'ইস্তাম্বুল-কীর্তি'র উল্টো স্বাদ পেল লিভারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমতাসূচক গোলের পর কোচ ও সতীর্থদের মধ্যমণি পিজারো। ছবি: এএফপি
সমতাসূচক গোলের পর কোচ ও সতীর্থদের মধ্যমণি পিজারো। ছবি: এএফপি

আতাতুর্ক স্টেডিয়ামের সেই ম্যাচ অনেকের চোখেই চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অন্যতম সেরা ফাইনাল। ২০০৫ সালের সেই ফাইনালে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল এসি মিলান। কিন্তু লিভারপুল হাল ছাড়েনি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অন্যতম সেরা ‘কামব্যাক’-এর নজির গড়ে দ্বিতীয়ার্ধে ৩ গোল শোধ করেছিল অলরেডরা। পরে টাইব্রেকারে জিতে নেয় শিরোপাও! ১২ বছর পর লিভারপুলকে সেই ‘মিরাকল অব ইস্তাম্বুল’-এর উল্টো স্বাদই উপহার দিয়েছে সেভিয়া।

সেভিয়ার মাঠ র‍্যামন সানচেজ পিজুয়ানে প্রথমার্ধের ৩০ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে ছিল লিভারপুল। ম্যাচের এমন পরিস্থিতিতে লিভারপুলকে ২০০৯ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় দেখেছেন অনেকেই। কিন্তু অবিশ্বাস্য ‘কামব্যাক’-এর নজির গড়ে সেই ‘দেখা’ আর বাস্তবতার মধ্যে ফারাক টেনে দিয়েছে সেভিয়া। শেষ বাঁশি বাজার পর ম্যাচের স্কোরলাইন যে ৩-৩!

৮৮ সেকেন্ডে রবার্তো ফিরমিনোর গোলে এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের দল। আসরটিতে এটা লিভারপুলের দ্বিতীয় দ্রুততম গোল। ২২ মিনিটে সাদিও মানেকে দিয়ে আরও একটি গোল করান ফিরমিনো এবং তার ৮ মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড। লিভারপুল-সমর্থকদের কাছে এ ম্যাচের প্রথমার্ধ স্মরণীয় হলে দ্বিতীয়ার্ধ অবশ্যই ভুলে যাওয়ার। যেটা কিনা আবার সেভিয়া-সমর্থকদের জন্য মনের মণিকোঠায় ঠাঁই করে নেওয়া ৪৫ মিনিট।

তবে দ্বিতীয়ার্ধের সেই ৪৫ মিনিটে সেভিয়া খেলোয়াড়দের ঘুরে দাঁড়ানোর নেপথ্যে রয়েছেন এদুয়ার্দো বেরিজ্জো। ইউরোপিয়ান সংবাদমাধ্যমের খবর, প্রথমার্ধে তিন গোল ব্যবধানে পিছিয়ে পড়ার পর ড্রেসিংরুমে গিয়ে শিষ্যদের বেরিজ্জো জানান, তিনি মূত্রথলির ক্যানসারে ভুগছেন! কোচের এই অসুস্থতার খবর সেভিয়া খেলোয়াড়দের জন্য কাজ করেছে টনিকের মতো। ‘কামব্যাক’-এর মিশনে মাঠে নামার পর প্রথম গোল তুলে নিতে তাঁদের সময় লেগেছে মাত্র ৬ মিনিট। এভার বানেগার ফ্রি কিক থেকে ৫১ মিনিটে গোল করেন ভিসাম বেন ইয়েদের। ৯ মিনিট পর পেনাল্টি থেকে স্কোরলাইন ৩-২ করেন এ ফরাসি। যোগ করা সময়ে বক্সে জটলার মধ্য থেকে চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোলটি তুলে নেন গুইদো পিজার, যা কিনা সেভিয়ার সমতাসূচক গোলও!

তিন গোল ব্যবধানে এগিয়ে থেকেও ড্র! হাতে করতালি ফুটলেও মুখে তাই হাসি ফোটেনি লিভারপুল খেলোয়াড়দের। ছবি: এএফপি
তিন গোল ব্যবধানে এগিয়ে থেকেও ড্র! হাতে করতালি ফুটলেও মুখে তাই হাসি ফোটেনি লিভারপুল খেলোয়াড়দের। ছবি: এএফপি

স্প্যানিশ ক্লাবটির খেলোয়াড়েরা তাঁদের প্রতিটি গোল উদ্‌যাপন করেছেন কোচকে উদ্দেশ্য করে। ম্যাচ শেষে সেভিয়ার আর্জেন্টাইন তারকা বানেগা বলেন, ‘ভক্ত এবং কোচের জন্য আমাদের লড়াকু মানসিকতা নিয়ে মাঠে নামতে হয়েছিল। সে (কোচ) আমাদের এভাবে খেলতে বাধ্য করেছে। দ্বিতীয়ার্ধে সে গোটা পরিস্থিতি পাল্টে ফেলেছে।’

প্রতিপক্ষ দলের কোচ তিন গোল ব্যবধানে পিছিয়ে থেকে স্কোরলাইন পাল্টে ফেললেও লিভারপুলের ভঙ্গুর রক্ষণভাগ কোনোভাবেই পাল্টাতে পারছেন না ইয়ুর্গেন ক্লপ। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে ২৮ গোল হজম করেছে লিভারপুল। এর মধ্যে চারবারই তারা ন্যূনতম ৩ গোল করে হজম করেছে!

ছয় গোলের রোমাঞ্চকর এ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করলেও ‘ই’ গ্রুপের শীর্ষে লিভারপুল। ৫ ম্যাচে তাঁদের সংগ্রহ ৯ পয়েন্ট। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সেভিয়া। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্পাতার্ক মস্কোর বিপক্ষে শেষ ম্যাচে না হারলেই শেষ ষোলো নিশ্চিত হবে লিভারপুলের। কিন্তু ইংলিশ ক্লাবটিকে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হতো না, যদি তারা ‘মিরাকল অব সেভিয়া’র মুখ না দেখত! সূত্র: বিবিসি, এএফপি।