প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল খেলায় ফাউল হবেই। সেটা অনেক সময় গুরুতর হতে পারে। একটা ট্যাকলেই ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। সুইস লিগের ক্লাব এফসি জুরিখের মিডফিল্ডার গিলস ইয়াপোকে সে রকমই একটি ফাউলের শিকার হতে হয়েছিল। রেফারি সেটার জন্য প্রতিপক্ষ আরাউইয়ের মিডফিল্ডার সান্দ্রো ভাইসারকে লাল কার্ডও দেখিয়েছিলেন। কিন্তু এফসি জুরিখ তাতে সন্তুষ্ট নয়। ঘটনাটাকে এখন তারা নিয়ে গেছে আদালত পর্যন্ত। ভাইসারের বিরুদ্ধে এবার ফৌজদারি অভিযোগ এনেছে জুরিখ। তাদের কথা, সুইস ফুটবলে এ রকম বাজে ফাউলের সংখ্যা সম্প্রতি বেড়ে গেছে। তাদের চারজন খেলোয়াড়ই এ রকম ফাউলের শিকার হয়েছেন। ইয়াপোর ফাউলটাকে অবশ্য গুরুতর বললেও কম বলা হবে। শুধু লিগামেন্টই ছিঁড়ে যায়নি, হাড়ও ভেঙে গেছে তাঁর। তবে ‘আসামি’ ভাইসার দাবি করেছেন, ইচ্ছা করে এটা করেননি। এখন সেটা তাঁকে আদালতেও প্রমাণ করতে হবে! রয়টার্স।