'আমি স্বৈরাচারী নই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস ফন গাল
লুইস ফন গাল

শৃঙ্খলার ব্যাপারে একচুলও ছাড় দেন না, তাঁর সম্পর্কে ধারণা এ রকমই। থমথমে মুখে ডাগ-আউটে বসে থাকা লুইস ফন গালকে দেখলে রাগী হেডমাস্টারের কথাই মাথায় আসবে আগে। ম্যানচেস্টার ইউনাইটেড কোচের সঙ্গে খাপ খাওয়ানো সহজ নয়, এ রকম কথা তাঁর অধীনে খেলা খেলোয়াড়েরাই বলেছেন। সর্বশেষ ভিক্টর ভালদেসই তো বললেন সেটি। এর মধ্যেই দুই দিন আগে ব্রিটিশ সংবাদমাধ্যমে গুঞ্জন, ইউনাইটেড কোচের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন ওয়েইন রুনি, মাইকেল ক্যারিকসহ সিনিয়র খেলোয়াড়েরা। তবে ফন গাল পরশু বললেন, তিনি ‘স্বৈরশাসক’ নন।
অনেক খেলোয়াড়ই ফন গালের অনুশীলনের ধরন নিয়ে অসন্তুষ্ট, এমনটাই জানিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম। ইউনাইটেডে আসার পর ক্লাবের সংস্কৃতি অনেকটাই বদলেছেন ফন গাল। স্টাফদের সঙ্গে খেলোয়াড়দের খাওয়া নিষিদ্ধ করেছেন। এমনকি মৌসুমের প্রথম তিন ম্যাচে খেলোয়াড়দের সাপ্তাহিক ছুটি বন্ধ করে দিয়েছেন। সতীর্থদের হয়ে এসব নিয়েই কোচের সঙ্গে কথা বলেছেন রুনি-ক্যারিক। জানিয়েছেন ক্লাবের আবহ ঠিক স্বাভাবিক নয়।
পরশু সংবাদ সম্মেলনে এসব প্রশ্নেরই উত্তর দিতে হলো ফন গালকে। ডাচ কোচ স্বীকার করলেন, রুনি-ক্যারিক তাঁর কাছে মৌসুমের প্রথম ম্যাচের পর এসেছিলেন। ক্লাবের আবহ নিয়ে দুজন কথাও বলেছেন। তবে ফন গালের দাবি দলে কোনো অসন্তোষ নেই, ‘ক্যারিক বা রুনি শুধু নয়, বাকিরাও যে আমার কাছে আসছে সেটাকে ইতিবাচক হিসেবেই দেখছি। তবে ওরা দুজন অধিনায়ক, এই ব্যাপারটাই হয়তো একটু উদ্বেগের। সে জন্যই আমি ড্রেসিংরুমে গিয়েছিলাম। আমি কিন্তু সবার সঙ্গেই যোগাযোগ রাখি। ওরা আমার সঙ্গে দেখাও করতে আসে। বিশ্বাস করুন, আমি স্বৈরাচারী নই। আমি সবার সঙ্গেই কথা বলি।’ এএফপি।