'আমিও বিস্মিত'

প্রথমেই বলে নিই, ফিফায় সাম্প্রতিক ঘটনাবলিতে বাকি সবার মতো আমিও হকচকিত। সবচেয়ে বেশি হকচকিয়ে গেছি, মঙ্গলবার রাতে টেলিভিশনে সেপ ব্ল্যাটারের পদত্যাগের খবরটা শুনে। পঞ্চম মেয়াদে ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার পর ব্ল্যাটারকে অভিনন্দন জানিয়ে রোববার রাতে দেশে ফিরেছি। ভেবে পাচ্ছি না, এর মধ্যেই এমন কী হলো যে ব্ল্যাটার পদত্যাগের ঘোষণা দিয়ে বসলেন!
বিস্ময়ের প্রাথমিক ধাক্কাটা সামলানোর পর কিছু ব্যাপার মেলাতে চেষ্টা করলাম। তাতে বিস্ময়টা একটু কমল। ব্ল্যাটারের বড় বড় শত্রু দাঁড়িয়ে গিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডের মতো প্রতাপশালী দেশ তো ঘোষণা দিয়েই তাঁকে সরাতে চেয়েছে। ব্ল্যাটার সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর বিবিসিতে দেখলাম, এফএ সভাপতি গ্রেগ ডাইক খুব হাসছেন। ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপ আয়োজন করতে চেয়েও পারেনি রাশিয়া ও কাতারের কাছে হেরে যাওয়ায়। এ নিয়ে তাদের মনে প্রচণ্ড ক্ষোভ ছিল।
আমি শুধু হিসাব মেলানোর চেষ্টা করছি, নির্বাচনে জেতার চার দিনের মধ্যে ব্ল্যাটার কেন এমন চাঞ্চল্যকর একটা সিদ্ধান্ত নিলেন? যেখানে সুইস কর্তৃপক্ষ জানিয়েছে, ব্ল্যাটারের বিরুদ্ধে তাদের কোনো দুর্নীতির অভিযোগ নেই। ইউরোপ আগামী বিশ্বকাপ বয়কট করতে পারে, এমন একটা হুমকি বাতাসে উড়ছিল। এর একটা ভূমিকা থাকতে পারে। তবে আমার মনে হয়, নির্বাচনের আগেই ব্ল্যাটার এই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। পদত্যাগের ঘোষণা দেওয়া বক্তৃতায় উনি বলেছেন, নির্বাচনে জিতলেও সবার ম্যান্ডেট তিনি পাননি। কথাটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। কোনো নির্বাচনেই কি সবার ম্যান্ডেট পাওয়া যায়? এমনও তো নয় যে, উনি মাত্র কয়েক ভোটে জিতেছেন। ২০৯টা ভোটের ১৩৩টাই পেয়েছেন, জিতেছেন ৬০ ভোটের ব্যবধানে। ব্ল্যাটারের জয় নিয়ে কোনো সংশয় নেই বলেই তো প্রিন্স আলী দ্বিতীয় রাউন্ডের ভোট থেকেই নিজেকে প্রত্যাহার করে নিলেন। একেবারেই ব্যক্তিগত ধারণা থেকে বলছি, নির্বাচনের আগে ব্ল্যাটার সরে দাঁড়াতে চাননি লোকে ভুল বুঝতে পারে ভেবে। উনি হয়তো বোঝাতে চেয়েছেন, এখনো আমার সমর্থন আছে, চাইলে আমি সভাপতি থাকতে পারতাম। সরে দাঁড়াচ্ছি ফিফা এবং ফুটবলের বৃহত্তর কল্যাণের জন্য।
আসলে বাকি সবার মতো আমিও কী ঘটেছে, তা শুধু অনুমান করারই চেষ্টা করছি। আগামী দুই-তিন দিনে বিশ্বের বিভিন্ন দেশের ফেডারেশন সভাপতিদের সঙ্গে কথা বলার পর হয়তো আরেকটু ভালো বুঝতে পারব। তবে এটা বলি, এর আগেও আমি দুটি ফিফা কংগ্রেসে গিয়েছি। তবে এবারের মতো অস্বস্তিকর পরিবেশ কখনো দেখিনি।
দুর্নীতির যেসব অভিযোগ উঠছে, প্রায় সবই বিশ্বকাপ বিড নিয়ে। বিশ্বকাপের আয়োজক হতে দেশগুলো বিভিন্ন ব্যক্তিকে ঘুষ দিয়েছে বলে অভিযোগ। ফিফার টাকা নিয়ে কোনো নয়ছয়ের অভিযোগ কিন্তু ওঠেনি। ফিফা আর দশটা করপোরেট হাউসের মতোই চলে। সেখানে বেতনভুক্ত নির্বাহীরাই কাজ চালান। সিদ্ধান্ত নেওয়ার আগে হয়তো সভাপতির অনুমতি নিয়ে নেন। বেশির ভাগ সিদ্ধান্তই নিয়ে নেওয়ার পর কংগ্রেসে পাস করিয়ে নেওয়া হয়। বিশ্বকাপের আয়োজক হওয়া নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেটি কিন্তু বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল। যে কারণে দুই-তিন বছর আগে এই ব্ল্যাটারই নতুন নিয়ম করেন। কারা বিশ্বকাপ আয়োজক হবে, এর পর থেকে এই সিদ্ধান্ত শুধু ২৪ সদস্যের নির্বাহী কমিটির ভোটে চূড়ান্ত হবে না। এটি হবে সাধারণ কংগ্রেসে ২০৯টি দেশের ভোটে।
সবাই জানেন, ইউরোপের বেশির ভাগ দেশ বিরুদ্ধে থাকার পরও ব্ল্যাটার জিতেছেন এশিয়া ও আফ্রিকায় তাঁর প্রবল সমর্থনের কারণে। এর একটা কারণ, এশিয়া ও আফ্রিকার দেশগুলোর জন্য ব্ল্যাটার খুব ভালো ছিলেন। এই দেশগুলোকে অনেক সাহায্য করেছেন। ব্ল্যাটারের পরে যিনি আসবেন, তিনিও হয়তো তা করবেন। কারণ ইউরোপের দেশগুলোর তো সেভাবে ফিফার সাহায্য লাগে না। বাংলাদেশের দিকেও ব্ল্যাটারের সহযোগিতার হাত বাড়ানো ছিল। নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। এর আগেরবার ফিফা কংগ্রেসের পর আমি ব্ল্যাটারের একটা ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট চাইলাম। কংগ্রেসের সময় তো আলাদাভাবে কথা বলার সুযোগ পাওয়া কঠিন। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আমি নিজের টাকা খরচ করে আবার জুরিখে গেলাম। ব্ল্যাটারের সঙ্গে বসার পরই উনি বললেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আপনার জন্য আমি কী করতে পারি?’ আমি বললাম, ‘আমাদের যদি দশ-বারো হাজার ভালো ফুটবল দিতে পারেন...।’ উনি সঙ্গে সঙ্গে একজনকে ডেকে বললেন, ‘আমরা কি বাংলাদেশকে ১০-১২ হাজার ফুটবল দিতে পারি?’ ওই ভদ্রলোক, কোনো এক্সিকিউটিভই হবেন, বললেন, ‘হ্যাঁ, দেওয়া সম্ভব।’ ব্ল্যাটার এর পর জিজ্ঞেস করলেন, ‘আর কী করতে পারি?’ আমি বললাম, ‘আমরা একটা একাডেমি করছি। এটির জন্য আর্থিক সাহায্য পেলে ভালো হয়।’ উনি বললেন, ‘সেটা কত?’ লাগবে তো অনেক, আমি ৭ লাখ ডলার চাইলাম। সঙ্গে সঙ্গেই তা মঞ্জুর। ব্ল্যাটারকে ওই সময়ই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি এসেও ছিলেন। পদত্যাগের ঘোষণা দেওয়ার পর ব্ল্যাটার ফিফার সংস্কারের কথা বলেছেন। আশা করি, তিনি তাতে সফল হবেন। তাতে বিশ্ব ফুটবলেরই মঙ্গল।