'আমি খুশি হতে পারি না'
কী লড়াইটাই না হলো! আর রিয়াল-বার্সার মহারণ প্রাণভরে উপভোগ করল বিশ্বজোড়া ফুটবল রোমান্টিকেরা। রিয়ালের ডিফেন্ডার মার্সেলো তৃপ্তি পাচ্ছেন ভালো খেলে মাথা উঁচু করে মাঠ ছাড়তে পারায়। সার্জিও রামোসের লাল কার্ডই সর্বনাশ করেছে—বার্সার কাছে হারের ময়নাতদন্তে গিয়ে দানি কারভাহালের মনে হয়েছে এমনটাই। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এভাবে হারের কোনো সান্ত্বনাই যেন খুঁজে পাচ্ছেন না জিনেদিন জিদান।
এমন নয় যে এই হারে শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে। তবে দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে প্রথম ক্লাসিকোতে হারটা যেন মেনে নিতে পারছেন না রিয়াল মাদ্রিদ কোচ, ‘আমি খুশি হতে পারি না। এই ফলে আমরা হতাশ।’ ম্যাচটি রিয়াল মেসির কাছেই হেরেছে বলে মনে করেন এই ফরাসি কোচ, ‘আমরা অনেক সুযোগ তৈরি করেছি। কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারিনি। ম্যাচ শেষ করে দিতে না পারলে এটা ঘটতেই পারে। আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে। বার্সেলোনার হয়ে ব্যবধান গড়ে দিয়েছে মেসি।’
কোচের সঙ্গে ঠিক একমত হতে পারছেন না কারভাহাল। মেসিকে ফাউল করে অধিনায়ক রামোসের লাল কার্ড দেখে মাঠ ছাড়াটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করেন স্প্যানিশ ডিফেন্ডার, ‘লাল কার্ডটিই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।’ তবে তাঁর মুখেও মেসি-বন্দনা, ‘খুব ভালো একটি ম্যাচ গেছে মেসির।’ ম্যাচের শেষ শটে মেসির করা জয়সূচক গোলটি যে হয়েছে মার্সেলোর ভুলে। রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার হারের দায় নিয়েছেন নিজের কাঁধে, ‘শেষে যদি আমি (সার্জি রবার্তোকে) ফাউল করতাম, টেকনিক্যাল ফাউল হলেও গোলটি তারা পেত না। যদিও এটা বলা মুশকিল।’
তবে হারটা যে কারণেই হোক না কেন, মার্সেলো ভালো ফুটবল উপহার দিতে পেরেছেন বলে খুশি, ‘এল ক্লাসিকো ঘিরে মানুষের চাওয়া অনেক। জয়ের জন্য সম্ভাব্য সবকিছুই আমরা করেছি। একজন খেলোয়াড় কম নিয়েও সমতা ধরে রেখেছিলাম। কিন্তু শেষে একটি গোল খেয়ে গেলাম। আমরা ভালো খেলেছি আর মাথা উঁচু করে মাঠ ছেড়েছি।’ ফোরফোরটু।