'আসল' বায়ার্নকে দেখল আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারকে আলিঙ্গনে বাঁধলেন সুয়ারেজ, বার্সেলোনার বাতে বরিসভের জয়টাও ভাস্বর এই দুজনের যুগলবন্দীতে l রয়টার্স
নেইমারকে আলিঙ্গনে বাঁধলেন সুয়ারেজ, বার্সেলোনার বাতে বরিসভের জয়টাও ভাস্বর এই দুজনের যুগলবন্দীতে l রয়টার্স

সতর্কসংকেতটা আগেই পেয়েছিল আর্সেনাল। ভিদালরা তো একরকম হুমকির সুরেই বলেছিলেন, আর্সেনালের ‘আসল’ বায়ার্নকে দেখার বাকি আছে। তবে ১০ নম্বর মহাবিপৎসংকেতটা যে এত দ্রুত চলে আসবে, সেটা বোধ হয় গানাররা ভাবেনি। ৫-১ গোলে উড়ে যাওয়ার পর এখন চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে যাওয়াটাই আর্সেনালের জন্য দুস্তর পারাবার।
১৯ বছর ধরে আর্সেনালকে আগলে রেখেছেন আর্সেন ওয়েঙ্গার। পরশু রাতের মতো নিজেকে অসহায় বোধ করেছেন কমই। আক্রমণের ঢেউ বইয়ে দিচ্ছেন মুলার-লেভানডফস্কিরা, আর সেসব সামলাতেই জেরবার আর্সেনালের রক্ষণ। চ্যাম্পিয়নস লিগের ১৬৫ ম্যাচে এর চেয়ে বড় ব্যবধানে কখনো হারেনি আর্সেনাল। প্রিমিয়ার লিগেও এর চেয়ে বড় পরাজয় সইতে হয়েছে খুবই কম। কিন্তু আর কোনো ম্যাচে কি আর্সেনাল রক্ষণ এমন ভুগেছে? ওয়েঙ্গারের আত্মসমর্পণ, ‘১৯ বছরে রক্ষণের সবচেয়ে খারাপ পারফরম্যান্স কি না সেটা বলার জন্য আমার স্মৃতি যথেষ্ট ভালো নয়। তবে ভালো কিছু হিসেবে আমার মাথায় এটা মনে থাকবে না।’
সুনামির আভাস তো মিলেছিল আগেই। নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের আগের চার ম্যাচে যারা ২১ গোল করেছে, তাদের এ ম্যাচেও অন্তত ৪ গোল করার কথা! পিওতর চেক বাধা না হয়ে দাঁড়ালে সংখ্যাটা পাঁচের চেয়ে বেশিও হতে পারত। জোড়া গোল করেছেন টমাস মুলার, এক গোল করে রবার্ট লেভানডফস্কি, ডেভিড আলাবা ও আরিয়েন রোবেন। গ্রুপ পর্ব থেকে আর্সেনালের বিদায়ঘণ্টাও প্রায় বাজল বলে। শেষ ষোলোয় ওঠার জন্য পরের দুই ম্যাচ জিতলেই শুধু হবে না, অন্য ম্যাচগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে।
ওয়েঙ্গার অবশ্য এখনই আশা হারাতে চান না, ‘এখনো আমাদের একটা সুযোগ আছে। তবে আজকের মতো খেললে সেই সুযোগটা আরও কমে যাবে।’ ওয়েঙ্গারকে এখন পেপ গার্দিওলার সাহায্যও চাইতে হবে যাতে অলিম্পিয়াকোসের বিপক্ষে জয় পায় বায়ার্ন। তা গার্দিওলার এই কথায় ওয়েঙ্গার আশ্বস্ত হতে পারেন, ‘আর্সেনাল নিশ্চিত থাকতে পারে অলিম্পিয়াকসকে হারানোর জন্য সম্ভাব্য যা যা করা দরকার সবই করব।’
আলিয়াঞ্জ অ্যারেনায় ওয়েঙ্গার জয়ের জন্য যতটা তৃষ্ণার্ত ছিলেন, স্টামফোর্ড ব্রিজে হোসে মরিনহোও তার চেয়ে কম তৃষ্ণার্ত ছিলেন না। ডায়নামো কিয়েভের সঙ্গে ম্যাচের ৮২ মিনিট পর্যন্তও ১-১, মরিনহোর কপালে তখন বিন্দু বিন্দু ঘাম। এই ম্যাচ হারলেই হয়তো চাকরিচ্যুতির চিঠিটা হাতে পেয়ে যেতেন। ৮৩ মিনিটে ফ্রি-কিক পেলেন এই মৌসুমে সেট পিস থেকে গোল করাটাকে অভ্যাস বানিয়ে ফেলা উইলিয়ান। ফ্রি-কিক থেকেই এল গোল, স্টামফোর্ড ব্রিজ তখন ‘মরিনহো, মরিনহো’ ধ্বনিতে প্রকম্পিত। অনেক দিন পর আর অজুহাত খুঁজতে হলো না মরিনহোকে, ম্যাচ শেষে বরং কিছুটা আবেগাপ্লুতই হয়ে পড়লেন, ‘চেলসিতে আমার সেরা মুহূর্তগুলোর একটি। দারুণ একটা অনুভূতি। কোচের পাশে সবাই যেভাবে দাঁড়াল, সেটি বিস্ময়কর।’
বার্সা কোচ লুইস এনরিকের আবার হরিষে বিষাদ। নেইমার-সুয়ারেজ যুগলবন্দী আবার আলো ছড়িয়েছে, বাতে বরিসভের বিপক্ষে ৩-০ গোলের জয়টা দুজনের আলোতেই উজ্জ্বল। নেইমার পেয়েছেন জোড়া গোল, সুয়ারেজ অন্যটি। তবে ইভান রাকিতিচের পায়ের পেশির চোট সব আনন্দ ম্লান করে দিয়েছে। বার্সার ক্রোট মিডফিল্ডারের যে এখন ২১ নভেম্বরের এল ক্লাসিকোতে খেলা হবে না! এএফপি, রয়টার্স।