'ইগর, ইগর, ইগর' স্লোগানে মুখর মস্কো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ পেয়েছে রাশিয়া। রাশিয়া বিশ্বকাপ শুরু হওয়ার আগেও ফিফার পয়েন্ট তালিকায় দেশটির অবস্থান ছিল ৭০। গতকাল রোববার মস্কোর ঐতিহাসিক লুঝনিকি স্টেডিয়ামে নতুন এক ইতিহাস রচনা করলেন এস্তানিসলাভ চেরচেশেভের শিষ্যরা। সোভিয়েত ইউনিয়নের পতনের পর আধুনিক রাশিয়ার কাছে এই প্রথম স্পেনকে হারের স্বাদ নিতে হলো।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে রাশিয়া। রাশিয়ার কাকোশনিক মুকুট পরে মস্কোর থিয়েটার স্কয়ারে উল্লাস প্রকাশ করছেন রুশ তরুণী। ছবি: জামিল খান
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে রাশিয়া। রাশিয়ার কাকোশনিক মুকুট পরে মস্কোর থিয়েটার স্কয়ারে উল্লাস প্রকাশ করছেন রুশ তরুণী। ছবি: জামিল খান

রাশিয়ার ইতিহাসে ফুটবলে এত বড় জয় আগে কখনো দেখেনি রুশরা। গতকাল শক্তিশালী স্পেনকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছায় রাশিয়া। ৭ জুলাই সোচির ফিশত স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলবে রাশিয়া।

ফুটবলে রাশিয়ার জয় মানেই মধ্যরাত পর্যন্ত রুশদের উদ্‌যাপন। নাচ, গান আর হইচই করে উদ্‌যাপন করতেই পছন্দ করে রুশরা। আর বিশ্বকাপে জয় বলে কথা! কাছ থেকে রুশদের বাঁধভাঙা উল্লাস দেখতে রওনা দিই রেড স্কয়ারের দিকে। মস্কোর আকাডিমিচেস্কায়া পাতালরেল স্টেশন। রাত সাড়ে আটটা। দলে দলে বিভিন্ন বয়সের রুশ তরুণ-তরুণী ‘রাসিয়া রাসিয়া’ স্লোগান দিয়ে পাতালরেলে ঢুকছেন। তাঁদের সংখ্যাই ছিল বেশি।

থিয়েত্রারলনায়া স্টেশন পর্যন্ত আরও কয়েকটি দলকে ট্রেনে উঠতে দেখলাম। তাঁদের অনেকের হাতে শোভা পাচ্ছিল রাশিয়ার জাতীয় পতাকা। ট্রেনের প্রতিটি বগি ছিল কানায় কানায় পূর্ণ। সেখানেও ‘রাসিয়া রাসিয়া’ বলে স্লোগান চলছিল। আবার কখনো রাশিয়ার জনপ্রিয় ‘কাতুশা’ গান গাইছিলেন রুশরা। কিন্তু সবকিছু ছাপিয়ে ‘ইগর, ইগর, ইগর আকিনফিয়েভ হো’—স্লোগানটি বারবার শোনা যাচ্ছিল।

রেড স্কয়ারের প্রবেশমুখে ফুটবল-ভক্তদের ভিড়। ছবি: জামিল খান
রেড স্কয়ারের প্রবেশমুখে ফুটবল-ভক্তদের ভিড়। ছবি: জামিল খান

বিশ্বকাপের গতকালের ম্যাচে রাশিয়ার গোলরক্ষক ইগর আকিনফিয়েভই নায়কের ভূমিকায় ছিলেন। রাশিয়ার ফুটবল বিশ্লেষকদের অনেকেই এই ইগর আকিনফিয়েভকে সোভিয়েত ইউনিয়নের ষাট কিংবা আশির দশকের লেভ ইয়াশিন বা রেনাত দাসায়েভের যোগ্য উত্তরসূরি বলে মনে করেন। আকিনফিয়েভই তো রাশিয়াকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছেন। তাই তাঁকে নিয়ে রুশদের এমন উল্লাস করাটাই স্বাভাবিক।

ম্যাচ শেষে রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশিয়ার ফুটবল দলের অধিনায়ক ও গোলরক্ষক ইগর আকিনফিয়েভ বলেন, ‘আমাদের দেশ ফুটবল খেলতে চায়, ফুটবল খেলা জানে এবং কীভাবে উৎসব আয়োজন করতে হয়, সেই দিক থেকেও পারদর্শী।’

চলমান বিশ্বকাপ ফুটবলে স্বাগতিক দেশ হিসেবে কেমন করছে রাশিয়া—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ইগর আকিনফিয়েভ বলেন, ‘আমরা চমৎকারভাবে ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছি। আমার বিশ্বাস, শুধু রুশরাই না, বিভিন্ন দেশ থেকে আসা ফুটবল-ভক্তদেরও আমাদের আতিথেয়তা ভালো লেগেছে।’

রাশিয়ার জাতীয় পতাকা নিয়ে সড়কে চলছে উদ্‌যাপন। যানবাহন থেকে হর্ন বাজিয়ে বিজয় উল্লাস করেন চালকেরা। ছবি: জামিল খান
রাশিয়ার জাতীয় পতাকা নিয়ে সড়কে চলছে উদ্‌যাপন। যানবাহন থেকে হর্ন বাজিয়ে বিজয় উল্লাস করেন চালকেরা। ছবি: জামিল খান

রাশিয়ার জাতীয় ফুটবল দলের স্মরণীয় বিজয়কে উদ্‌যাপন করতে মস্কোর বিভিন্ন প্রান্ত থেকে রুশদের পাশাপাশি বিদেশিরাও ছুটে আসেন শহরের প্রাণকেন্দ্রে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মস্কোর থিয়েটার স্কয়ার, রেড স্কয়ার ও মানেঝনায়া স্কয়ার কয়েক হাজার ফুটবল–ভক্তের মিলনমেলায় পরিণত হয়।

রাশিয়ার একটি সরকারি টেলিভিশন চ্যানেল জানায়, মস্কোর প্রাণকেন্দ্রে ফুটবল-ভক্তদের এমন উল্লাস আগে কখনো দেখেনি মস্কোবাসী। স্টেডিয়ামের উত্তাপ ছড়িয়ে পড়েছিল প্রেসিডেন্ট পুতিনের দপ্তরের আশপাশের এলাকায়ও।

রাশিয়ার ফুটবল দলের জয় ফ্যান ফেস্টে বসেই দেখেছেন ইলিয়া। কথা হচ্ছিল তাঁর সঙ্গে রেড স্কয়ারে। খেলা শেষে তিনি সোজা এখানে চলে আসেন। রাশিয়া এখন কোয়ার্টার ফাইনালে, ভাবতে কেমন লাগছে—এমন প্রশ্নের জবাবে প্রথম আলোকে তিনি বলেন, ‘আজ (গতকাল) আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ একটি খেলা ছিল। কারণ, স্পেন আমাদের চেয়ে অনেক শক্তিশালী দল। আমাদের ভাই, আমাদের পরিবারেরই যেন একজন ইগর আকিনফিয়েভ। তিনি স্পেনের সঙ্গে খেলায় নিজের সবটুকু উজাড় করে দিয়ে রুশদের জয় উপহার দিয়েছেন। আমার মতো এখানে সবাই ইগরের প্রতি কৃতজ্ঞ। আমরা ভাবতে পারছি না যে বিশ্বকাপের আসরে আমরা কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছি।’

সময় বাড়ার সঙ্গে সঙ্গে থিয়েটার স্কয়ার, রেড স্কয়ার ও মানেঝনায়া স্কয়ারে ভিড় বাড়তে থাকে। ত্রিভেরস্কায়া ও তার আশপাশের এলাকায় চলাচলকারী প্রায় প্রতিটি যানবাহন থেকে জোরে হর্ন বাজিয়ে বিজয়োল্লাস প্রকাশ করেন চালকেরা।

নিকোলস্কায়া সড়কে রুশদের পাশাপাশি তিউনিসিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, মরক্কোসহ বিভিন্ন দেশের ফুটবল-ভক্তরা জড়ো হয়ে উল্লাসে মেতে ওঠেন। তাঁদেরও ‘রাসিয়া রাসিয়া’ বলে স্লোগান দিতে দেখা যায়।

ঘড়ির কাঁটায় দশটা ছুঁই ছুঁই। লোকে লোকারণ্য মস্কোর প্রাণকেন্দ্র। ফুটবল-ভক্তদের এমন উল্লাস আগে দেখেনি মস্কোবাসী। ছবি: জামিল খান
ঘড়ির কাঁটায় দশটা ছুঁই ছুঁই। লোকে লোকারণ্য মস্কোর প্রাণকেন্দ্র। ফুটবল-ভক্তদের এমন উল্লাস আগে দেখেনি মস্কোবাসী। ছবি: জামিল খান


পুতিনের শুভেচ্ছা
স্পেনের বিপক্ষে জয়ী হয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাওয়ায় রাশিয়ার ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সংবাদমাধ্যমকে জানান, রাশিয়ার কোচ এস্তানিসলাভ চেরচেশভের মাধ্যমে ফুটবল দলের সদস্যকে অভিনন্দন জানান পুতিন।

সংবাদে জানা যায়, ব্যস্ততার কারণে স্টেডিয়ামে যেতে পারেননি পুতিন। তবে ম্যাচের দিন দুই দফায় ফোন করে দলের খোঁজখবর নিয়েছেন তিনি। পুতিন স্পেন-রাশিয়ার ম্যাচটি দেখেছেন টেলিভিশনের পর্দায়।