'আমি থেকেও নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
.
.
বাংলাদেশের ফুটবল এখন মুমূর্ষু। এ অবস্থার জন্য অনেক সাবেক ফুটবলারই সমালোচনার তির ছুড়ছেন কাজী সালাউদ্দিনের দিকে। তাঁদের যুক্তি, ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে সাড়ে ৮ বছরে সালাউদ্দিন কিছু করতে পারেননি। কিন্তু সালাউদ্দিন একাই কি দায়ী? ফেডারেশনে তাঁর সঙ্গী তো আরও কয়েকজন সাবেক ফুটবলার। সালাউদ্দিনের নেতৃত্বাধীন কমিটিতে ২০০৮ সাল থেকেই আছেন সাবেক তারকা সালাম মুর্শেদী, বাদল রায় ও শেখ মোহাম্মদ আসলাম। হাসানুজ্জামান বাবলু প্রথম মেয়াদে থাকলেও বর্তমান কমিটিতে নেই। ব্যর্থতার দায় তাঁদেরও কি নেই? তাঁরা কী বলেন?
শেখ মোহাম্মদ আসলাম
শেখ মোহাম্মদ আসলাম

ভীষণ কষ্ট পাই, খারাপ লাগে। কিছু করতে পারিনি। নতুন স্বপ্ন নিয়ে সালাউদ্দিন ভাইয়ের সঙ্গী হয়েছিলাম ২০০৮ সালে। দ্বিতীয় মেয়াদের শেষ দিকে আমি বিচ্ছিন্ন হয়ে যাই, পদত্যাগ করি ফেডারেশন থেকে। হতাশা থেকেই অমন সিদ্ধান্ত। যখন দেখলাম ফেডারেশন চালাতে গঠনমূলক কিছু করছেন না সভাপতি, ইচ্ছেমতো চলছেন, ফুটবল নিয়ে কাজ করার সুযোগ আর না থাকায় বেরিয়ে আসি। সৌভাগ্য বা দুর্ভাগ্য যা-ই বলুন না কেন, তাঁর তৃতীয় মেয়াদেও সদস্য নির্বাচিত হয়েছি।
এখন প্রশ্ন আসতে পারে, আগেরবার পদত্যাগ করেছি। সেই অবস্থার তো বদল হয়নি। তাহলে এখনো বসে আছি কেন? আসলে ফেডারেশনে আছি না থাকার মতোই। আমাকে ডাকা হয় না কোনো কাজে। উনি নিজের ইগো নিয়ে থাকেন। এত ইগো থাকলে নেতা হওয়া যায় না। আমাকে এক দিন বললেন, ‘তুমি পদত্যাগ করে অনেক কথা বলেছ। এখন ক্ষমা চাও। বোর্ডের কেউ তোমার সঙ্গে কাজ করতে চায় না, তাই আমি তোমাকে কোনো কমিটিতে রাখতে পারব না।’ আমি ক্ষমা চাইনি, কেন চাইব? ৬৮টা ভোট পেয়েছি, ৬৮ জন ভোটারকে তো অপমান করতে পারি না। আমি কোনো অন্যায়ও করিনি।

আমি নিজে ফুটবল খেলেছি, ওই সম্মান নিয়েই ফেডারেশনে যাই। কিন্তু সেই যাওয়ায় কোনো প্রাণ নেই। নিজেকেই প্রশ্ন করি, এটাই কি চেয়েছিলাম! আসলে একটা টিমওয়ার্কের জন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা দরকার। সালাউদ্দিন ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধার কমতি ছিল না। কিন্তু উনি আমাদের ভালোভাবে নেননি। এটাই সবচেয়ে বড় আক্ষেপ।
ফুটবলের বর্তমান রুগ্ণ অবস্থা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। আমি বলব, এটা অনেক দিনের কুফল। এক খেলোয়াড় এক লিগ, জেন্টলমেন অ্যাগ্রিমেন্ট—এগুলোই পতনের বীজ বুনে দেয়। সেই থেকে আস্তে আস্তে ফুটবল নামের শিশুটাকে আমরা গলা টিপে হত্যা করেছি।
আমরা সবাই উন্নয়নের কথা বলছি? বাফুফের একটা সিদ্ধান্ত আছে, যখন যে টাকাই আসুক, সেটির ১৫-২০ শতাংশ ডেভেলপমেন্ট খাতে রাখতে হবে। কিন্তু সেটা হলো কই! মনে হয় না আর কিছু বলার প্রয়োজন আছে!

আরও পড়ুন: