'আমি এখানে জিততে এসেছি'

কয়েক সপ্তাহ ধরে চলে আসা গুঞ্জনের অবসান ঘটিয়ে ইব্রাহিমোভিচ অবশেষে যোগ দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। প্যারিস সেন্ট–জার্মেই থেকে ‘কিংবদন্তি’ হয়ে বেরিয়ে এসে ৩৪ বছর বয়সী সুইডিশ স্ট্রাইকার প্রথম সাক্ষাৎকার দিলেন ম্যানচেস্টার ইউনাইটেড টিভিকে
* ম্যানচেস্টার ইউনাইটেডে স্বাগত। কেমন লাগছে আপনার?
ইব্রাহিমোভিচ: আমি অসম্ভব রোমাঞ্চিত। খুবই খুশি লাগছে। এখন নেমে পড়তে হবে আমাদের, শুরু করতে হবে কঠোর পরিশ্রম। আমি খুবই খুশিমনে প্রশিক্ষণের জন্য চলে এসেছি, প্রশিক্ষণে যুক্ত সবার সঙ্গে পরিচিত হওয়ার অপেক্ষায় আছি। এটি বিশাল একটি ক্লাব, এ কারণেই আমি রোমাঞ্চিত।
* নানা জল্পনা-কল্পনা ছিল এবং এ নিয়ে বেশ মজাই করেছেন। এটার শেষ হলো বলে আপনি খুশি তো?
ইব্রাহিমোভিচ: আমি খুশি এবং এখন আমি একটি বিষয়েই মনোযোগ দিতে পারি, সেটি হলো ম্যানচেস্টার ইউনাইটেড জার্সি। এখন সবকিছু পেছনে ফেলতে পারব, কারণ আমি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছি আর সেখানে দলগুলোর চেয়ে আমার ভবিষ্যৎ নিয়েই কথাবার্তা হচ্ছিল বেশি। অবশেষে সবকিছুর অবসান হলো এবং এখন আমি নতুন ক্লাবে মনোযোগ দিতে পারব।
* এই দলবদলে হোসে মরিনহো কতটা গুরুত্বপূর্ণ ছিলেন?
ইব্রাহিমোভিচ: আমার মনে হয়, আমার সিদ্ধান্ত নেওয়াটা বেশ সহজ ছিল, শুধু সবকিছু ঠিকঠাক করতে পারাটাই ছিল একটু কঠিন। আমি তো এটির সঙ্গে মেওয়েদার ও প্যাকিয়াওয়ের লড়াইয়ের সঙ্গে তুলনা করব। অনেকেই বলেছিল এটি কখনোই হবে না, কিন্তু হলো। আমি আমার টিম, ইউনাইটেড ও হোসে মরিনহোকে ধন্যবাদ দিতে চাই, কারণ সবাই মিলেই এটিকে সম্ভব করেছেন। আমি এখন একজন ইউনাইটেড খেলোয়াড়, আমি খুশি, অত্যন্ত খুশি।
* ইন্টারে তাঁর (মরিনহো) সঙ্গে নিশ্চয়ই অনেক ভালো স্মৃতি আছে আপনার?
ইব্রাহিমোভিচ: অনেক ভালো স্মৃতি আছে। একটাই দুঃখ যে, হোসেকে আমি পেয়েছিলাম খুবই অল্প সময়ের জন্য, তবে আমি শিখেছি অনেক কিছু। একটা মাত্র মৌসুম ছিলাম তাঁর সঙ্গে। আমরা একসঙ্গে জিতেছি, একসঙ্গে উদ্যাপন করেছি, একসঙ্গে অনেক সুন্দর সময় কেটেছে আমাদের। শুধু কোচ হিসেবেই তো নয়, আমি তাঁকে ব্যক্তিগতভাবেও জানি। তাঁর সম্পর্কে আমি শুধু ইতিবাচক কথাই বলতে পারি। তিনি একজন বিজয়ী মানুষ, আমিও একজন বিজয়ী, আমরা দুজনই জানি আমরা কী চাই এবং সেটি হলো জয়। আমরা যেখানেই যাই, জয়ের ইচ্ছা নিয়ে যাই এবং আমরা জিতি।
* আপনার উজ্জ্বল ক্যারিয়ারে প্রিমিয়ার লিগে কখনো না খেলাটাই কি ছিল একমাত্র অপ্রাপ্তি?
ইব্রাহিমোভিচ: আমি এটিকে মনে করি একটা বড় চ্যালেঞ্জ। আমি যেখানেই গেছি, জিতেছি। আমি আমার নতুন অভিযানের দিকে তাকিয়ে আছি, এটি আমার ক্যারিয়ার ও জীবনে নতুন অধ্যায়। যদি এখানে জয় পাই, তাহলে আমি ঠিক জানি না আমার মতো বিভিন্ন প্রতিযোগিতায় খেলেছে আর জয় পেয়েছে, এমন খেলোয়াড় কজন পাওয়া যাবে। আমি কঠিন পরিশ্রম করব, আমি তো আমার মানসিকতাটা জানি, আমি এখানে জিততে এসেছি এবং জিততে চাই। সব সাফল্যের পেছনে থাকে কঠোর পরিশ্রম এবং এ পর্যন্ত আমি সেটাই করে এসেছি, এখানে তা-ই করতে যাচ্ছি।
* প্রিমিয়ার লিগে এখন উত্তেজনাকর সময়—নতুন খেলোয়াড়েরা আসছেন, নতুন ম্যানেজাররাও। এটি নিয়ে আপনি কী ভাবছেন?
ইব্রাহিমোভিচ: আমি গোটা প্রিমিয়ার লিগ নিয়ে ভাবছি, ভাবছি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা নিয়ে। প্রতিটি ম্যাচই হবে বিশ্বের জন্য জিবে জল আনার মতো, বিশেষ করে যেভাবে নতুন কোচ ও নতুন খেলোয়াড় আসছেন। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আকর্ষণীয় একটি মৌসুম হতে যাচ্ছে এটি।
* আপনি ১১ মৌসুমে ১০টি শিরোপা জিতেছেন। এখানে তেমনটি পারবেন?
ইব্রাহিমোভিচ: আমি জিততে এসেছি। আমি সময় নষ্ট করতে বা আবহাওয়ার দিকে তাকিয়ে থাকার জন্য আসিনি। আমি এখানে জিততে এসেছি, ওটাই আমার লক্ষ্য। না জেতা পর্যন্ত আমি ক্ষান্ত হব না। ইউরোপা লিগ হোক, হোক যেকোনো প্রতিযোগিতা, আমরা জয়ের জন্যই খেলতে নামব। কোচের সঙ্গে, অন্য খেলোয়াড়দের সঙ্গে সম্মিলিতভাবে কাজটা হলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন।
* মার্কাস রাশফোর্ড ও অ্যান্থনি মার্শিয়ালের মতো প্রতিশ্রুতিশীল স্ট্রাইকাররা আপনার অভিজ্ঞতা থেকে সাহায্য পাবেন নিশ্চয়ই?
ইব্রাহিমোভিচ: আমিও তা-ই মনে করি। বিভিন্ন সংস্কৃতি এবং নানা ধরনের ও বিশ্বমানের খেলোয়াড়দের সঙ্গে মেশার অভিজ্ঞতা আছে আমার। সুতরাং, আমি অনেক জানি। আর প্রথমত প্রতিটি খেলোয়াড়কেই এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। শুধু এই দুজন নয়, আমি সবাইকে সাহায্য করার জন্যই সর্বোচ্চ চেষ্টা করব।
* পিএসজিতে লম্বা একটা মৌসুম ও ইউরোতে খেলে আসার পর আপনার প্রাক-মৌসুম প্রস্তুতি কখন শুরু হবে?
ইব্রাহিমোভিচ: আমি এখন একটু নিশ্বাস ফেলতে পারি, কারণ সব জল্পনা-কল্পনা ও হইচইয়ের পর সবকিছু শেষ হয়েছে। এটি এখন আনুষ্ঠানিক, আমি ইউনাইটেড খেলোয়াড় এবং আমি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। আপাতত আমার একটু বিশ্রাম দরকার। সেটি কতটা হবে, তা বসের সঙ্গে আলোচনা করেই ঠিক করব।
* প্যারিস-পর্বের পর আপনি বলেছেন, রাজার মতো এসে কিংবদন্তির মতো বিদায় নিলাম। এখান থেকে যখন বিদায় নেবেন, কীভাবে সেটির বর্ণনা দেবেন?
ইব্রাহিমোভিচ: আশা করি, একই ঘটনা ঘটবে। কিন্তু এটি হলো নতুন অধ্যায় এবং আমি অতীতের সঙ্গে বর্তমানের তুলনা পছন্দ করি না। এটা অন্য রকম। শেষেই আপনি এটা দেখতে পাবেন।
* ইউনাইটেড সমর্থকদের আপনি কী বার্তা দেবেন?
ইব্রাহিমোভিচ: আমি অত্যন্ত খুশি, ভীষণ রোমাঞ্চিত। আসন্ন মৌসুম শুরুর অপেক্ষায় আছি। আপনারা দুর্দান্ত এবং দলকে সমর্থন করে যান। এই বছরটা হবে উত্তেজনাকর এবং অনেক ভালো কিছু ঘটবে। আমাদের অনুপ্রাণিত করুন, আমরা প্রতিদান দেব। আশা করি, দেব একাধিক ট্রফি।