'ইতিহাসে'র সবচেয়ে জঘন্য ফর্মে রুনিরা!

বসে বসে কী এত লেখেন লুই ফন গাল? মাঠে তাঁর শিষ্যদের ভুলভ্রান্তির লিস্টি? নাকি নিজের দুঃখগাথা! অন্য সময় হলে ভুলের লিস্টটাই করতেন হয়তো। কিন্তু সেই একই ভুল বারবার। নতুন করে লেখার দরকারটাই বা কী! ফন গাল হয়তো তাই লালচে মুখ নিয়ে বসে বসে মনের ভেতরের রাগ-ক্ষোভ-হতাশার কথাই লেখেন নোটে!
‘চাপ’-এর প্রসঙ্গ উঠতেই ডাচ এই কোচ গতকাল সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘কীসের চাপ? ইংলিশ মিডিয়ার? ক্লাব কর্তৃপক্ষের? আমার নিজের সুনাম আর সম্মান রক্ষার যে চাপ আছে; তার কাছে এসব কিছুই না।’ এ সময়ের ফুটবলের বর্ণাঢ্য এই কোচের ক্যারিয়ারে ‘ইংলিশ ফুটবল’ অধ্যায়টা যে বিবর্ণ হয়ে থাকছে। ম্যানচেস্টার ইউনাইটেড এমনই খোঁড়াচ্ছে; লাল শিবিরের সমর্থকদের দীর্ঘশ্বাস—এর চেয়ে ময়েসই তো ভালো ছিল!
কাল নিজেদের মাঠে নরউইচ সিটির কাছে ২-১ গোলে হারল ইউনাইটেড। এই মৌসুমেই শীর্ষে লিগে উঠে আসা একটা দলের কাছে নিজেদের মাঠে হার! গত ১৪ বছরে এমন অভিজ্ঞতা তাদের হয়নি। আগের ম্যাচে বর্নমাউথের কাছেও হেরেছে তারা, যে বর্নমাউথও এবার উঠে এসেছে শীর্ষ লিগে। টানা দুই ম্যাচে দুই নবাগতর কাছে হার—এমন অভিজ্ঞতাও ইউনাইটেডের হয়নি গত ৭৯ বছরে! ফন গাল আরেকটি নোট নিয়ে রাখতে পারেন। এ নিয়ে টানা ছয় ম্যাচে জয়শূন্য ইউনাইটেড। গত ১৭ বছরে ইউনাইটেড টানা ছয় ম্যাচ ম্যাচে জেতেনি—এমন ঘটনাও আগে ঘটেনি।
তলানিতে নিয়ে নিয়েছিলেন ময়েস। ফন গালকে ডাকা হয়েছিল উদ্ধার করতে। তিনি যে নিয়ে গেলেন আরও অতল গহ্বরে! বলাবলি হচ্ছে, ইতিহাসেরই সবচেয়ে বাজে সময়গুলোর একটি কাটাচ্ছে ইতিহাসের সেরা ক্লাবগুলোর একটি। লিগে গত আট ম্যাচে মাত্র দুটি জয়। এই দুই জয়ের একটি আবার এসেছে একদম শেষ মুহূর্তে প্রতিপক্ষ আত্মঘাতী গোল করেছিল বলে!
১৯৯৮ সালে সর্বশেষ যেবার টানা ছয় ম্যাচে জয়খরায় ভুগেছিল, সেই মৌসুমেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ট্রেবল জিতেছিল অ্যালেক্স ফার্গুসনের দল। এই ইতিহাস থেকে ফন গাল রুনিদের প্রেরণা দেবেন? তাও সম্ভব নয়। ট্রেবল জেতার কোনো সম্ভাবনাই নেই, ইউনাইটেড যে এরই মধ্যে বাদ পড়েছে চ্যাম্পিয়নস লিগ থেকেই!
গতকালকের পরাজয়ের পর ফন গালেরও বিদায়ঘণ্টা বোধ হয় বাজছে। ২৭ বছর ধরে যে ক্লাবকে কোচ পাল্টানো নিয়ে ভাবতে হয়নি, তারাই খুব সম্ভবত তিন মৌসুমের মধ্যেই তৃতীয়বারের মতো কোচ পাল্টাতে চলেছে। এবং সেই নতুন নামটি হতে পারে হোসে মরিনহোই!