল্যে মুড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা তাঁরই। দুটি লিগে ২৬ ও ১৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা। দুটি ফেডারেশন কাপে সর্বোচ্চ গোলদাতা, ফাইনালসহ টুর্নামেন্ট-সেরাও। স্বাভাবিকভাবেই এই ‘গোলমেশিন’-এর চলে যাওয়ায় শক্তি কমে যায় শেখ জামালের। তাঁকে আবার ফিরে পেয়ে দলটির অন্দরে স্বস্তির হাওয়া। কিন্তু ওয়েডসনকে মনে হচ্ছে চরম অসুখী—
l কলকাতা ইস্টবেঙ্গলে চলে যাচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়েছিল। শেষ পর্যন্ত গেলেন না কেন?
ওয়েডসন আনসালমে: কথাটা আমিও শুনেছি। ফেসবুকে দেখলাম, কেউ বলছে আমি ইস্টবেঙ্গলে যাচ্ছি, কেউ বলেছে অন্য দল। তবে এসবের কোনো ভিত্তি নেই।
l কিন্তু শেখ জামাল সভাপতি মনজুর কাদেরের কাছে ইস্টবেঙ্গল ক্লাব থেকে ফোন এসেছিল আপনাকে ছাড়ার জন্য...
ওয়েডসন: এটা আমি জানি না। ইস্টবেঙ্গল এখানে ফোন করবে কেন? আমি তাদের খেলোয়াড় নাকি!
l গুঞ্জনটা ভিত্তি পায় আপনি আর শেখ জামালে ফিরবেন না বলায়...
ওয়েডসন: কোনো রহস্য নেই। আমি হাইতিতে আমার বাড়িতে গিয়েছিলাম। খুব দরকার ছিল বাড়ি যাওয়ার। ব্যক্তিগত জীবনে অনেক সমস্যার মধ্যে আছি।
l কী সমস্যা। একটু বলা যাবে?
ওয়েডসন: সমস্যাটা স্ত্রীর সঙ্গে (হাইতিয়ান)। সে বিচ্ছেদ চায়। আর সেটা চাইলে আমি তো বাধা দিতে পারি না।
l তাহলে আর সমস্যা কী?
ওয়েডসন: সমস্যা হলো, আমাদের চার বছরের একটি ছেলে আছে। তাকে আমি চাই। কিন্তু আমার স্ত্রী ছেলেকে নিয়ে এখন আমেরিকায় থাকে। ছেলেকে সে দেবে না। আমার সঙ্গে কথা বলতে পর্যন্ত দেয় না! সে কোর্টে যেতে পারে। কোর্টে গেলে আরেক সমস্যা। দৌড়াদৌড়ি বাড়বে আমার। এসব কারণে আমার মাথায় এখন খেলাটা নেই। শেখ জামালের এটা বোঝা উচিত।

l শেখ জামাল তো বলছে, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত তাদের সঙ্গে আপনার চুক্তি। সেটা হলে আপনাকে তারা চাইতেই পারে...

ওয়েডসন: ফেব্রুয়ারি পর্যন্ত একটা চুক্তি কাগজপত্রে আছে। তবে এটা আমার ইচ্ছার বিরুদ্ধে করা হয়েছে। এর কোনো ভিত্তি নেই।

l ভিত্তি নেই মানে কী?

ওয়েডসন: দেখুন, আমি আমার দেশের ক্লাব ব্ল্যাক ইগলস-খ্যাত এইজেল নইয়ের সঙ্গে ২০১৭ পর্যন্ত চুক্তিবদ্ধ আছি। ওখান থেকে প্রথম বছর ধারে এসেছিলাম শেখ জামালে। পরের বছর আমাকে রাখতে এইজেলের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল শেখ জামালের, কিন্তু সেটা তারা করেনি। তবু আমি খেলে গেছি। এই বছরও এইজেলের সঙ্গে কথা না বলে শেখ জামাল প্রেসিডেন্ট কীভাবে ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি করেন?

l একটা ক্লাব আপনাকে ধারে এত লম্বা সময়ের জন্য ছাড়ল?

ওয়েডসন: হ্যাঁ, এইজেল সব জেনেই আমাকে ছেড়েছে। তবে তাদের অনুমতি ছাড়াই শেখ জামাল আমার সঙ্গে চুক্তি করেছে। আমি এখন ফিফায় গেলে শেখ জামালের জরিমানা হবে। শেখ জামালের বিরুদ্ধে ফিফায় অভিযোগ করতে চায় না এইজেল। আসলে আমার সঙ্গে শেখ জামালের চুক্তিটাই ভুয়া। সে জন্য আমি ঢাকা ছাড়ার সময় বলে যাই, আর আসব না।

l আপনার সম্মতি ছাড়া শেখ জামাল ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি করবে, এটা কীভাবে সম্ভব?

ওয়েডসন: আসলেই আমার এতে সম্মতি ছিল না। শেখ জামাল প্রেসিডেন্ট এটা কেন করলেন, আমার মাথায় ঢোকে না। আমি তো আমার হাইতিয়ান ক্লাবেই ফিরে যেতে চাই।

l তাহলে ভুয়া চুক্তির ভিত্তিতে শেখ জামালে কত দিন খেলবেন?

ওয়েডসন: জানি না। আমি যেকোনো সময় চলে যেতে পারি। এখন এসেছি শেখ জামাল প্রেসিডেন্ট ও কোচ যোসেফ আপুসির অনুরোধ রাখতে। প্রথম দুই মৌসুম এই দলে খেলে আসলে আমি খুশি ছিলাম। কিন্তু এবার খুশি নই। আমি আর শেখ জামালে খেলতে চাই না। প্রেসিডেন্টকে সেটা বলেছি।

l আপনি নাকি শেখ জামালের জার্সি-টার্সিও মানুষকে দিয়ে দিয়েছেন। এটা জেনে ক্লাব কর্মকর্তারা তড়িঘড়ি করে আপনার জন্য নতুন জার্সি বানিয়েছেন...

ওয়েডসন: হ্যাঁ, ওই জার্সি দিয়ে দিয়েছি। কারণ, আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম এখানে আর ফিরব না।

l শেখ জামাল বলছে, তারা আপনাকে গত লিগ শেষে অগ্রিম টাকা দিয়েছে...

ওয়েডসন: টাকা দিয়ে সুখ কেনা যায় না। এক মিলিয়ন ডলার পেয়েও মানসিক সন্তুষ্টি না থাকলে সেই ডলার দিয়ে কী হবে! আমি এই ক্লাবে আর থাকতে চাই না, এটাই আমার ইচ্ছা।

l তাহলে শেষ কথা কি এটাই যে, ইস্টবেঙ্গলেই যাচ্ছেন? নাকি অন্য কোনো চিন্তা করছেন?

ওয়েডসন: আপাতত ব্যক্তিগত সমস্যার সমাধানই আমার কাছে আসল। দুটি ফেডারেশন কাপ, দুটি লিগ শিরোপা এনে দিয়েছি শেখ জামালকে। কিংস কাপ জয়, আইএফএ শিল্ডে রানার্সআপ। আর কী চাই! তাই নতুন চ্যালেঞ্জ নেব। সেটা অন্য কোনো দলের হয়ে, এমনকি ঢাকার আরামবাগ ক্লাব হলেও আপত্তি নেই।