'ঈদের কেনাকাটা' শুরু করল রিয়াল মাদ্রিদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়োভিচকে দলে টেনেছে রিয়াল। সংগৃহীত ছবি
ইয়োভিচকে দলে টেনেছে রিয়াল। সংগৃহীত ছবি

ইউরোপে ঈদ হচ্ছে আজ। চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল বুধবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে বাংলাদেশে। ঈদ কাল হোক বা না হোক, মানুষ ঈদের বাজার নিয়ে মহাব্যস্ত আজ। সেই স্রোতেই যেন গা ভাসাল রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুমের কেনাকাটা আজই শুরু করেছে স্প্যানিশ জায়ান্টরা।

রিয়াল মাদ্রিদ আজ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে দলের নতুন সদস্যের কথা জানিয়েছে আজ। ফ্রাঙ্কফুর্ট থেকে ৬০ মিলিয়ন ইউরো দিয়ে সার্বিয়ান স্ট্রাইকার লুকা ইয়োভিচকে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ। ছয় বছরের চুক্তিতে তাঁকে দলে টেনেছে জিনেদিন জিদানের দল।

২১ বছর বয়সী ইয়োভিচ গত মৌসুমে বেনফিকা থেকে ধারে ফ্রাঙ্কফুর্টে গিয়েছিলেন। প্রয়োজনের অতিরিক্ত মনে হওয়াতেই এ সিদ্ধান্ত নিয়েছিল পর্তুগিজ দলটি। সেই ইয়োভিচই ইউরোপকে চমকে দিয়েছেন এবার। বুন্দেসলিগায় ১৭ গোল করেছেন। ইউরোপা লিগে করেছেন ১০ গোল। এর মাঝে নিজের মূল দল বেনফিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল করেছিলেন। মৌসুম শেষ হওয়ার আগেই তাই পূর্ব নির্ধারিত ৬ মিলিয়ন ইউরোতে তাঁকে কিনে নিয়েছিল ফ্রাঙ্কফুর্ট।

রিয়াল অবশ্য এর আগ থেকেই ইয়োভিচকে দলে টানার কথা ভেবে রেখেছে। তাই জার্মান ক্লাব কিনে নেওয়ার পরই তাদের থেকে নিয়ে এসেছে এই ফরোয়ার্ডকে। করিম বেনজেমা ছাড়াও গোল করার জন্য ভরসা রাখা যায় এমন একজন ফরোয়ার্ড খুঁজছিলেন জিনেদিন জিদান। কোচের ইচ্ছা পূরণ করেছেন পেরেজ। রিয়াল পরিপূর্ণ নম্বর নাইন কখনোই পছন্দ করে না। ইয়োভিচও গোল করানোর সঙ্গে সঙ্গে করানোতেও পটু। এ মৌসুমে ৭ গোল করিয়েছেন সঙ্গীদের দিয়ে।

দল বদলের বাজারে জোর গুঞ্জন ইয়োভিচই শুধু নন, আজ আরও একজন খেলোয়াড়কে দলে আনার ঘোষণা দিতে যাচ্ছে রিয়াল। লিঁও থেকে লেফট ব্যাক ফারল্যান্ড মেন্ডিকেও নাকি আজই দলে নিয়ে নিয়ে আসতে যাচ্ছে রিয়াল। এই ২১ বছর বয়সীর জন্য ৫০ মিলিয়ন ইউরো খরচ করবে রিয়াল।