'আরও ৫০ গোল করতে পারে মেসি'
>২২ বছর আগে ১৯৯৩ সালের কোপা আমেরিকার ফাইনালে তাঁর জোড়া গোলে মেক্সিকোকে ২-১ ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা। এটাই লা আলবিসেলেস্তেদের সর্বশেষ বড় কোনো শিরোপা জয়। দেশের শিরোপা-খরা নিয়ে হতাশ সেই ফাইনালের নায়ক গ্যাব্রিয়েল বাতিস্তুতা। সম্প্রতি ফিফা১৯০৪সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘বাতিগোল’ কথা বলেছেন লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো আর গঞ্জালো হিগুয়েইনকে নিয়েও।

প্রশ্ন: ১৯৯৩ সালে আপনার জোড়া গোলে কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনা আর শিরোপার মুখ দেখবে না বলে ভাবতে পেরেছিলেন?
গ্যাব্রিয়েল বাতিস্তুতা: না! আমি তো ভেবেছিলাম ১৯৯৫ সালের কোপা আমেরিকাও জিতব আমরা (হাসি)। সত্যি বলছি, এমনটা আমি ভাবতেই পারিনি। এটা দুঃখজনক, আর্জেন্টিনা তারপর আর কোনো শিরোপা জেতেনি। তবে অনেকবারই আমরা শিরোপা জয়ের কাছাকাছি গিয়েছি। ১৯৯১ কোপা আমেরিকা জয়ের আগে লম্বা খরা গেছে আমাদের।
প্রশ্ন: সমর্থক বাতিস্তুতা কী চায়? সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার ফাইনালগুলো দেখেছেন?
বাতিস্তুতা: দেখেছি। কিন্তু আমি বিচলিত নই। আর্জেন্টিনার সমর্থক হিসেবে আমিও জয় চাই। এই আর্জেন্টাইন খেলোয়াড়েরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে তা আমারও হয়েছে। কিন্তু আমি এখন আর অত নার্ভাস হই না।
প্রশ্ন: সার্জিও আগুয়েরো আর গঞ্জালো হিগুয়েইনরা আর্জেন্টিনায় সমালোচনার পাত্র। আপনি কী বলবেন?
বাতিস্তুতা: ওদের দুর্ভাগ্য। বিশেষ করে হিগুয়েইনের। তিনটি ফাইনালে (২০১৪ বিশ্বকাপ আর ২০১৫ ও ১০১৬ কোপা আমেরিকা) মূল্যবান সুযোগ নষ্ট করেছে ও। আমি এটাকে দুর্ভাগ্যই বলব। কারণ সুযোগ তিনটি ও-ই তৈরি করেছিল। এমন নয় যে সতীর্থরাই সবকিছু করে দিয়েছে আর হিগুয়েইন শুধু গোলের সামনে বল পেয়ে তা কাজে লাগাতে পারেনি। জার্মানির বিপক্ষে (বিশ্বকাপের ফাইনালে) পাওয়া সুযোগটির কথাই ধরুন। গোলের সামনে গিয়ে সব গুলিয়ে ফেলার আগে সবকিছুই ঠিকঠাক করেছিল ও। ৯ নম্বর জার্সির একজন খেলোয়াড়ের যা করা উচিত তার সবকিছুই করেছিল। প্রতিপক্ষের খেলোয়াড়ের ভুলের সুযোগ নিয়ে বল নিয়ন্ত্রণে নিয়েছিল। শুধু শেষে গিয়ে বলটি লক্ষ্যে রাখতে পারেনি। এটা যদি গ্রুপ পর্বের কোনো ম্যাচে হতো তাহলে কেউ হয়তো কিছু বলত না। সুযোগ তৈরি করতে পেরেছে বলে ওর প্রশংসাই করা উচিত আমাদের।
প্রশ্ন: হিগুয়েইনকে আপনি কী পরামর্শ দেবেন?
বাতিস্তুতা: আপনাকে এখন যেটা বললাম ওকেও আমি সেটাই বলব। আমার সঙ্গে ওর কথা হয়েছে। এই কথাগুলোই বলেছি। স্ট্রাইকার ছিলাম বলে আমি এগুলো বুঝতে পারি। কিন্তু ওই মুহূর্তে মাথার মধ্যে কী ঘটে সেটা সমর্থকেরা বুঝবে না। বিশেষ করে চিলির বিপক্ষে (কোপা আমেরিকার ফাইনালে) কয়েক গজ দূরে যখন ওর পায়ে বল ছিল। সেই বল পাওয়া থেকে শটটা নেওয়া পর্যন্ত ওর মনে কী খেলা করছিল সেটা আপনি কল্পনাই করতে পারবেন না। মনের ওই ভাবনাগুলোই কাজটা কঠিন করে দেয়। যদি (পোস্টে লেগে) ফিরে আসা বল পেত আর চিন্তা করার সময় না পেত তাহলে হয়তো ওর জন্য কাজটা সহজ হতো। কিন্তু ফুটবল এমনই।
প্রশ্ন: একবার আপনি বলেছিলেন, ফুটবল পছন্দ করেন না। আসলে ব্যাপারটা কী?
বাতিস্তুতা: হ্যাঁ, আমি এটা বলেছিলাম। কিন্তু বলেছিলাম সংবাদমাধ্যম আর মানুষের কাছ থেকে নিজেকে দূরে রাখতে। বলেছিলাম এই কারণে যে তারা যেন আমাকে (ফুটবল নিয়ে) প্রশ্ন করা বন্ধ করে। মনে করে দেখুন, ক্যারিয়ারের ভালো সময়ে আমি ইতালিতে খেলেছি। খুব চাপ ছিল আর মানুষ সব সময় ফুটবল নিয়ে কথা বলত। এটা আমার কাছে একঘেয়ে হয়ে উঠেছিল। এটা বলার অপেক্ষা রাখে না যে আমি ফুটবল ভালোবাসি। অনুশীলন, ট্যাকটিকস—ফুটবলের সবকিছুই ভালোবাসি আমি। ছোটবেলায় অবশ্য ফুটবল নিয়ে এত রোমাঞ্চ আমার ছিল না। তবে ধীরে ধীরে এটা আমার ভালোবাসায় রূপ নেয়। আমি ফুটবল নিয়ে বাঁচি। ফুটবলের জন্যই এখন আমার হাঁটতেও সমস্যা হয়। কারণ যা দিতে পারতাম আমি তার চেয়ে বেশি দিয়ে ফেলেছি। আমি ফুটবল আর এর সঙ্গে সম্পর্কিত সবকিছু ভালোবাসি। যেটা পছন্দ করি না তা হলো এই সাক্ষাৎকারগুলো দেওয়া (হাসি) আর বিতর্ক।
প্রশ্ন: আপনাকে টপকে লিওনেল মেসি আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। আপনি কি এতে বিস্মিত?
বাতিস্তুতা: আমি আসলে এ নিয়ে যেটা ভেবেছি তা হলো রেকর্ডটি ওর আরও আগেই করার কথা ছিল। এই রেকর্ডটি আমার খুব প্রিয় ছিল। কিন্তু ও এটা ভেঙে দিয়েছে আর এটাই বাস্তবতা। আমিও তো রেকর্ডটা ভেঙেছিলাম (হাসি)। এ রকমটাই হয়।
প্রশ্ন: মেসি আর কত দূর যাবে বলে মনে করেন?
বাতিস্তুতা: ও আর্জেন্টিনার জার্সিতে আরও ৫০ গোল করতে পারে। বয়স এখনো অনেক কম। আরও অনেক ম্যাচ খেলবে। ও আরও অনেক গোল করবে।