'আমি মেসি হলে আর্জেন্টিনাকে বিদায়ই বলে দিতাম'

চাপটা অনেকেই নিতে পারেননি। সবচেয়ে ভালো উদাহরণ সম্ভবত হুয়ান রোমান রিকেলমে। আর্জেন্টিনার হয়ে খেলার দুঃসহ চাপ নিতে পারেননি বলে কতবার যে অবসর নিয়েছেন, হিসেব রাখাই ভার। জেরার্ডো মার্টিনো মনে করেন, লিওনেল মেসিকে নিয়ে যা হচ্ছে, তিনি নিজে মেসি হলে অবসর নিয়ে নিতেন আগেই।
২২ বছর ধরে কোনো শিরোপা জেতে না আর্জেন্টিনা। শিরোপার জন্য হন্যে হয়ে ওঠাই স্বাভাবিক। সবচেয়ে বড় কথা, এই সময়ের তো বটেই, অনেকের চোখেরই সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের একজন দলে থাকলে আশায় বুক তো বাঁধবেই। কিন্তু যাঁকে ঘিরে এই আশা, তিনি ঠিক সময়ে আসল জাদুটা যে দেখাতে পারেন না। নিষ্প্রভ হয়ে থাকেন।
কিন্তু দায় কি মেসির একার? গত কোপা আমেরিকায় নিজের সাধ্যমতোই খেলেছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন, যদিও এই পুরস্কার শেষে প্রত্যাখ্যান করেন। ফাইনালে চিলির বিপক্ষে আর্জেন্টিনাকে ডুবিয়েছে তো গঞ্জালো হিগুয়েইন। ম্যাচে গোলের সহজ সুযোগ নষ্ট করেছেন। টাইব্রেকারে বল মেরেছেন আকাশে।
মার্টিনো অবশ্য এত বিস্তারিত ব্যাখ্যা-ট্যাখ্যার ধার ধারেননি। সাফ বলে দিয়েছেন, কোপার পর যেসব সমালোচনা হচ্ছে, এসব কানে তোলারই যোগ্য মনে করছেন না। আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘এ সব নিয়ে কথা বলা মানে হলো গুঞ্জনকে আরও উসকে দেওয়া। এসব আলোচনারই যোগ্য নয়। যারা মেসির সমালোচনা করে, তারা ফুটবলই বোঝে না। ফুটবল বিশ্লেষণ করার যোগ্যতা তাদের নেই। ও জাতীয় দল থেকে অবসর নিতে পারে—এমন গুঞ্জন অবশ্যই হতাশার, কিন্তু এক দিক দিয়ে ঠিকই আছে। আমি মেসির জায়গায় থাকলে অনেক আগেই আর্জেন্টিনার হয়ে খেলা বাদ দিতাম।’
মেসি অবশ্য এখন পর্যন্ত এসব নিয়ে টুঁ শব্দটি করেননি। কখনো করেনও না। তবে জাতীয় দলের জার্সিটার প্রতি তাঁর ভালোবাসায় যে এক রত্তি খাদ নেই, সেটা বুঝিয়ে দিয়েছেন বহুবার।