'আমার হৃদয় বলছে রিয়াল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১তম বারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ রিয়াল মাদ্রিদের সামনে। আগামী শনিবারের ম্যাচের আগে মাদ্রিদের অনুশীলনেও তাই সবটুকু ঢেলে দিতে চাইলেন রোনালদো ও রামোসরা l এএফপি
১১তম বারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ রিয়াল মাদ্রিদের সামনে। আগামী শনিবারের ম্যাচের আগে মাদ্রিদের অনুশীলনেও তাই সবটুকু ঢেলে দিতে চাইলেন রোনালদো ও রামোসরা l এএফপি

রিয়াল মাদ্রিদের অনেক প্রতীক্ষার শেষ হয়েছিল তাঁর হাত ধরে। স্বপ্নের লা ডেসিমা এনে দিয়েছিলেন কার্লো আনচেলত্তি। কপাল মন্দ তাঁর, এরপরও সান্তিয়াগো বার্নাব্যুতে ইতালিয়ান এই কোচ বেশি দিন টিকতে পারেননি। বিদায় নিতে হয় চ্যাম্পিয়নস লিগ জেতানোর এক মৌসুম পরেই। আনচেলত্তির পর রাফায়েল বেনিতেজ, তাঁর কাছ থেকে দায়িত্ব এখন আনচেলত্তিরই সহকারী জিনেদিন জিদানের কাঁধে। ফরাসি কিংবদন্তির অধীনে এবার আবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলবে রিয়াল মাদ্রিদ। গোল ডটকমের সঙ্গে সাক্ষাৎকারে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল নিয়ে নিজের মত দিয়েছেন আনচেলত্তি, উঠে এসেছে দুই দলের সম্ভাবনা, বিশ্লেষণ করেছেন লা লিগায় শীর্ষ দলগুলোর পারফরম্যান্সও—

ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী...

আমার মনে হয়, রিয়ালই আবার জিতবে। তবে অ্যাটলেটিকো খুব কঠিন লড়াই করবে
আমার মনে হয়, রিয়ালই আবার জিতবে। তবে অ্যাটলেটিকো খুব কঠিন লড়াই করবে

ফাইনালে রিয়ালের জন্য অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে কঠিন প্রতিপক্ষ সম্ভবত আর হতে পারত না। ওরা আসলেই খুব শক্ত প্রতিপক্ষ, সহজে গোল খায় না। কিন্তু অন্যভাবে দেখলে, সব ফাইনালই তো কঠিন। আমার মনে হয়, আগামী শনিবার মিলানে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং যে দলই জিতুক, ব্যবধান খুব বেশি হবে না। দুই বছর আগে আমিও চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ছিলাম, এই টুর্নামেন্ট নিয়ে আমার অনেক মধুর স্মৃতি। অবশ্যই আমার হৃদয় বলছে রিয়াল। আমার মনে হয়, রিয়ালই আবার জিতবে। তবে অ্যাটলেটিকো খুব কঠিন লড়াই করবে।
দুই বছর আগে লিসবনের ফাইনালের আগে আপনি খেলোয়াড়দের কী বলেছিলেন?
আসলে বাইরে থেকে খেলোয়াড়দের কিছু বলা খুব কঠিন। ওই ম্যাচের স্কোরলাইন দিয়ে ম্যাচটাকে বোঝা যাবে না। আমার মনে হয়, সবকিছুর পরও শেষ পর্যন্ত নিজেদের সেরাটা দেওয়ার জন্য আমার খেলোয়াড়েরা আত্মবিশ্বাসী ছিল। বেঞ্চে বসে ওদের কিছু বলা খুব কঠিন কাজ। ওরা জানত কী করতে হবে এবং সত্যিই খুব ভালো করেছিল।

একে তো ফাইনাল, তার ওপর আবার ডার্বি। কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন মনে আছে?

আমি আসলে আলাদা করে খেলোয়াড়দের ডেকে ডেকে কিছু বলি না। কারণ, আমি শতভাগ নিশ্চিত, ওরা জানে ওদের কাজটা কী। সবাই সবাইকে চেনে, কার কী ভূমিকা জানে। একটা বিষয়ই খেয়াল রাখতে হয়, ফাইনালের ভীষণ চাপটা। যদি আপনি বুঝতে পারেন কোনো খেলোয়াড় খুব চাপে আছে, তাকে ডেকে সেই চাপ দূর করতে কিছু বললেন। দরকার হলে একটা রসিকতা করলেন। চাপটাকে দূরে সরিয়ে রাখা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার।

আপনি কি মনে করেন, কোচ হিসেবে জিনেদিন জিদানের অনভিজ্ঞতা বড় ব্যাপার হয়ে দাঁড়াতে পারে?

আমার মনে হয় না। জিদান এখন পর্যন্ত খুবই চমৎকার কাজ করেছে এবং খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্কও বেশ ভালো। ও নিজে তো এ রকম ফাইনাল খেলেছে। সুতরাং, এই ধরনের ম্যাচের আগে খেলোয়াড়দের মানসিকতা কী রকম থাকে, তা ভালোই বুঝতে পারে। ও খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারবে।

আপনার মনে হচ্ছে, মাদ্রিদ পুরো ছন্দে আছে?

হ্যাঁ, ওরা লিগে মৌসুমটা বেশ ভালোভাবে শেষ করেছে। ফাইনালের প্রস্তুতির জন্য সময় পেয়েছে। আমার মনে হয়, দারুণ ম্যাচ হবে।

রিয়ালের চ্যাম্পিয়নস লিগ জয় কি বার্সেলোনার ডাবল জয়কেও ছাপিয়ে যাবে?

যদি রিয়াল চ্যাম্পিয়নস লিগ জেতে, সেটা হবে তাদের জন্য দারুণ ব্যাপার। কিন্তু তাতে বার্সেলোনা, অ্যাটলেটিকো বা সেভিয়া—কারও কৃতিত্বই কমবে না। আর যদি রিয়াল চ্যাম্পিয়নস লিগ না জেতে, তাহলেও কিন্তু আপনি বলতে পারবেন না যে ওদের মৌসুমটা খুব বাজে গেছে। মৌসুমের শেষ ভাগটা দারুণই কেটেছে ওদের এবং মাত্র ১ পয়েন্টের ব্যবধানে লিগের ট্রফি হারিয়েছে।