'আমি বাজে কোচ নই'
এই মুহূর্তে বিশ্বের সেরা কোচ জিনেদিন জিদানই। এটা তিনি হয়েছেন সর্বোচ্চ ভোট পেয়েই। তিনি যে সেরা, সেটি তাঁর রেকর্ডই বলে দেয়। দুই বছরের কম সময়ে রিয়ালকে জিতিয়েছেন দুটি চ্যাম্পিয়নস লিগ, একটি করে লা লিগা ও ক্লাব বিশ্বকাপ। এ ছাড়া রিয়ালের তাঁর অধীনেই পেয়েছে দুটি উয়েফা সুপার কাপ ও একটি স্প্যানিশ সুপার কাপ।
ঝড়ের মধ্যে দায়িত্ব নিয়ে বদলে দিয়েছিলেন রিয়ালকে। কিন্তু একটা প্রবাদ আছে, ইউরোপীয় ফুটবলে কোনো কোচের কপালেই নাকি সুখ বেশি দিন সহ্য হয় না। জিদানেরও একই হাল। টানা দুই হারের পর মাদ্রিদে অনেকেই ‘সেরা কোচে’র দোষ-ত্রুটি খুঁজে বেড়াচ্ছেন।
ফুটবল দুনিয়ায় নিজের অভিজ্ঞতা তো আর কম নয়। দীর্ঘ খেলোয়াড়ি জীবন। দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। ইউরোপীয় ক্লাব ফুটবলেরও সবদিক রীতিমতো মুখস্থ। এ জন্যই সেরা কোচের পুরস্কারটা হাতে নিয়ে বলেছিলেন, ‘এই সবই সাময়িক। এমন ভালো সময় আসে আবার চলে যায়, আবার আসে।’
কিন্তু জিদান হয়তো ভাবেননি এত দ্রুত তাঁর এই কথাগুলো ফলে যাবে। প্রথমবার লা লিগায় খেলতে আসা ‘পুঁচকে’ জিরোনার বিপক্ষে ২-১ গোলের হার; লিগে এরই মধ্যে বার্সেলোনার সঙ্গে ৮ পয়েন্টে পিছিয়ে যাওয়া, চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বে পাঁচ বছর পর প্রথম হার—জিদানের এখন মুখ লুকানোর অবস্থা।
আজ ঘরের মাঠে লাস পালমাসের বিপক্ষে ম্যাচ। কিন্তু এই ম্যাচের আগে কালো ছায়া হয়ে আছে টানা দুই হার। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জিদান বলেছেন, ‘এই মৌসুমে হয়তো আমি বিশ্বের সেরা কোচ নই। এটা আমি মেনে নিচ্ছি। কিন্তু এই মুহূর্তে আমি বিশ্বের সবচেয়ে বাজে কোচও নই।’
দাঁতে দাঁত চেপে লড়াই করার মানসিকতা জিদানের সব সময়ই ছিল। খারাপ সময়ে সেই চেষ্টাটাই করে যাচ্ছেন তিনি।
২০১৬-১৭ মৌসুমে লা লিগার দুই ম্যাচের একটিতেও লাস পালমাসকে হারাতে পারেননি ইসকো-মডরিচরা। জিদান বলেছেন, ‘আমরা শুধু পরের ম্যাচেই মনোযোগ দিতে পারি। নিজেদের কঠোর পরিশ্রম ছাড়া বাইরের আর কোনো ব্যাপারই আমাদের হাতে নেই।’
গ্যারেথ বেল ও দানি কারভাহাল চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন। আপাতত জিদান শক্তি পাচ্ছেন এই খবরটি থেকেই। সূত্র: মার্কা।