>শোকে স্তব্ধ ফুটবল অঙ্গন। সাবেক, বর্তমান ফুটবলাররা তো বটেই ভুটানের কাছে বাংলাদেশের হারে হতবাক সারা দেশের ক্রীড়াপ্রেমীরা। এশিয়ান কাপের বাছাইয়ের প্লে-অফে ভুটানের কাছে হারটা মানতে পারছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদও
* ভুটানের কাছে বাংলাদেশের হারটা কীভাবে দেখছেন?
আলফাজ আহমেদ: খুব খারাপ লাগছে। গত রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি। এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমরা ভুটানের কাছে হেরেছি! এই দুঃখ কোথায় রাখি!
* আপনাদের সময়ের সঙ্গে তুলনা করতে বললে এই ভুটানকে কোন জায়গায় রাখবেন?

আলফাজ: আমরা শুধু ভারতকে গোনায় ধরতাম। ভুটান পাত্তাই পেত না। তবে সেই দিন আর নেই। আমি আগেই অনুমান করেছিলাম, এমন কিছু ঘটতে পারে। ওরা টার্ফে খেলে অভ্যস্ত। আমরা সেখানে খেলতেই পারিনি। সত্যি বলতে বাংলাদেশ পিছিয়ে গেছে অনেক। কিন্তু ভুটান, মালদ্বীপের মতো দলগুলো অনেক এগিয়েছে। ভুটান দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছে। নতুন খেলোয়াড় তৈরির আশায় একাডেমি করে এখন ফল পাচ্ছে দলটি।
* বাংলাদেশের প্রস্তুতিতে ঘাটতি ছিল কোথায়?
আলফাজ: আসলে বাফুফের কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই। কোচ দল গড়তে সময় পান না। ঘন ঘন কোচ-বদল মোটেও ঠিক নয়। আমরা সাফ গেমস ও সাফে চ্যাম্পিয়ন হয়েছিলাম সামির শাকির দুই বছর এবং জর্জ কোটান আড়াই বছর কোচ থাকার ফসল হিসেবে। একজন কোচকে দীর্ঘ মেয়াদে সময় দিতেই হবে।
* তাহলে কি কোচ টম সেন্টফিটকে রেখে দেওয়া উচিত?
আলফাজ: রেখে দিলেই ভালো হবে। নইলে বারবার ভাঙাচোরা দল নিয়ে ম্যাচ খেলতে হবে। গত সাফ ও বঙ্গবন্ধু কাপের কম ফুটবলারই এই দলে রয়েছে। এভাবে ফুটবলার বদল হলে বোঝাপড়া বলে কিছু থাকে না। একেক কোচ একেক ছকে খেলান। ডি ক্রুইফ একভাবে খেলিয়েছেন তো সেন্টফিট আরেকভাবে।
* নতুন ফুটবলারও তো সেভাবে উঠে আসছে না।
আলফাজ: এটা জাতীয় দলের বিপর্যয়ের অন্যতম বড় কারণ। অনূর্ধ্ব-১৪ বিমান কাপ, জেএফএ কাপ, শেরেবাংলা কাপ, সোহরাওয়ার্দী কাপ কিছুই হচ্ছে না। দশ বছর ধরে এগুলো বন্ধ। নতুন ফুটবলার কোথা থেকে আসবে?
* বাংলাদেশের অন্যতম বড় সমস্যা স্ট্রাইকার-সংকট। এর পেছনের কারণ কী?
আলফাজ: বিদেশিদের কারণে দেশি খেলোয়াড়েরা সুযোগ পায় না লিগে। কেউ এখন স্ট্রাইকার পজিশনে খেলতেই চায় না। অনেকে আমার কাছে এসে বলে, ‘স্ট্রাইকার পজিশনে খেলে লাভ নেই। আমাকে তো কেউ নেবে না। বড় দলগুলো নিলেও বসিয়ে রাখে।’ দশ বছর ধরে আমরা পিছিয়ে গেছি এই জায়গায়।
* ফুটবলারদের দায়বদ্ধতা নিয়েও তো প্রশ্ন উঠেছে।
আলফাজ: এই প্রজন্মের ফুটবলাররা ফেসবুকিংয়ে আসক্ত। আমরা খেলে যে টাকা পেতাম, ওরা না খেলেও এর চেয়েও বেশি পাচ্ছে। অল্প খেলে বেশি টাকা পাচ্ছে বলেই দলের এই দুরবস্থা।
* এই দুরবস্থা থেকে বের হওয়ার উপায় কী?
আলফাজ: প্রিমিয়ার লিগে বিদেশি খেলোয়াড় নিষিদ্ধ করা উচিত। যত দিন আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারব না তত দিন এটা বহাল থাকা উচিত। তাহলে যদি ফুটবলে সুদিন ফেরে।