'একজন ভালো সাংবাদিক হতে কত সময় লাগে?'

>
- বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ব্রিটিশ জেসন ব্রাউনকে।
- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে ব্রাউনের চুক্তি তিন মাসের।
- ব্রাউন ওয়েলস জাতীয় দলের গোলরক্ষক ছিলেন।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের চেয়ারটা যেন মিউজিক্যাল। কে বসে, কে ওঠে, তা বোঝা বেশ কঠিন। যে কোচ দায়িত্বে থাকেন, তিনি দলটা তৈরি করারও পর্যাপ্ত সময় পান না। অনেক সময় চুক্তি শেষের আগেই বিদায় নিতে হয় কোচকে। অবাস্তব মেয়াদেও নিয়োগ পান অনেকে। ২০১৬ সালের শেষ দিকে মাত্র তিন মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল বেলজিয়ান কোচ টম সেন্টফিটকে। এই তিন মাসে মালদ্বীপের সঙ্গে একটি প্রীতি ম্যাচে বড় হার আর সেই কুখ্যাত ‘ভুটান-বিপর্যয়’ সঙ্গী হয়েছিল তাঁর।
বর্তমান অস্ট্রেলীয় কোচ অ্যান্ড্রু ওর্ডের কোচিং সহযোগী হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিটিশ গোলরক্ষক কোচ জেসন ব্রাউন। ওয়েলস জাতীয় দলে খেলা এই গোলরক্ষক কোচের সঙ্গে চুক্তি আপাতত তিন মাসের। প্রশ্ন হচ্ছে, এই তিন মাসে ব্রাউন জাতীয় দলের গোলরক্ষকদের মান বাড়াতে কতটা কী করতে পারবেন?
মঙ্গলবার সংবাদ সম্মেলনে ব্রাউনের দিকে এই প্রশ্নটাই ছুটে গিয়েছিল। তিন মাসে কতটা কী করতে পারবেন তিনি? এই সময়ে কি গোলরক্ষকদের পারফরম্যান্সে উন্নতি আসবে?
আর্সেনাল যুব ও নারী দলের হয়ে কাজ করা ব্রাউন এমন প্রশ্নের উত্তর দিলেন কিছুটা রসিকতার ছলেই, ‘একজন ভালো সাংবাদিক হতে কত সময় লাগে? বোঝাই যাচ্ছে, এত অল্প সময়ে যে ভালো কিছু আশা করা যায় না, সেদিকেই ইঙ্গিত করেছেন তিনি। তবে এরপরই বলেছেন, ‘আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি শুনেছি বাংলাদেশের গোলরক্ষকদের সমস্যা কোথায়। মনে রাখতে হবে, বিশ্বের সেরা গোলরক্ষকেরাও ভুল করেন। তবে সেই ভুলগুলো যতটা সম্ভব কমিয়ে নিয়ে আসাই আমার কাজ।’
ব্রাউনের জন্ম ইংল্যান্ডে, কিন্তু দাদি ওয়েলসের নাগরিক হওয়ার কারণে ওয়েলসের হয়ে খেলার সুযোগ পান তিনি। খেলোয়াড়ি জীবন খুব দীর্ঘ নয় ৩৫ বছর বয়সী এই গোলরক্ষক-কোচের। খেলোয়াড় হিসেবে খেলেছেন ব্ল্যাকবার্ন রোভার্স, লিডস ইউনাইটেড, চার্লটন অ্যাথলেটিক ও গিলিংহামের হয়ে। ওয়েলস জাতীয় দলের হয়ে খেলেছেন তিনটি আন্তর্জাতিক ম্যাচ। ওয়েলসের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন সাতটি ম্যাচ। ২১ মার্চ তিনি বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন।
আগামীকালই কাতারের উদ্দেশে রওনা হবে জাতীয় ফুটবল দল। সেখানে চলবে অনুশীলন ক্যাম্প। ২৪ জন খেলোয়াড় থাকছেন দলে। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে কাতারে যাচ্ছেন না জাহিদ হোসেন, পাশবন মোল্লা, জুয়েল রানা, ইয়াসিন খান, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, তকলিচ আহমেদ, মতিন মিয়া। প্রথম তিনজন চোটের জন্য ক্যাম্পেই যোগ দেননি। ক্যাম্পে যোগ দিয়েও অসুস্থতার কারণে বাদ পড়েছেন মতিন মিয়া, পাশবন মোল্লা ও হেমন্ত। পারফরম্যান্স ভালো না থাকায় বাদ পড়েছেন মিতুল হোসেন, মোহাম্মদ আবু জাহেদ, জাবেদ খান, ফজলে রাব্বি, তকলিচ ও আরিফ।
কাতারে দুই সপ্তাহের সফরে অনুশীলন ক্যাম্পের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে জাতীয় দল। ১৪ মার্চ ফিরে এসে ১৯ মার্চ দল যাবে থাইল্যান্ডে। সেখানে এক সপ্তাহ অনুশীলনের পাশাপাশি খেলবে দুটি ম্যাচ। এরপর লাওসে দল যাবে ২৫ মার্চ। ২৭ মার্চ লাওসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ওর্ডের দল। ২০১৬ সালের ১০ অক্টোবর ভুটানের কাছে হারের পর এটাই হবে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।