'এই বিদায় ফুটবল খেলে নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

৫৩ বছর পর ইকুয়েডরের সঙ্গে ড্র, ২৯ বছর পর গ্রুপ পর্ব থেকে বাদ...। ব্রাজিলের ফুটবল মানেই রেকর্ড—কীর্তিতে, অর্জনে। বিশ্বকাপের রংই তো হলুদ, রেকর্ডের পাতায় পাতায় যে ছড়ানো ব্রাজিলের নাম। অথচ এবারের কোপায় ব্রাজিলের নামের পাশে এই দুটি পরিসংখ্যান। কোন পথে চলছে এই ব্রাজিল, দুঙ্গার ব্রাজিল!
ব্রাজিল সমর্থকেরা এই দলটা ‘ব্রাজিল’ বলতেও কুণ্ঠিত। তাঁরা বলেন ‘দুঙ্গার ব্রাজিল’। পেরুর কাছে পরাজয়ে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের ভূমিকা আছে ঠিকই, কিন্তু কেন পেরুর গোলমুখ একবারও খুলতে পারবে না দল? পুঁচকে হাইতির জালে ৭ গোলও তাই আড়াল করতে পারছে না গ্রুপ পর্বের তিন ম্যাচের দুটিতেই ব্রাজিলের ব্যর্থতা। ক্ষোভে যেন ফুঁসছেন ব্রাজিল সমর্থকেরা। অলিম্পিক ফুটবলের সোনা এনে দিতে পারলে সেই ক্ষোভ হয়তো কমবে। কিন্তু অলিম্পিক ফুটবল পর্যন্ত ব্রাজিল কোচের পদে থাকতে পারবেন তো দুঙ্গা?
টানা দ্বিতীয় বছর কোপা আমেরিকায় ব্যর্থ, দল খুঁড়িয়ে শুরু করেছে বিশ্বকাপ বাছাইপর্বেও। দুঙ্গা কি চাকরি হারানোর ভয় পাচ্ছেন? ব্রাজিল কোচের উত্তর, ‘আমি শুধু মৃত্যুর ভয় পাই, চাকরি হারানোর নয়। প্রেসিডেন্ট (ব্রাজিল ফুটবল সংস্থার) জানেন আমরা কী করছি, কীভাবে করছি। ব্রাজিলের কোচ হওয়া মানেই নিত্য সমালোচনার সঙ্গী হওয়া। এটা জেনেই আমরা কাজ করছি। ব্রাজিল দলের হয়ে কাজ করার সময় প্রত্যাশিত ফল এনে দিতে না পারলে চাপের পাহাড় মাথায় চেপে বসবে, এটা আমরা জানিই। কিন্তু মূল ব্যাপারটা হলো, আমরা জানি আমরা কী করছি।’
রেফারির ওপরই এই পরাজয়ের পুরো দায় চাপিয়েছেন দুঙ্গা, ‘কী হয়েছে তা সবাই দেখেছে। সেটা বদলানোর ক্ষমতা আমাদের হাতে নেই। ভুলটা যদি ঠিকই না করা হবে তাহলে রেফারি আর সহকারী রেফারিরা চার মিনিট ধরে কথা বললেন কেন? ব্রাজিল বিদায় নিয়েছে, কিন্তু এই বিদায় ফুটবল খেলে নয়।’
ব্রাজিলের বিদায় অন্যায়ভাবে হয়েছে—এই যুক্তিও তো আড়াল করতে পারছে না দুঙ্গার বিরক্তিকর ফুটবল-দর্শন। ব্রাজিলের খেলার খোলনলচেই যে বদলে দিয়েছেন তিনি! এখানেও যুক্তি আছে দুঙ্গার। ব্রাজিল দলটা আগের মতো শক্তিশালী নয়। দলে প্রতিভার ছড়াছড়ি নেই। দুঙ্গার বক্তব্য, ব্রাজিল যে রূপান্তরের সময় পার করছে, তাতে ধৈর্য ধরতেই হবে, ‘ফুটবল পুনর্গঠন করতে জার্মানি যে ১৪ বছর ধরে কাজ করল, এটা নিয়ে আমরা কত হাততালি দিই। আর ব্রাজিলে সবাই চায় দুই মিনিটের মধ্যে সবকিছু সহজে বদলে যাবে। ফুটবলে আপনাকে ধৈর্য ধরতেই হবে, যা করতে চাইছেন তা নিয়ে অবিচল ও আস্থাশীল হতে হবে।’
নিজের মধ্যে দুঙ্গা সমস্যা দেখেন না। সমস্যা দেখেন সমর্থকদের ধৈর্যহীনতায়, ‘সাফল্য না পেলে সমর্থকেরা ধৈর্য হারায়। ১৯৭০ পর্যন্ত ব্রাজিল অনেক কিছু জিতেছিল। এরপর ১৯৯৪ থেকে ২০০২ পর্যন্তও আমরা অনেক সাফল্য পেয়েছি। ব্রাজিলিয়ানরা তাই জিতে অভ্যস্ত। কিন্তু আমরা এখন একটা রূপান্তরের সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরতেই হবে। জার্মানির সেই ধৈর্যটা ছিল। কিন্তু ব্রাজিলিয়ানদের ধৈর্য নেই। আমরা তাৎক্ষণিক সমাধান চাই। কিন্তু সমাধান তখনই আসে, যখন আপনি দীর্ঘ সময় ধরে একই চেষ্টা করে যাবেন।’ সূত্র: রয়টার্স।
আজকের খেলা
মেক্সিকো-ভেনেজুয়েলা
উরুগুয়ে-জ্যামাইকা
আগামীকালের খেলা
চিলি-পানামা
আর্জেন্টিনা-বলিভিয়া