'আর্জেন্টিনাকে মেসির বলা উচিত জাহান্নামে যাও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাক, ভাষাহীন মেসি। কোপার ফাইনালে। ফাইল ছবি
নির্বাক, ভাষাহীন মেসি। কোপার ফাইনালে। ফাইল ছবি

মাত্রই কদিন আগে আকাশি-সাদা জার্সির হয়ে অভিষেকের দশ বছর পূর্ণ করলেন। দ-শ বছর, একটা মাইল ফলক, একটা দশক। কিন্তু পেছন ফিরে তাকিয়ে লিওনেল মেসি তৃপ্ত হতে পারছেন কোথায়? এক দশ বছরে আর্জেন্টিনার হয়ে যে কিছুই জেতেননি। দারুণ দুটো সুযোগ এসেছিল পর পর দু বছর। কিন্তু বিশ্বকাপের পর কোপা আমেরিকার ফাইনালে গিয়েও হারলেন।
মেসিকে নিয়ে সমালোচকদের তাই নানা কথা। বিশেষ করে গত কোপার ফাইনালের পর আর্জেন্টিনা মিডিয়া যেন ক্ষোভের ভিসুবিয়াস হয়ে উঠেছে। কিন্তু সমালোচনার একটা মাত্র আছে। সেই মাত্রা ছাড়িয়ে গেলে সমালোচনা আর সমালোচনা থাকে না, পরিণত হয় আক্রোশে। আক্রোশ অন্ধ করে দেয়, যুক্তিবোধ মানে না। এমনটাই মনে করেন কার্লোস তেভেজ। মেসিকে নিয়ে সমালোচনায় তাঁর আপত্তি নেই। আপত্তি সমালোচনার ধরন-ধারণ ও ভাষায়।
সমালোচনার জবাব অবশ্য মেসি দেননি। কখনোই দেন না। তবে এমনও গুঞ্জন শোনা গেল, নীরব প্রতিবাদে মেসি নাকি নীরবেই সরে যাচ্ছেন জাতীয় দল থেকে। সেই গুঞ্জন অবশ্য কোচ জেরার্ডো মার্টিনো উড়িয়ে দিয়েছেন। শুধু তা-ই নয়, আগামী মাসের শুরুতে বলিভিয়া ও মেক্সিকোর​ বিপক্ষে প্রীতি ম্যাচে মেসিকে দলে রেখে সেই গুঞ্জনের ইতিও টেনেছেন।
তবে তেভেজ মনে করেন, মেসির জায়গায় তিনি হলে অন্য কিছু করতেন, ‘আমি যদি মেসি হতাম আর ওকে যেসব সমালোচনা শুনতে হয়েছে তা শুনতে হতো, আর্জেন্টিনাকে বলতাম, জাহান্নামে যাও। আর্জেন্টিনার হয়ে আবার খেলতে ওর এই জার্সির প্রতি অসীম ভালোবাসা থাকতে হবে।’
সমালোচনায় তেভেজের আপত্তি নেই। আপত্তি সমালোচনা ও আক্রোশের মাঝখানের সীমারেখাটি ছাড়িয়ে যাওয়ায়, ‘যে খেলোয়াড় ভালো খেলেনি বা ফিট ছিল না তাকে নিয়ে সমালোচনা করতেই পারেন। কিন্তু আপনি বলতে পারেন না ও পুরো মন ঢেলে দিয়ে খেলেনি কিংবা ফুটবলের বাইরে ওকে নিয়ে জঘন্য কিছু বলতে পারেন না।’
সাংবাদিকদের প্রতিও বার্তা আছে তেভেজের, ‘সাংবাদিক হিসেবে প্রতিদিন একটি করে বার্তা আপনাকে দিতে হবে। আপনি একমত হতে পারেন, নাও হতে পারেন। আপনার একজন খেলোয়াড়কে পছন্দ হতে পারে, নাও হতে পারে। কিন্তু এভাবে ওকে খুন করে ফেলতে পারেন না।’