'এই অপবাদ সহ্য হচ্ছে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাফুফের তদন্ত কমিটির আনা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উড়িয়ে দিয়েছেন মামুনুল ইসলাম l ফাইল ছবি
বাফুফের তদন্ত কমিটির আনা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উড়িয়ে দিয়েছেন মামুনুল ইসলাম l ফাইল ছবি

কক্সবাজার থেকে ঘুরে এসেছেন কয়েক দিন আগে। স্ত্রীকে নিয়ে নিরিবিলি একটু স্বস্তির খোঁজে ছিলেন। কিন্তু সমুদ্রের হাওয়ায় ঘোরাঘুরি করেও মনটা খারাপই জাতীয় ফুটবল দলের সর্বশেষ অধিনায়ক মামুনুল ইসলামের।
নায়ক থেকে যে হঠাৎই তিনি ‘খলনায়ক’! কয়েকজন ফুটবলারের সঙ্গে মামুনুলকেও জাতীয় দল থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে সাফ ফুটবলে বাংলাদেশের ব্যর্থতা খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটি। সাবেক জাতীয় ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম এই কমিটির প্রধান, সঙ্গে আছেন আরেক সাবেক জাতীয় ফুটবলার ইলিয়াস হোসেন ও সংগঠক আজমল আহমেদ। তাঁরা তিনজনই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য। তদন্ত কমিটির প্রতিবেদনের পর ঘরোয়া ফুটবলে কয়েক বছর ধরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া মামুনুলের ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন দাঁড়ি পড়ার শঙ্কা।
তদন্ত কমিটির প্রধান শেখ মোহাম্মদ আসলামের কথায় তেমন আভাসই, ‘দলের ৬০-৭০ ভাগ খেলোয়াড়ই শৃঙ্খলা ভেঙেছে। যাদের মধ্যে মামুনুলও আছে।’ সাফ, বঙ্গবন্ধু গোল্ড কাপসহ বিভিন্ন টুর্নামেন্টের সময় ফুটবলারদের মদপান করার প্রমাণ পেয়েছে কমিটি। মাতাল অবস্থায় হোটেলে ফেরায় জাহিদকে দল থেকে বাদও দেওয়া হয়েছে। রাতভর ফেসবুকেও আসক্ত ছিলেন অনেকে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের আগের রাতে হোটেল রুমেই মদের আড্ডা বসিয়েছেন খেলোয়াড়েরা। পরদিন মাঠে ঠিকমতো দাঁড়াতেই পারেননি।
মামুনুল অবশ্য অভিযোগটা মানছেন না, ‘মদ দূরে থাক, আমি ধূমপানই করি না। জাহিদের ব্যাপারটা প্রমাণ হওয়ায় ওকে বাদ দেওয়া হয়েছে। প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে এমন অভিযোগ তোলা উচিত নয়।’ উল্টো তদন্ত কমিটিই তাঁর কাঠগড়ায়, ‘সবই ভিত্তিহীন অভিযোগ। আমার মূত্র নমুনার পরীক্ষা হয়েছে, সেটি পজিটিভ হয়নি। হোটেলের সিসি ক্যামেরা দেখলেও সব বোঝা যাবে।’
অধিনায়কের অনেক দায়িত্ব, কিন্তু তিনি নিজেই শৃঙ্খলা ভাঙলে আর কিছু থাকে না—বলেছেন আসলাম। মামুনুল এটাও মানতে নারাজ, ‘শৃঙ্খলা ভাঙার কথা বললে জোর প্রতিবাদ জানাব। আমি ফেরেশতা নই, কিছু ভুল আমারও হতে পারে। তবে আমি ৯৯ ভাগ শৃঙ্খলাবদ্ধ ছিলাম, এই দাবি অবশ্যই করব।’
মামুনুলের ফিটনেস নিয়েও তদন্ত কমিটি প্রশ্ন তুলেছে। এটা ঠিক, সাম্প্রতিক সময়ের মামুনুলকে ঠিক নিজের রূপে দেখা যাচ্ছে না। সময়টা তাঁর অনুকূলে নয়। এ ব্যাপারে মামুনুল বলছেন, ‘পারফরম্যান্স সবারই ওঠানামা করতে পারে। তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আক্রমণে বেশির ভাগ বলই ছিল আমার বাড়ানো। কাজেই আমি মোটেও খারাপ খেলিনি। ফিটনেসও ঠিক আছে।’
বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনালে ইনজেকশন নিয়ে খেলেছেন। সাফের ক্যাম্পে ফিটনেস টেস্টে ২৮ জনের মধ্যে হয়েছেন তৃতীয়। এটিকেও তিনি দেখাচ্ছেন ফিটনেসের প্রমাণ হিসেবে। অধিনায়কের বাহুবন্ধনী তাঁর হাতে বছর তিনেক ধরে। আগে কথা না উঠলেও এখন দলকে এগিয়ে নিতে না পারার ব্যর্থতার অভিযোগ তাঁর বিরুদ্ধে। যেটি খণ্ডন করেছেন মামুনুল, ‘আমি নিজের কাজটা ষোলো আনা করার চেষ্টা করেছি। খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেছি। কিন্তু ওদের রক্ত গরম না হলে দায় কি আমার?’
খেলোয়াড়েরা নাকি অনুশীলনে সিরিয়াস ছিলেন না। তদন্ত কমিটির প্রধানের এই পর্যবেক্ষণের সঙ্গে পুরোপুরিই দ্বিমত মামুনুলের, ‘উনি কি নিজে তা দেখেছেন?’ আসলাম মনে করেন, তদন্ত করার জন্য সবকিছু স্বচক্ষে দেখা জরুরি নয়। তাঁরা প্রত্যক্ষদর্শীদের ভাষ্য নিয়েছেন। খেলোয়াড়দের দেশপ্রেমের অভাব, তাঁদের মন দিয়ে না খেলার অভিযোগের ব্যাপারে মামুনুলের কথা, ‘দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়েই খেলেছি। তাই এই অপবাদ আমার সহ্য হচ্ছে না।’ তবে মাঠে অনেক খেলোয়াড়ের শরীরী ভাষা ও খেলার ধরন দেখে প্রশ্ন ওঠে বৈকি। আফগানিস্তানের কাছে চার গোল, মালদ্বীপের কাছে তিন গোলে হারই বলে, খেলোয়াড়েরা জানপ্রাণ দিয়ে খেলেননি।
তদন্ত কমিটির সদস্য বঙ্গবন্ধু গোল্ড কাপের দলনেতা আজমল আহমেদ সেমিফাইনালের আগের দিন এই প্রতিবেদককে বলেছিলেন, খেলোয়াড়দের মধ্যে যা একটু চেষ্টা, তা তিনি মামুনুলের মধ্যেই দেখেছেন। অথচ তাঁর প্রতিবেদনেও মামুনুলকে বাদ দেওয়ার সুপারিশ এসেছে! এর ব্যাখ্যায় আজমল বলছেন, ‘এমন কিছু নিশ্চয়ই আছে, যে কারণে বাদ দেওয়ার কথা এসেছে।’
এসব শুনে ক্ষোভে ফেটে পড়েন মামুনুল। ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘দেশের জন্য খেলে মুক্তিযোদ্ধা হওয়ার বদলে আমি হয়ে যাচ্ছি রাজাকার!’ তারপর প্রশ্ন তোলেন, ‘ম্যানেজমেন্টের কোনো দায় নেই? তাদের একজনের মদ খেয়ে রুমের সামনে মাতলামি করার কাহিনিও তো আমি জানি।’ তদন্ত কমিটির বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘শেখ জামাল ছাড়ার কারণেই আমাকে শাস্তি দেওয়ার এই সুপারিশ। আসলাম ভাই শেখ জামালের ফুটবল কমিটির সদস্য। আর কিছু বলার দরকার নেই।’ তবে শেখ আসলাম এই অভিযোগ উড়িয়ে দিলেন, ‘দেশের ফুটবলের জন্য আমরা যা ভালো মনে করেছি, তা-ই বলেছি।’
তদন্ত কমিটির সদস্য ইলিয়াস হোসেন ও আজমল আহমেদের ওপরও অনেক ক্ষোভ মামুনুলের, ‘ওনারা স্বচ্ছ মানুষ নন।’ সাফ ফুটবলে ব্যর্থতার পর অধিনায়কত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন মামুনুল। বঙ্গবন্ধু গোল্ড কাপে এই কর্মকর্তারাই বাফুফের পরামর্শে মামুনুলের মত পরিবর্তন করান। এখন তাঁদেরই কাঠগড়ায় অধিনায়ক! এর একটা কারণও খুঁজে পাচ্ছেন মামুনুল, ‘ওনারা নিজেদের চেয়ার বাঁচানোর জন্য ওই রিপোর্ট দিয়েছেন।’
জাতীয় দল কমিটি আগামী সপ্তাহে সভায় বসে ঠিক করবে ‘কাঠগড়ায়’ দাঁড়ানো খেলোয়াড়দের ভবিষ্যৎ। তার আগে অবশ্য শোনা হতে পারে অভিযুক্তদের কথা। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বক্তব্যেই আছে সে আভাস, ‘জাতীয় দল কমিটির সুপারিশ পাওয়ার পর ফেডারেশনের নির্বাহী কমিটি এ নিয়ে আলোচনায় বসবে। ফেডারেশনের ২১ জন সদস্যের মতামত সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে আমরা অবশ্যই খেলোয়াড়দের কথা শুনব। কিছু না শুনেই তাদের শাস্তি দিয়ে দেব, সেটা হবে না।’
কী হবে ফেডারেশনের সেই সভায়? শেষ পর্যন্ত কি জাতীয় দলে অচ্ছুতই ঘোষণা করা হবে মামুনুলকে! সেটা হলেও মামুনুল নিশ্চিত, ঘরোয়া ফুটবলে পারফর্ম করে আবারও গায়ে তুলতে পারবেন লাল-সবুজ জার্সি।